• ই-পেপার

তীব্র দাবদাহে পুড়ছে উপকূলীয় অঞ্চল, চরম দুর্ভোগে জনজীবন

বগুড়ায় বজ্রাঘাতে প্রাণ গেল কিশোরের, মা আহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় বজ্রাঘাতে প্রাণ গেল কিশোরের, মা আহত
রাব্বি হোসেন। সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘিতে বজ্রাঘাতে রাব্বি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মনিকা বেগম গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার তেঁতুলিয়া গ্রামের একটি মরিচক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি হোসেন ওই গ্রামের আফাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে রাব্বি হোসেন তার মা মনিকা বেগমসহ কয়েকজনের সঙ্গে মরিচক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে আঘাতে ঘটনাস্থলেই মারা যায় রাব্বি এবং তার মা আহত হন। পরে স্থানীয়রা মনিকা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ১

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

নরসিংদীর মাধবদীতে কর্মস্থল থেকে ফেরার পথে এক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ এবং পরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মাহবুব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলাণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবার। পরে ওইদিন রাতেই দুজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা।

অভিযুক্তরা হলেন মেহেরপাড়া এলাকার পৌলাণপুর গ্রামের মৃত মোতালেব মেম্বারের ছেলে মোশাররফ হোসেন (৩০) এবং আব্দুল কাদিরের ছেলে মাহবুব।

ভুক্তভোগী জানান, বুধবার রাতে চৈতাব এলাকার একটি টেক্সটাইল মিল থেকে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোশাররফ ও মাহবুব তাকে জোরপূর্বক মাহবুবের পৌলাণপুরের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে ধর্ষণ করা হয় এবং ঘটনাটি ভিডিও ধারণ করে কাউকে জানালে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ ছাড়া ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে দুই হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর তারা হুমকির মুখে বাধ্য হয়ে টাকা প্রদান করেন এবং পরে বিষয়টি থানায় জানান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে পৌলাণপুর গ্রামের মোশাররফ ও মাহবুবের নাম উল্লেখ করে মাধবদী থানায় অভিযোগ করেছেন।

তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত মাহবুবকে গ্রেপ্তার করেছে। অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক আসমা শাহীন

মাল্টিমিডিয়া রিপোর্টার, নাটোর
রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক আসমা শাহীন
সংগৃহীত ছবি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫-এ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মনোনীত করা হয়। 

বৃহস্পতিবার (৪ জুন) বাছাই কমিটি রাজশাহী বিভাগের সভাপতি বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ ও সদস্যসচিব প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন
দক্ষিণ চীন সাগরে রহস্যময় কাঠামো মুহূর্তেই উধাও!

দক্ষিণ চীন সাগরে রহস্যময় কাঠামো মুহূর্তেই উধাও!

 

আসমা শাহীন শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে তার সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এই অর্জন তিনি নাটোর জেলার জনসাধারণের জন্য উৎসর্গ করেছেন।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ‘জেলার সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার জন্য এই অর্জন সম্ভব হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের সদস্য আসমা শাহীন ২০২৪ সালের ৩ নভেম্বর নাটোরের জেলা প্রশাসক হিসেবে নাটোরে যোগদান করে জেলার বিভিন্ন উন্নয়নে অবদান রাখেন।

ফরিদপুরে বাবার সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে আহত

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বাবার সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে আহত
ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরের নগরকান্দায় বাবার সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় মলয় কান্তি বিশ্বাস নিশান (২৬) নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)  শিক্ষার্থীকে পথরোধ করে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থী বৃহস্পতিবার বিকেলে নগরকান্দায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। 

স্থানীয়দের দাবি, সামান্য বিরোধের জেরে প্রকাশ্যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আহত শিক্ষার্থী নিশান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থী। তিনি নগরকান্দা পৌরসভার মধ্যজগদিয়া এলাকার বাসিন্দা ও সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা নলিনী কান্তি বিশ্বাসের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মে এলাকার এক প্রতিবেশীর তালগাছ থেকে তাল পাড়াকে কেন্দ্র করে নলিনী কান্তি বিশ্বাসের সঙ্গে নগরকান্দা পৌরসভার জুঙ্গুরদী এলাকার বাসিন্দা আরমান হোসেনের বাগবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, এ সময় নলিনী কান্তিকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। বিষয়টি দেখে ছেলে মলয় প্রতিবাদ করলে আরমান তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

অভিযোগ অনুযায়ী, গত বুধবার সন্ধ্যায় মলয় কান্তি দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বের হলে বাড়ির সামনের সড়কে একটি হাইয়েস মাইক্রোবাস দিয়ে তার পথরোধ করা হয়। পরে আরমান ও তার সহযোগীরা তাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তার সঙ্গে থাকা বন্ধু বিকাশ পালও হামলার শিকার হন।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত মলয়ের মাথায় গুরুতর আঘাতের কারণে তিনটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিলেও তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

আহত মলয় কান্তি বিশ্বাস বলেন, ‘বাবার সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করেছিলাম। সেই ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে আমার পথরোধ করে হামলা করা হয়েছে।’

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসমিমা আক্তার বলেন, ‘রোগীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় আঘাতজনিত ক্ষতস্থানে তিনটি সেলাই দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরমান হোসেন বলেন, ‘আপনি আমার সামনে এসে বক্তব্য নিয়ে যান।’

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ বলেন, ‘ভুক্তভোগী মৌখিক অভিযোগ দিয়েছেন। পরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এ ঘটনার ছবি ও ভিডিও চিত্র যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’