• ই-পেপার

কতটা ও কিভাবে মাখা উচিত সানস্ক্রিন?

হিটস্ট্রোক কেন এত বিপজ্জনক? এর আগে শরীর যেসব সংকেত দেয়

জীবনযাপন ডেস্ক
হিটস্ট্রোক কেন এত বিপজ্জনক? এর আগে শরীর যেসব সংকেত দেয়
সংগৃহীত ছবি

গ্রীষ্মের দুপুর গড়াতেই আগুনের মতো হাওয়ায় পুড়িয়ে দিচ্ছে ত্বক। এই অতিরিক্ত গরম শরীরের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদি নানা রোগে আক্রান্তদের ক্ষেত্রে ঝুঁকি আরো বেশি।

এমন প্রচণ্ড গরমে শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাহত হলে দেখা দিতে পারে ‘হিট অ্যাক্সেশন’ বা তাপজনিত ক্লান্তি। সময়মতো ব্যবস্থা না নিলে এটি রূপ নিতে পারে ‘হিটস্ট্রোকে’।

হিটস্ট্রোকের আগে শরীর কোন কোন সংকেতগুলো দেয় তা বিবিসির প্রতিবেদনে তুলে ধরা হয়।

444

হিট অ্যাক্সেশন কী?

অতিরিক্ত গরমে শরীর যখন নিজেকে ঠাণ্ডা রাখতে হিমশিম খায়, তখন হিট অ্যাক্সেশন দেখা দেয়। এটি মূলত শরীরের একটি সতর্কতাসংকেত, যা জানিয়ে দেয় যে দ্রুত ঠাণ্ডা পরিবেশে যেতে হবে।

হিট অ্যাক্সেশন যে কারো হতে পারে। এমনকি সম্পূর্ণ সুস্থ ও কর্মক্ষম মানুষেরও হতে পারে। এটি কয়েক মিনিটের মধ্যেও হতে পারে, আবার ধীরে ধীরে কয়েক ঘণ্টা ধরে তৈরি হতে পারে।

এ অবস্থায় আক্রান্ত ব্যক্তি অতিরিক্ত ঘামতে পারেন, প্রচণ্ড গরম অনুভব করতে পারেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এ ছাড়া মাথা ব্যথা, মাথা ঘোরা, বিভ্রান্তি, বমি বমি ভাব, দ্রুত শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং অতিরিক্ত তৃষ্ণাও দেখা দিতে পারে। 

যেসব লক্ষণ দেখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে

  • শরীর খুব গরম লাগলেও ঘাম না হলে
  • শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে
  • দ্রুত শ্বাস-প্রশ্বাস বা শ্বাসকষ্ট শুরু হলে
  • বিভ্রান্ত আচরণ করতে থাকলে
  • খিঁচুনি হলে
  • অজ্ঞান হয়ে গেলে
  • কোনো সাড়া না দিলে

হিটস্ট্রোক কী?

হিট অ্যাক্সেশন সময়মতো নিয়ন্ত্রণ না করা গেলে শরীরের তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়ে হিটস্ট্রোক হতে পারে। এর অর্থ হলো শরীর আর তাপ নিয়ন্ত্রণ করতে পারছে না এবং শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে। এ অবস্থায় দ্রুত চিকিৎসা সহায়তা নিতে হবে। 

হিট অ্যাক্সেশন ও হিটস্ট্রোকের মধ্যে পার্থক্য কী?

হিট অ্যাক্সেশন সাধারণত গুরুতর নয়, যদি দ্রুত শরীর ঠাণ্ডা করা যায়। তবে হিটস্ট্রোক একটি জরুরি অবস্থা। ফলে অবিলম্বে এর চিকিৎসা প্রয়োজন হয়।

www

হিটস্ট্রোক কেন এত বিপজ্জনক?

হিটস্ট্রোক যেহেতু একটি জরুরি অবস্থা। এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। কারণ চিকিৎসায় দেরি হলেই মস্তিষ্ক, হৃদযন্ত্র, কিডনি ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে এর লক্ষণগুলো সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন।

হিটস্ট্রোকের লক্ষণগুলোর মধ্যে রয়েছে—ঠাণ্ডা জায়গায় বিশ্রাম নেওয়ার পরও সুস্থ না হওয়া, শরীর খুব গরম লাগলেও ঘাম না হওয়া, শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হওয়া, দ্রুত শ্বাস-প্রশ্বাস, বিভ্রান্ত আচরণ, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া কিংবা কোনো সাড়া না দেওয়া।

কারা বেশি ঝুঁকিতে?

বাংলাদেশের আবহাওয়ায় রিকশাচালক, নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক, ট্রাফিক পুলিশসহ যারা দীর্ঘ সময় খোলা আকাশের নিচে কাজ করেন, তারা বেশি ঝুঁকিতে থাকেন। 

এ ছাড়া বয়স্ক ব্যক্তি, হৃদরোগী, ডায়াবেটিস রোগী এবং উচ্চ রক্তচাপের রোগীদেরও সতর্ক থাকতে হয়। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা।

5555

শিশুরা কেন বেশি ঝুঁকিতে?

শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো একটু ভিন্ন হতে পারে। এছাড়া শিশুরা কেমন অনুভব করছে সেটা বোঝাতেও পারে না। ফলে তারা বেশি ঝুঁকিতে। এ ক্ষেত্রে কিছু লক্ষণ দেখে বুঝতে হবে তারা কেমন অনুভব করছে। 

  • অস্বাভাবিকভাবে ঘুমঘুম ভাব দেখাতে পারে
  • দুর্বল হয়ে পড়তে পারে কিংবা স্বাভাবিকের তুলনায় কম সক্রিয় হয়ে যেতে পারে।

আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিক সহায়তা দেবেন যেভাবে

কাউকে হিট অ্যাক্সেশনে আক্রান্ত মনে হলে প্রথমেই তাকে রোদ বা উষ্ণ পরিবেশ থেকে সরিয়ে ঠাণ্ডা ও ছায়াযুক্ত স্থানে নিতে হবে। সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রাখা ভালো।

শরীরের অপ্রয়োজনীয় বা আঁটসাঁট পোশাক খুলে দিতে হবে, যাতে তাপ সহজে বের হতে পারে। ঠান্ডা পানিতে ভেজানো কাপড়, স্পঞ্জ বা তোয়ালে দিয়ে শরীর মুছে দিতে হবে। ঘাড়, বগল ও কুঁচকির মতো স্থানে বরফ বা ঠাণ্ডা সেঁক দিলে দ্রুত উপকার পাওয়া যায়।

শরীর ভেজা অবস্থায় হাতপাখা বা বৈদ্যুতিক ফ্যান দিয়ে বাতাস করলে পানি দ্রুত বাষ্পীভূত হয়ে শরীর ঠাণ্ডা হতে সাহায্য করে। একই সঙ্গে পর্যাপ্ত পানি বা খাবার স্যালাইন পান করতে দিতে হবে।

সাধারণত ৩০ মিনিটের মধ্যে অবস্থার উন্নতি হওয়ার কথা। যদি উন্নতি না হয়, অথবা হিটস্ট্রোকের কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত হাসপাতালে নিতে হবে। এ জন্য ৯৯৯ নম্বরে কল করে জরুরি সেবা নিতে পারেন।
444

গরমে নিরাপদ থাকার উপায়

তাপপ্রবাহের সময় অপ্রয়োজনে দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে না যাওয়াই ভালো। বাইরে গেলে ছাতা, টুপি বা হালকা রঙের ঢিলেঢালা পোশাক ব্যবহার করা উচিত। পর্যাপ্ত পানি পান করতে হবে, তৃষ্ণা লাগার অপেক্ষা না করে নিয়মিত পানি খাওয়া জরুরি। অতিরিক্ত চা, কফি বা অ্যালকোহল শরীরকে পানিশূন্য করতে পারে, তাই এগুলো সীমিত রাখা ভালো।

গরমের এই সময়ে সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারে। তাই হিট অ্যাক্সেশন ও হিটস্ট্রোকের লক্ষণ সম্পর্কে সচেতন থাকা এবং দ্রুত ব্যবস্থা নেওয়াই হতে পারে জীবন রক্ষার সবচেয়ে কার্যকর উপায়।

রাতে ঘুম আসছে না? ভালো ঘুমের জন্য মানতে পারেন কিছু সহজ অভ্যাস

অনলাইন ডেস্ক
রাতে ঘুম আসছে না? ভালো ঘুমের জন্য মানতে পারেন কিছু সহজ অভ্যাস
ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা

রাতে বিছানায় যাওয়ার পরও দীর্ঘ সময় ঘুম না আসা, মাঝরাতে বারবার ঘুম ভেঙে যাওয়া বা সকালে ঘুম থেকে উঠেও ক্লান্ত লাগা—এ ধরনের সমস্যায় ভুগছে অনেক মানুষ। বিশেষজ্ঞদের মতে, অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত স্ক্রিন ব্যবহার, মানসিক চাপ এবং খাবার-ঘুমের অনিয়মের কারণে ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যাচ্ছে। তবে দৈনন্দিন কিছু অভ্যাস বদলালে ঘুমের মান অনেকটাই উন্নত হতে পারে।

রাতের খাবার আগে শেষ করুন
বিশেষজ্ঞরা বলছেন, ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নেওয়া উচিত। দেরিতে খেলে শরীরকে ঘুমের সময়ও খাবার হজমের কাজ চালিয়ে যেতে হয়, যা গভীর ঘুমে বাধা সৃষ্টি করতে পারে।

শোবার ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখুন
অতিরিক্ত গরম বা ঠাণ্ডা পরিবেশ ঘুমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ঘুমের সময় শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কমে আসে। তাই আরামদায়ক ও শীতল পরিবেশ ভালো ঘুমে সহায়তা করে।

সকালে সূর্যের আলোতে সময় কাটান
সকালের প্রাকৃতিক আলো শরীরের জৈব ঘড়ি বা সার্কাডিয়ান রিদম ঠিক রাখতে সাহায্য করে। এর ফলে রাতে নির্দিষ্ট সময়ে ঘুম আসা সহজ হয়।

ঘুম না এলে বিছানায় পড়ে থাকবেন না
দীর্ঘ সময় জেগে বিছানায় শুয়ে থাকলে মস্তিষ্ক বিছানাকে ঘুমের জায়গার বদলে জেগে থাকার জায়গা হিসেবে চিনতে শুরু করতে পারে। তাই ঘুম না এলে কিছুক্ষণ উঠে শান্ত কোনো কাজ করে পরে আবার বিছানায় ফিরে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

ঘুমের আগে কুসুম গরম পানিতে গোসল করুন
শোয়ার প্রায় এক ঘণ্টা আগে হালকা গরম পানিতে গোসল করলে শরীর ধীরে ধীরে ঠাণ্ডা হতে শুরু করে। এই পরিবর্তন মস্তিষ্ককে ঘুমের প্রস্তুতির সংকেত দেয়।

উজ্জ্বল আলো কমিয়ে দিন
রাতের দিকে ঘরের তীব্র আলো কমিয়ে দেওয়া ভালো। কারণ উজ্জ্বল আলো মেলাটোনিন হরমোনের উৎপাদন কমিয়ে দেয়, যা ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরের দিনের কাজ লিখে রাখুন
অনেকেরই ঘুমানোর সময় নানা চিন্তা মাথায় ঘুরতে থাকে। তাই পরদিনের করণীয় বা অসমাপ্ত কাজের তালিকা আগে থেকে লিখে রাখলে মানসিক চাপ কমে এবং ঘুম সহজে আসে।

ফোন দূরে রাখুন
বিছানার পাশে মোবাইল থাকলে বারবার স্ক্রিন দেখার প্রবণতা তৈরি হয়। ফোনের নীল আলো এবং বিভিন্ন নোটিফিকেশন ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। তাই ঘুমের সময় ফোন দূরে রাখা ভালো।

প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠুন
বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার চেয়ে প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস বেশি গুরুত্বপূর্ণ। এমনকি ছুটির দিনেও এই নিয়ম বজায় রাখলে শরীরের ঘুমের ছন্দ ধীরে ধীরে ঠিক হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, ঘুমের সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে তা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। তাই ভালো ঘুমের জন্য ওষুধের আগে জীবনযাপনের ছোট ছোট পরিবর্তনের দিকে নজর দেওয়াই সবচেয়ে কার্যকর উপায়।

মুখের ঘা কি সাধারণ সমস্যা নাকি সতর্ক সংকেত?

অনলাইন ডেস্ক
মুখের ঘা কি সাধারণ সমস্যা নাকি সতর্ক সংকেত?
ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা

ঠোঁটের ভেতরে বা গালের পাশে হঠাৎ ছোট ছোট ঘা দেখা দেওয়া, খেতে গেলে জ্বালা বা ব্যথা অনুভব করা—এ ধরনের সমস্যা অনেকেই মাঝেমধ্যেই অনুভব করেন। কিন্তু এটি কি শুধুই সাধারণ শারীরিক সমস্যা, নাকি এর পেছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনো অসুখ? 

চিকিৎসকদের মতে, মুখের ঘা বা আলসার খুবই সাধারণ একটি সমস্যা। বেশির ভাগ ক্ষেত্রে এটি এক থেকে দুই সপ্তাহের মধ্যেই নিজে থেকে সেরে যায়। ফলে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেন না। তবে মুখের ঘা কখনো কখনো শরীরের ভেতরের বড় কোনো সমস্যার প্রাথমিক ইঙ্গিতও হতে পারে।

মুখে ঘা হওয়ার সাধারণ কারণ

চিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী, মুখের ঘা হওয়ার পেছনে বেশ কিছু সাধারণ কারণ থাকতে পারে। এর মধ্যে অন্যতম হলো মানসিক চাপ এবং পর্যাপ্ত ঘুমের অভাব। এ ছাড়া খাবার খাওয়ার সময় অসাবধানতাবশত গাল বা জিহ্বায় কামড় লেগে যাওয়া, অতিরিক্ত ঝাল-মসলাযুক্ত খাবার গ্রহণ, শরীরে পানির ঘাটতি বা ডিহাইড্রেশন এবং ভিটামিন ও পুষ্টির সামান্য অভাবও এই সমস্যার কারণ হতে পারে।

কখন সতর্ক হওয়া জরুরি?

বিশেষজ্ঞদের মতে, মুখের ঘা সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে সেরে গেলে চিন্তার কারণ নেই। তবে কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। যেমন—ঘা দুই থেকে তিন সপ্তাহের বেশি স্থায়ী হলে, বারবার ফিরে এলে বা আকারে বড় হতে থাকলে, ঘা থেকে রক্তপাত হলে। পাশাপাশি মুখে ক্রমাগত ব্যথা, খাবার গিলতে সমস্যা, অকারণ ওজন কমে যাওয়া, জ্বর বা অতিরিক্ত ক্লান্তি থাকলেও সতর্ক হওয়া প্রয়োজন।

কোন রোগের ইঙ্গিত হতে পারে?

চিকিৎসকদের মতে, বারবার মুখে ঘা হওয়া কখনো কখনো শরীরে ভিটামিন বি১২, আয়রন বা ফোলেটের ঘাটতির লক্ষণ হতে পারে। এ ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যা, দীর্ঘমেয়াদি মেটাবলিক ডিজঅর্ডার বা অন্যান্য ক্রনিক রোগের প্রাথমিক সংকেতও মুখে প্রকাশ পেতে পারে।

চিকিৎসা ও পরামর্শ

অনেকেই মুখের ঘা হলে ঘরোয়া টোটকা বা ওভার-দ্য-কাউন্টার জেল ব্যবহার করেন। এতে সাময়িক আরাম মিললেও মূল কারণ দূর হয় না বলে জানিয়েছেন চিকিৎসকরা। মুখের ঘা দীর্ঘস্থায়ী হওয়া মানেই তা সব সময় গুরুতর নয়, তবে সময়কাল ও লক্ষণ পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করলে ভবিষ্যতের জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব।

হার্ট থেকে হাড়—সব কিছুর সুরক্ষায় মাশরুম, জেনে নিন সহজ কিছু রেসিপি

অনলাইন ডেস্ক
হার্ট থেকে হাড়—সব কিছুর সুরক্ষায় মাশরুম, জেনে নিন সহজ কিছু রেসিপি
ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা

ভুল খাদ্যাভ্যাস যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক বা ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়, তেমনই সঠিক খাবার শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গকে সুরক্ষা দিতে পারে। সাম্প্রতিক গবেষণা ও পুষ্টিবিদদের মত অনুযায়ী, এমনই একটি উপকারী খাদ্য হতে পারে মাশরুম, যা হার্ট, কিডনি, লিভার ও হাড়ের স্বাস্থ্যের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।

মাশরুম মূলত এক ধরনের ছত্রাক, যা আর্দ্র বা স্যাঁতসেঁতে পরিবেশে জন্মায়। প্রোটিন, ফাইবার, ভিটামিন ও বিভিন্ন খনিজে সমৃদ্ধ এই খাবার শরীরের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। বিষয়টি নিয়ে গবেষণা হয়েছে যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ্যা বিভাগের পক্ষ থেকেও।

নিয়মিত মাশরুম খেলে শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ট্রাইগ্লিসারাইড এক ধরনের ফ্যাট, যা অতিরিক্ত বেড়ে গেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

পুষ্টিবিদদের মতে, মাশরুমে রয়েছে বিভিন্ন ধরনের বি-ভিটামিন, ভিটামিন ডি, পটাশিয়াম, সেলেনিয়াম, কপার ও ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ। প্রতি ১০০ গ্রাম মাশরুমে প্রায় ৩ গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যায়, যা প্রজাতিভেদে ভিন্ন হতে পারে। এছাড়া এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট যেমন আরগোথায়োনিন ও গ্লুটাথিয়ন শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, যা কোষের ক্ষতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষণা বলছে, নিয়মিত খাদ্যতালিকায় মাশরুম অন্তর্ভুক্ত করলে কার্ডিও-মেটাবলিক রোগের ঝুঁকি কমতে পারে। কারণ স্থূলতা, উচ্চ রক্তচাপ, ইনসুলিন রেজিস্ট্যান্স ও উচ্চ কোলেস্টেরলের মতো সমস্যা হার্ট রোগের প্রধান কারণগুলোর মধ্যে পড়ে। মাশরুম এসব ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

পুষ্টিবিদরা বলেন, মাশরুম কম ক্যালরিযুক্ত হওয়ায় ওজন বাড়ার আশঙ্কা কম থাকে। পাশাপাশি এটি লিপিড নিয়ন্ত্রণ ও রক্তচাপ স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে, যা হার্টের জন্য উপকারী।

শুধু হার্ট নয়, মাশরুম ভিটামিন ডি-এরও একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। ভিটামিন ডি হাড় মজবুত রাখতে সহায়তা করে। নিউট্রিয়েন্টস-এ প্রকাশিত ২০১৮ সালের একটি গবেষণা অনুযায়ী, মাশরুম সূর্যালোকের সংস্পর্শে এলে এতে ভিটামিন ডি-এর মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। কিছু ক্ষেত্রে এই মাত্রা কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বাটন, অয়েস্টার, মিল্কি ও শিটাকে—এ ধরনের মাশরুম নিয়মিত খাদ্যতালিকায় রাখা যেতে পারে। তবে তারা সতর্ক করেছেন, যেকোনো খাবারের মতোই মাশরুমও পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে নিরাপদ ও উপকারী।

মাশরুম দিয়ে কয়েকটি সহজ রেসিপি—

মাশরুম ভাজি
মাশরুম ভাজি তৈরির জন্য সবচেয়ে ভালো হয় বাটন মাশরুম। এটি সহজে পাওয়া যায় এবং দ্রুত রান্না হয়ে যায়। মাশরুম ভালো করে ধুয়ে কেটে নিতে হয়। এরপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ও রসুন ভেজে নিতে হয়। তারপর বাটন মাশরুম দিয়ে লবণ, হলুদ ও কাঁচা মরিচ দিয়ে ৮–১০ মিনিট রান্না করতে হয় যতক্ষণ না পানি শুকিয়ে যায়। শেষে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।

মাশরুম কারি
মাশরুম কারির জন্যও বাটন মাশরুম সবচেয়ে উপযুক্ত। চাইলে একটু ঘন ও নরম টেক্সচারের জন্য মিল্কি মাশরুমও ব্যবহার করা যেতে পারে। প্রথমে তেলে পেঁয়াজ বাটা ভেজে নিতে হয়। এরপর আদা-রসুন বাটা ও টুকরো করা টমেটো দিয়ে কষাতে হয়। তারপর হলুদ, মরিচ ও গরম মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে ভালোভাবে রান্না করতে হয়। শেষে মাশরুম দিয়ে ১০–১২ মিনিট রান্না করলে সুস্বাদু ঝোলযুক্ত কারি তৈরি হয়ে যায়।

মাশরুম চিলি
মাশরুম চিলির জন্য অয়েস্টার মাশরুম সবচেয়ে ভালো। এগুলো পাতলা ও মাংসল হওয়ায় চাইনিজ স্টাইলে দারুণ স্বাদ আনে। প্রথমে অয়েস্টার মাশরুম হালকা ভেজে নিতে হয়। এরপর কড়াইয়ে রসুন, পেঁয়াজ ও ক্যাপসিকাম ভেজে সয়া সস, টমেটো সস ও চিলি সস মেশাতে হয়। তারপর কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে গ্রেভি ঘন করে ভাজা মাশরুম মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিতে হয়।

মাশরুম স্যুপ
মাশরুম স্যুপের জন্য বাটন মাশরুম বা শিটাকে মাশরুম দুটোই ভালো। শিটাকে মাশরুম স্যুপে গাঢ় ও উমামি স্বাদ আনে, আর বাটন মাশরুম হালকা স্বাদ বজায় রাখে। প্রথমে মাশরুম ও পেঁয়াজ বাটারে ভেজে নিতে হয়। এরপর দুধ বা স্টক দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিতে হয়। চাইলে ব্লেন্ড করে মসৃণ করা যায়। শেষে গোলমরিচ ছিটিয়ে গরম গরম পরিবেশন করলে সুস্বাদু স্যুপ তৈরি হয়।