বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে আলোচনা ও জল্পনার মাঝে নিজেদের অবস্থান পরিষ্কার করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ সফর করে যাওয়া আইসিসির দুই প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তাভেংওয়া মুকুলানি শুধুমাত্র বিভিন্ন পক্ষের মতামত ও তথ্য সংগ্রহ করে বোর্ডের কাছে প্রতিবেদন আকারে জমা দেবেন। তারা কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না বা প্রকাশ্যে (সংবাদমাধ্যমে) মন্তব্য করবেন না।
আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তির শিরোনামে উল্লেখ করা হয়, ‘শাসন ও নির্বাচনী বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে আইসিসি প্রতিনিধিদলের বাংলাদেশ সফর।’ প্রতিনিধি দলের সফরের বিষয়বস্তু ছোট করে তুলে ধরা হয় সেই সংবাদ বিজ্ঞপ্তিতে।
ড. মোহাম্মদ মোসাজে ও তাভেংওয়া মুকুলানি বাংলাদেশ সফরকালে বিসিবির বর্তমান প্রশাসন (অ্যাডহক কমিটি), সাবেক পরিচালক (আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড) এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন।
জানা গেছে, বিসিবির কয়েকজন সাবেক পরিচালক প্রতিনিধি দলের কাছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান অ্যাডহক কমিটির অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে নিজেদের উদ্বেগ তুলে ধরেছেন। তারা আইসিসিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধও জানিয়েছেন।
তবে আইসিসির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, এই সফরকে কোনো পক্ষের প্রতি সমর্থন বা বিরোধিতা হিসেবে দেখার সুযোগ নেই। প্রতিনিধি দলের দায়িত্ব কেবল তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে আইসিসি বোর্ডের কাছে জমা দেওয়া।
এদিকে, বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে দায়ের করা একটি রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছে। ফলে আগামী ৭ জুন নির্বাচন আয়োজনের পথে আপাতত কোনো আইনি বাধা নেই।
সব মিলিয়ে বিসিবি নির্বাচন নিয়ে আইসিসি এখনো কোনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। প্রতিনিধি দলের পর্যবেক্ষণ ও প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত বা মূল্যায়ন আসতে পারে।




