শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়গাঁ ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এদের মধ্যে একজনের নাম রিদম (৮) ও অপরজনের নাম রিফাত (৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ পাপরাইল এলাকার বাবা নৈয়াব ফকিরের বাড়িতে রিফাতকে নিয়ে বেড়াতে আসেন মেয়ে সীমা। দুপুরে রিদম ও রিফাত দুই মামাতো-ফুফাতো ভাই বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলছিল। ধারণা করা হচ্ছে, খেলার এক পর্যায়ে বলটি পুকুরের পড়ে গেলে সেটি তুলতে পুকুরে নামে তারা। এতে পানিতে ডুবে যায় তারা। এক পর্যায়ে বাড়ির অন্য সদস্যরা দুই ভাইকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ২ ভাইকে ভাসতে দেখে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর দুই শিশুকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মামাতো বোন রুমা আক্তার বলেন, সকালে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে ওদের উদ্ধার করা হয়। ধারণা করছি, ফুটবল পানিতে পড়ে যাওয়ার পর সেটি তুলতে গিয়েই ওরা ডুবে মারা যায়।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







