• ই-পেপার

ময়মনসিংহের নান্দাইলে ১৪৪ ধারা জারি

মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। মামলায় অভিযুক্ত সুরঞ্জন দাস (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এসব বিষয় নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
কংগ্রেসের সঙ্গে মতবিরোধে ‘ভারত জোটে’র বৈঠকে অংশ নেবে না ডিএমকে

কংগ্রেসের সঙ্গে মতবিরোধে ‘ভারত জোটে’র বৈঠকে অংশ নেবে না ডিএমকে

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। গত ২ জুন রাতে উপজেলার লোহাঈদ গ্রামের অভিযুক্ত কবিরাজ আ. রহিম (৩৫) ও সুরঞ্জন দাস (২৫) কৌশলে ভুক্তভোগী কিশোরীর বাড়িতে প্রবেশ করে। পরে তারা খাবারের সাথে চেতনানাশক কোনো দ্রব্য মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। এরপর ওই ঘরে থাকা ১৭ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। সকালে প্রতিবেশীরা ঘরের ভেতর পরিবারের সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে যান। পরে ভুক্তভোগী কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে বুধবার রাতে থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ বৃহস্পতিবার ভোরে দিঘীর পাড় গ্রামের সুরঞ্জন দাসকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন
শিক্ষার্থীদের ধাপে ধাপে স্কুল ড্রেস ও জুতা দিতে চায় সরকার : প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের ধাপে ধাপে স্কুল ড্রেস ও জুতা দিতে চায় সরকার : প্রতিমন্ত্রী

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আসামি সুরঞ্জন দাসকে আদালতের মাধ্যমে  কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। বাকি আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

৬ দফা দাবিতে খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

খুলনা অফিস
৬ দফা দাবিতে খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, খুলনা মেডিক্যাল কলেজ শাখা।

সংগঠনটির সভাপতি ডা. মো. আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভে শতাধিক ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচির আগে তারা হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলামের কাছে ছয় দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।

চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে— এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৯ মে গৃহীত সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের জন্য মাসিক ৩০ হাজার টাকা বেতন নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের নবম গ্রেডের সমমানের বেতন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

এ ছাড়া বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে রূপান্তর এবং বিএমডিসির বাইরে অবৈধভাবে চিকিৎসক পরিচয়দানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, পাশাপাশি বিসিপিএস ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সব ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবি জানানো হয়।

ইন্টার্ন চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ডা. মো. তৌফিক হাসান, ডা. হাফিজুল হক, ডা. সানজিদা আফরোজ, ডা. অশ্রুত বসু হৃদ্য, ডা. এস এম শামসুল ইসলাম, ডা. জয়ী ঘোষ, ডা. তাহমিদ এম তাওসিফ নূর, ডা. মো. ফেরদৌস আহমেদ, ডা. পুষ্পিতা দাশ সৃষ্টি, ডা. মারিয়া ইসলাম মিতু ও ডা. তামান্না তাবাসসুম লামিয়াসহ প্রমুখ।

গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনি
ছবি : কালের কণ্ঠ

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এর আগে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সিনাবহ বাজারে তিনটি গরুসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহার করা ট্রাক থেকে একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেন স্থানীয়রা।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরো তিনটি গরু উদ্ধার এবং এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন তানজিরুল (২২), আল আমিন (৩২), গোলাম মোস্তফা (৫০) এবং তার স্ত্রী নাসরীন বেগম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে তিনটি গরুবোঝাই একটি ট্রাক সফিপুর-বড়ইবাড়ি আঞ্চলিক সড়ক দিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। ট্রাকটি সিনাবহ বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা ট্রাকটি থামানোর চেষ্টা করলে চালক ও চালকের সহকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা ট্রাকে থাকা কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

তাদের বক্তব্যে অসংগতি দেখা দিলে ট্রাক তল্লাশি করে তিনটি গরু এবং একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির বিষয়টি স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় গোলাম মোস্তফার বাড়ির পেছনের একটি জঙ্গল থেকে আরো তিনটি গরু উদ্ধার করে পুলিশ। একই সময় মোস্তফার স্ত্রী নাসরীন বেগমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে চোরাই গরু কিনে জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত। এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে বিকেলে থানায় একটি মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘গরু চুরির ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছয়টি গরু ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

তীব্র দাবদাহে পুড়ছে উপকূলীয় অঞ্চল, চরম দুর্ভোগে জনজীবন

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা)
তীব্র দাবদাহে পুড়ছে উপকূলীয় অঞ্চল, চরম দুর্ভোগে জনজীবন
ছবি : কালের কণ্ঠ

দেশজুড়ে চলমান তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কয়েক সপ্তাহ ধরে বৃষ্টির দেখা না মেলায় এবং তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে চরম গরম অনুভূত হচ্ছে। প্রখর রোদ ও গরম বাতাসে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, রিকশাচালক ও পথচারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

দুপুরের দিকে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। হাসপাতালগুলোতে হিটস্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা ও গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা পর্যাপ্ত পানি পান, ছাতা ব্যবহার এবং প্রয়োজন ছাড়া রোদে চলাফেরা না করার পরামর্শ দিয়েছেন।

বরিশাল আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা উচ্চমান পর্যবেক্ষক এনামুল হক রুবেল বলেন, ‘গত ১ জুন থেকে বরিশাল বিভাগে মৃদু তাপপ্রবাহ চলছে। আজ বরিশালের তাপমাত্রা ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে উপকূলীয় জনপদের সর্বোচ্চ তাপমাত্রা।’ 

তিনি আরো বলেন, ‘আগামী কাল শুক্রবার থেকে বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দাবদাহের প্রভাব পড়েছে কৃষি খাতেও। মাঠের ফসল পানির অভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক এলাকায় সেচের চাহিদা বেড়ে গেছে। গবাদি পশু ও হাঁস-মুরগিও তীব্র গরমে কষ্ট পাচ্ছে। খামারিরা প্রাণিসম্পদ রক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছেন।’

বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় গত দুই দিন ধরে তীব্র লোডশেডিংয়ের  দেখা দিচ্ছে। এতে জনভোগান্তি আরো বেড়েছে। শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে দেশে তাপপ্রবাহের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অচিরেই উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলে পরিস্থিতি আরো কঠিন হতে পারে। তবে কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে তীব্র দাবদাহ থেকে মানুষকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সচেতন নাগরিক বেতাগী উপজেলা বসন্ধরা শুভসংঘের সভাপতি কামাল হোসেন খান বলেন, ‘সাধারণ মানুষও দ্রুত বৃষ্টির প্রত্যাশা করছেন।’