• ই-পেপার

শেরপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট, কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর

অস্ত্র নিয়ে কিশোর গ্যাং সদস্যদের মহড়া

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট, কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর
কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ গেটের সামনে পিস্তল নিয়ে কিশোর গ্যাং সদস্যদের মহড়া। ছবি : ভিডিও থেকে নেওয়া।

কুমিল্লার দেবীদ্বারে ফেসবুকের একটি পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে তামিম ইকবাল নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিস্তল দেখিয়ে বেদম মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানায় ভুক্তভোগী ওই পরীক্ষার্থী।

মারধরের শিকার তামিম ইকবাল উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ইফতেখার আহমেদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনার ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এসএসসি এক পরীক্ষার্থীকে বেদম মারধরের পর কিশোর গ্যাংয়ের এক সদস্য দলবলসহ পিস্তল হাতে পৌর এলাকার শান্তি রোডের দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার দুপুরে কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ একটি দল প্রকাশ্যে অস্ত্র নিয়ে এক পরীক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারা হয়। এ সময় হামলাকারী এক কিশোরের হাতে একটি পিস্তল দেখা গেছে, যা দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে সে তার দলবলসহ পিস্তল হাতে দৌড়ে পালিয়ে যায়। এমন ঘটনায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

নিউ মার্কেটের কালাচান্দ সুপার মার্কেটের গার্মেন্টস কাপড় ব্যবসায়ী মো.সাকিব বলেন, ‘তুচ্ছ ঘটনায় গতকালও এক ছেলেকে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যসরা। তাদের প্রায় অস্ত্র নিয়ে মহড়া দিতে যায়। একদিন মহড়ার সময় কয়েকজন নারী ভয়ে আতঙ্কিত হয়ে আমার দোকানে এসে ঢুকে পড়ে। এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা বিভিন্ন দলের নামে কিশোর অপরাধ করছে।’

হামলার শিকার এসএসসি পরীক্ষার্থী তামীম ইকবাল কালের কণ্ঠকে বলে, আমি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একদল কিশোর গ্যাং আমার ওপর হামলা চালায়। তারা প্রথমে এসে আমাকে বলে আমি নাকি তিন মাস আগে ফেসবুকের কোনো একটি পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছি। এই কথা বলেই ওরা আমাকে এলোপাতাড়ি মারধর করে। মাহিন নামে একজনের হাতে একটি পিস্তল ছিল। আমি কোনো রকম জান নিয়ে পালিয়ে এসেছি।’

এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। মারধরের শিকার এসএসসি পরীক্ষার্থী তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ হয়েছে। ভিডিও দেখে কিশোর গ্যাং সদস্যদের পরিচয় শনাক্তের চেষ্টা করার চেষ্টা চলছে। বিষয়টি খুবই গুরুত্বসহকারে দেখা হচ্ছে, কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সে যে-ই হোক।’

ফের চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

দিনাজপুর প্রতিনিধি
ফের চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট
সংগৃহীত ছবি

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বড় ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি ফের চালু করা হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন হবে। 

দীর্ঘ ছয় মাস ২০ দিন বন্ধ থাকার পর বুধবার (২০ মে) বিকেলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটি চালু করা হয়। বর্তমানে এই ইউনিট থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। 

তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ বলছেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে ২৫০-২৬০ মেগাওয়াট বিদুৎ উৎপন্ন করা সম্ভব হবে।

আরো পড়ুন
কোরবানির হাট কাঁপাবে ২৭ মণ ওজনের ‘টাইগার’

কোরবানির হাট কাঁপাবে ২৭ মণ ওজনের ‘টাইগার’

 

এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে যান্ত্রিক ত্রুটির কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে সবচেয়ে বড় ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। ১২৫ মেগাওয়াট দ্বিতীয় ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। শুধু ১২৫ মেগাওয়াট প্রথম ইউনিটটি চালু ছিল। 

২০০৬ সালে বড়পুকুরিয়া খনির কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট নিয়ে শুরু হলেও, ২০১৭ সালে আরেকটি ২৭৫ মেগাওয়াট ইউনিট যুক্ত হয়ে মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াটে উন্নীত হয়। তবে নানা জটিলতায় কেন্দ্রটি কখনো একসঙ্গে তিনটি ইউনিট চালু করে সর্বোচ্চ ক্ষমতায় উৎপাদন করতে পারেনি।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, বুধবার বিকেল ৫ টা ৪৬ মিনিট থেকে তৃতীয় ইউনিটটি চালু করা হয়েছে। বর্তমানে এই ইউনিটটি থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হচ্ছে। আশা করছি, বৃহস্পতিবার (২১ মে) থেকে এই ইউনিট থেকে ২৫০-২৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হবে। এ ছাড়া প্রথম ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। সব মিলিয়ে গড়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এতে করে লোডশেডিং কমে আসবে। প্রতিদিন দুটি ইউনিট চালু রাখতে ৩ হাজার ২০০ টন কয়লা প্রয়োজন হবে বলে জানান এই কর্মকর্তা।

আশা প্রকাশ করে আবু বকর সিদ্দিক বলেন, ১২৫ মেগাওয়াট দ্বিতীয় ইউনিটটি মেরামতের জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে। সেটিও কিছু দিনের মধ্যে চালু করা সম্ভব হবে।

কোরবানির হাট কাঁপাবে ২৭ মণ ওজনের ‘টাইগার’

বাঞ্ছারামপুর ​(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কোরবানির হাট কাঁপাবে ২৭ মণ ওজনের ‘টাইগার’
ছবি: কালের কণ্ঠ

এবার কোরবানির ঈদে হাট কাঁপাবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামের প্রান্তিক কৃষক মরম আলী মিয়ার পালিত ফ্রিজিয়ান জাতের গরু ‘টাইগার’। বাঘের মতো চঞ্চল স্বভাব আর নজরকাড়া চেহারার কারণে পুরো এলাকায় গরুটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। টাইগারের আনুমানিক ওজন ২৬-২৭ মণ হতে পারে বলে জানিয়েছেন মরম আলী। আর তার দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।

মরম আলী মিয়া পেশায় একজন প্রান্তিক চাষি। কৃষিকাজের পাশাপাশি পরিবারের সদস্যদের সহযোগিতায় গত ৪ বছর ধরে সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে এই ফ্রিজিয়ান জাতের গরুটি লালনপালন করেছেন তিনি। মরম আলীর ২১ বছর বয়সী ছেলে মামুনই মূলত গরুটির দেখভালের দায়িত্ব পালন করেন। মামুন জানান, বাঘের মতো চঞ্চলতা আর গায়ের রঙের কারণেই শখ করে তার নাম রাখা হয়েছে টাইগার।

মরম আলী জানান, প্রতিদিন টাইগারের পেছনে তার প্রায় ৮০০ টাকা খরচ হচ্ছে। গরুটির খাদ্য তালিকায় রয়েছে কাঁচা দেশীয় ঘাস, ভাঙা ভুট্টা, ছোলা ও ভূষিসহ ​অন্যান্য পুষ্টিকর ও স্বাস্থ্যকর উপাদান।

আরো পড়ুন
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকরা পেলেন ত্রাণ সহায়তা

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকরা পেলেন ত্রাণ সহায়তা

 

​মরম আলী মিয়া বলেন, আমরা গরিব মানুষ। অনেক কষ্ট করে পরিবারের সবাই মিলে গরুটি বড় করেছি। এখন শুধু আশা করছি কোনো সামর্থ্যবান ক্রেতা যেন আমাদের এই গরুটি ন্যায্যমূল্যে কিনে নেন। ক্রেতারা সরাসরি আমাদের বাড়িতে এসেও গরুটি দেখে যেতে পারেন, বলেন তিনি।

মরম আলীর পরিবার ও এলাকাবাসী প্রান্তিক এই চাষির স্বপ্ন পূরণে দেশের সামর্থ্যবান ও শৌখিন ক্রেতাদের সুদৃষ্টি কামনা করেছেন।
 

কুমিল্লায় ২ সাংবাদিকের ওপর হামলা, মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ২ সাংবাদিকের ওপর হামলা, মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার মাদক কারবারি কবির হোসেন। ছবি : সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কালের কণ্ঠ প্রতিনিধিসহ দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবির হোসেন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ শশীদল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন সন্ধ্যায় কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার কবির হোসেন উপজেলার দক্ষিণ শশীদল গ্রামের হোসেন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক ও চোরাচালানের ১০টি মামলা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল রেলস্টেশনে চট্টলা এক্সপ্রেসে চোরাই পণ্য ও মাদক পাচারের ভিডিও ধারণ করতে গেলে কালের কণ্ঠের সাংবাদিক (বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি) আক্কাস আল মাহমুদ হৃদয় এবং দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রধান সম্পাদক ও প্রকাশক মো. শরিফুল ইসলাম সুমনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তারা সেখান থেকে বেরিয়ে আসার সময় আবারো হামলা করা হয় এবং এ ঘটনায় সংবাদ প্রকাশ করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে পুলিশ গ্রেপ্তার করে।  

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিক শরিফুল ইসলাম সুমন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪ জনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলা বুধবার দুপুর ২টার দিকে কবির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’