• ই-পেপার

পে স্কেল ‘চূড়ান্ত হচ্ছে’ কাল, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতন কত?

শহীদ আবু সাঈদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের দাবি বড় ভাইয়ের

অনলাইন ডেস্ক
শহীদ আবু সাঈদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের দাবি বড় ভাইয়ের

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু হোসেন। তিনি বলেন, আমার ভাইয়ের মামলার রায় হয়েছে। এখন আমরা দ্রুত সময়ের মধ্যে সেই রায়ের বাস্তবায়ন দেখতে চাই।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন ২০২৬’-এ শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন আবু হোসেন।

তিনি বলেন, তার ছোট ভাই আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাকে গুলি করে হত্যার দৃশ্য দেশ-বিদেশের মানুষ দেখেছে। তার আত্মত্যাগই মানুষকে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে অনুপ্রাণিত করেছিল।

আবু হোসেন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। তবে এ আন্দোলনে বহু পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে এবং অনেকে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে এবং যারা হাত, পা বা চোখ হারিয়ে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছেন, তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, আমার ভাইয়ের মামলার রায় হয়েছে। এখন আমরা দ্রুত সময়ের মধ্যে সেই রায়ের বাস্তবায়ন দেখতে চাই। আগামী ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্ণ হবে। আমরা চাই, সব শহীদ হত্যার বিচার দ্রুত সম্পন্ন ও কার্যকর করা হোক।

 

শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না।  আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সে সময় তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করে অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হই। এটা পর্দার অন্তরালের কথা।’

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।’

অভিযোগ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে বসে গণতান্ত্রিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি, চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা ব্যবসা করবে তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।’

‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির আয়োজিত এ অনুষ্ঠানে আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের হাতে স্মৃতি স্মারক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন ২০২৬’-এ  এ স্মারক তুলে দেন তিনি।  

অনুষ্ঠানে জুলাই-২৪ গণ-অভ্যুত্থানে শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। এরপর শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাইযোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন।

এ সময় সঞ্চালক জানান, অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধি হিসেবে কয়েকজন স্মৃতি স্মারক গ্রহণ করলেও জুলাই স্মৃতি পরিবারের সব সদস্যের জন্য স্মৃতি স্মারক সংরক্ষিত রয়েছে। নির্ধারিত সময়ে সেগুলো প্রত্যেক শহীদ পরিবার ও জুলাই আন্দোলনে আহতদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরের জন্য সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরের জন্য সতর্কবার্তা

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

শনিবার সকালে আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।