• ই-পেপার

ফের চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট, কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর

অস্ত্র নিয়ে কিশোর গ্যাং সদস্যদের মহড়া

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট, কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর
কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ গেটের সামনে পিস্তল নিয়ে কিশোর গ্যাং সদস্যদের মহড়া। ছবি : ভিডিও থেকে নেওয়া।

কুমিল্লার দেবীদ্বারে ফেসবুকের একটি পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে তামিম ইকবাল নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিস্তল দেখিয়ে বেদম মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানায় ভুক্তভোগী ওই পরীক্ষার্থী।

মারধরের শিকার তামিম ইকবাল উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ইফতেখার আহমেদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনার ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এসএসসি এক পরীক্ষার্থীকে বেদম মারধরের পর কিশোর গ্যাংয়ের এক সদস্য দলবলসহ পিস্তল হাতে পৌর এলাকার শান্তি রোডের দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার দুপুরে কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ একটি দল প্রকাশ্যে অস্ত্র নিয়ে এক পরীক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারা হয়। এ সময় হামলাকারী এক কিশোরের হাতে একটি পিস্তল দেখা গেছে, যা দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে সে তার দলবলসহ পিস্তল হাতে দৌড়ে পালিয়ে যায়। এমন ঘটনায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

নিউ মার্কেটের কালাচান্দ সুপার মার্কেটের গার্মেন্টস কাপড় ব্যবসায়ী মো.সাকিব বলেন, ‘তুচ্ছ ঘটনায় গতকালও এক ছেলেকে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যসরা। তাদের প্রায় অস্ত্র নিয়ে মহড়া দিতে যায়। একদিন মহড়ার সময় কয়েকজন নারী ভয়ে আতঙ্কিত হয়ে আমার দোকানে এসে ঢুকে পড়ে। এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা বিভিন্ন দলের নামে কিশোর অপরাধ করছে।’

হামলার শিকার এসএসসি পরীক্ষার্থী তামীম ইকবাল কালের কণ্ঠকে বলে, আমি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একদল কিশোর গ্যাং আমার ওপর হামলা চালায়। তারা প্রথমে এসে আমাকে বলে আমি নাকি তিন মাস আগে ফেসবুকের কোনো একটি পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছি। এই কথা বলেই ওরা আমাকে এলোপাতাড়ি মারধর করে। মাহিন নামে একজনের হাতে একটি পিস্তল ছিল। আমি কোনো রকম জান নিয়ে পালিয়ে এসেছি।’

এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। মারধরের শিকার এসএসসি পরীক্ষার্থী তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ হয়েছে। ভিডিও দেখে কিশোর গ্যাং সদস্যদের পরিচয় শনাক্তের চেষ্টা করার চেষ্টা চলছে। বিষয়টি খুবই গুরুত্বসহকারে দেখা হচ্ছে, কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সে যে-ই হোক।’

কোরবানির হাট কাঁপাবে ২৭ মণ ওজনের ‘টাইগার’

বাঞ্ছারামপুর ​(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কোরবানির হাট কাঁপাবে ২৭ মণ ওজনের ‘টাইগার’
ছবি: কালের কণ্ঠ

এবার কোরবানির ঈদে হাট কাঁপাবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামের প্রান্তিক কৃষক মরম আলী মিয়ার পালিত ফ্রিজিয়ান জাতের গরু ‘টাইগার’। বাঘের মতো চঞ্চল স্বভাব আর নজরকাড়া চেহারার কারণে পুরো এলাকায় গরুটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। টাইগারের আনুমানিক ওজন ২৬-২৭ মণ হতে পারে বলে জানিয়েছেন মরম আলী। আর তার দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।

মরম আলী মিয়া পেশায় একজন প্রান্তিক চাষি। কৃষিকাজের পাশাপাশি পরিবারের সদস্যদের সহযোগিতায় গত ৪ বছর ধরে সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে এই ফ্রিজিয়ান জাতের গরুটি লালনপালন করেছেন তিনি। মরম আলীর ২১ বছর বয়সী ছেলে মামুনই মূলত গরুটির দেখভালের দায়িত্ব পালন করেন। মামুন জানান, বাঘের মতো চঞ্চলতা আর গায়ের রঙের কারণেই শখ করে তার নাম রাখা হয়েছে টাইগার।

মরম আলী জানান, প্রতিদিন টাইগারের পেছনে তার প্রায় ৮০০ টাকা খরচ হচ্ছে। গরুটির খাদ্য তালিকায় রয়েছে কাঁচা দেশীয় ঘাস, ভাঙা ভুট্টা, ছোলা ও ভূষিসহ ​অন্যান্য পুষ্টিকর ও স্বাস্থ্যকর উপাদান।

আরো পড়ুন
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকরা পেলেন ত্রাণ সহায়তা

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকরা পেলেন ত্রাণ সহায়তা

 

​মরম আলী মিয়া বলেন, আমরা গরিব মানুষ। অনেক কষ্ট করে পরিবারের সবাই মিলে গরুটি বড় করেছি। এখন শুধু আশা করছি কোনো সামর্থ্যবান ক্রেতা যেন আমাদের এই গরুটি ন্যায্যমূল্যে কিনে নেন। ক্রেতারা সরাসরি আমাদের বাড়িতে এসেও গরুটি দেখে যেতে পারেন, বলেন তিনি।

মরম আলীর পরিবার ও এলাকাবাসী প্রান্তিক এই চাষির স্বপ্ন পূরণে দেশের সামর্থ্যবান ও শৌখিন ক্রেতাদের সুদৃষ্টি কামনা করেছেন।
 

কুমিল্লায় ২ সাংবাদিকের ওপর হামলা, মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ২ সাংবাদিকের ওপর হামলা, মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার মাদক কারবারি কবির হোসেন। ছবি : সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কালের কণ্ঠ প্রতিনিধিসহ দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবির হোসেন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ শশীদল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন সন্ধ্যায় কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার কবির হোসেন উপজেলার দক্ষিণ শশীদল গ্রামের হোসেন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক ও চোরাচালানের ১০টি মামলা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল রেলস্টেশনে চট্টলা এক্সপ্রেসে চোরাই পণ্য ও মাদক পাচারের ভিডিও ধারণ করতে গেলে কালের কণ্ঠের সাংবাদিক (বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি) আক্কাস আল মাহমুদ হৃদয় এবং দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রধান সম্পাদক ও প্রকাশক মো. শরিফুল ইসলাম সুমনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তারা সেখান থেকে বেরিয়ে আসার সময় আবারো হামলা করা হয় এবং এ ঘটনায় সংবাদ প্রকাশ করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে পুলিশ গ্রেপ্তার করে।  

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিক শরিফুল ইসলাম সুমন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪ জনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলা বুধবার দুপুর ২টার দিকে কবির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকরা পেলেন ত্রাণ সহায়তা

নিজস্ব প্রতিবেদক
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকরা পেলেন ত্রাণ সহায়তা

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন’ (পপি)। সংস্থাটি বন্যায় ফসল, গবাদিপশু ও বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে বিপর্যস্ত হয়ে পড়া এক হাজার ২২৫টি পরিবারকে ত্রাণ সহায়তা দিচ্ছে।

বুধবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ মে থেকে জরুরি মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। আজ ২০ মে হাওরাঞ্চলে এই বিতরণ কার্যক্রম চলেছে। ‘আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা প্রদান প্রকল্প’ শীর্ষক এ কার্যক্রমের আওতায় কিশোরগঞ্জের ইটনা ও অষ্টগ্রাম উপজেলার এক হাজার ২২৫টি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে এই প্রত্যক্ষ সহায়তা দেওয়া হচ্ছে। সেখানে ত্রাণসামগ্রীর পাশাপাশি নগদ অর্থ পৌঁছানো হচ্ছে।

এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বহুমুখী নগদ সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ৬ হাজার টাকা দেওয়া হচ্ছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত গবাদিপশুর জন্য ১০০ কেজি (২ বস্তা) গো-খাদ্য এবং প্রতিটি পরিবারকে একটি করে উন্নত মানের ত্রিপল বিতরণ করা হচ্ছে।

এর আগে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সবচেয়ে বেশি পাওয়ার যোগ্য ব্যক্তি যেন এই সহায়তা পান, সেজন্য একটি সুনির্দিষ্ট ও প্রক্রিয়ার মাধ্যমে স্ক্রিনিং করা হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। শুরুতেই সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পরামর্শ সভার আয়োজন করা হয়। এরপর স্থানীয় বাস্তবতায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার বাছাইয়ের সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া বা সূচক নির্ধারণ করা হয়। নির্ধারিত সূচকের ওপর ভিত্তি করে ১৪৬টি ‘টুলবক্স ইন্ডিকেটর’ ব্যবহার করে প্রতিটি খানা বা পরিবারে বিস্তারিত জরিপ চালানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরিপ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রান্তিক কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়। চূড়ান্ত স্বচ্ছতা নিশ্চিত করতে এই তালিকাটি স্থানীয় সর্বসাধারণ, স্থানীয় সরকার প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের যৌথ যাচাই-বাছাই ও অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত হয়।

স্থানীয় প্রতিক্রিয়া ও প্রভাব সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই বহুমাত্রিক সহায়তা ক্ষতিগ্রস্ত হাওরবাসীর জরুরি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আগামী ফসলের বীজ সংগ্রহ, গবাদিপশু রক্ষা এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ত্রাণ নিতে আসা প্রান্তিক কৃষকরা জানান, সম্পূর্ণ ডিজিটাল ও পক্ষপাতহীন পদ্ধতিতে নির্বাচিত হয়ে এই দুর্যোগের সময়ে নগদ টাকা ও গো-খাদ্য পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।

উল্লেখ্য, প্রকল্পটি স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর সহায়তায় বাস্তবায়ন করছে পপি। আন্তর্জাতিক এই তহবিলে যৌথভাবে আর্থিক সহযোগিতা প্রদান করছে ইউকে এইড, সিডা (সুইডেন), নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়, জার্সি ওভারসিজ এইড এবং হিলটন ফাউন্ডেশন।