ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন ইমাম হোসেন (৩০), হৃদয় মিয়া (২৫), মেহেদী (২২), আরমান (৩০)। নিহতের মধ্যে ৩ জনের বাড়ি গলানিয়া গ্রামে এবং আরমানের বাড়ি একই উপজেলার ধর্মতীর্থ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গলানিয়া গ্রামের বাসিন্দা আলী মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন হৃদয় ও মেহেদী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা উঠে না আসায় সন্দেহ হলে আরমান ও ইমাম তাদের খোঁজে সেপটিক ট্যাংকে নামেন। পরে চারজনই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিকেল সাড়ে ৫টায় সেপটিক ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। নিহতদের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।





