• ই-পেপার

যুবসমাজের মাধ্যমেই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি : ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি
দেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আর যুবসমাজের মাধ্যমেই দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। বর্তমান সরকার যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বুধবার দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের অডিটরিয়ামে ‘যুব সমাবেশ-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অত্যন্ত সময়োপযোগী একটি বিষয়। পুরো বিশ্ব এখন ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে আমাদের যুবসমাজকে এআইয়ের ইতিবাচক দিকগুলো গ্রহণ করতে হবে।

তিনি দল-মত-নির্বিশেষে স্বাধীনভাবে মতামত প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, যুবকদের সব সময় ন্যায়ের পক্ষে থাকতে হবে ও সৎভাবে কাজ করতে হবে। যেকোনো অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

বেকারত্ব দূরীকরণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে সঠিক পরিকল্পনার অভাবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে বদ্ধপরিকর। যুব উন্নয়ন ইনস্টিটিউটের মূল লক্ষ্য হলো প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের স্বাবলম্বী করে কর্মসংস্থান সৃষ্টি করা।

তিনি আরো বলেন, বর্তমানে বিদেশে ‘কেয়ার গিভার’-এর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে সরকার কাজ করছে। পাশাপাশি যুবসমাজকে আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করতে প্রতিটি জেলার যুব প্রশিক্ষণ কেন্দ্রে এআই প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আরো পড়ুন
নারীদের গায়ে হাত তুললে কোনো সরকার টিকে থাকতে পারে না : সাবিকুন্নাহার

নারীদের গায়ে হাত তুললে কোনো সরকার টিকে থাকতে পারে না : সাবিকুন্নাহার

 

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের যুব কার্যক্রমকে আরো গতিশীল ও তৃণমূলমুখী করতে ‘যুব সমাবেশ’ শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়ে আয়োজনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বগুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
রেজাউল ইসলাম। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) উপজেলার মথুরাপুর বাজারের মাংস ব্যবসায়ী সাইদুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় এ অভিযোগ করেন। ব্যবসায়ী সাইদুল ইসলাম উপজেলার গোপালপুর খাদুলী গ্রামের আলতাব আলীর ছেলে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী মথুরাপুর বাজার এলাকায় স্থায়ী ও অস্থায়ীভাবে প্রায় ৪০০ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেপরোয়া হয়ে ওঠেন বিএনপি নেতা রেজাউল ইসলাম ও তার লোকজন। বিএনপি নেতা রেজাউল ইসলাম মথুরাপুর বাজারের ব্যবসায়ীদের জিম্মি করে প্রায়ই টাকা আদায় করতে থাকেন। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা ধর্মঘট ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

এ অবস্থায় গত ১৫ মে দুপুর আড়াইটার দিকে মথুরাপুর বাজারের মাংস ব্যবসায়ী সাইদুল ইসলাম ও বেল্লাল হোসেনের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন রেজাউল ইসলাম ও তার লোকজন। কিন্তু ওই দুই ব্যবসায়ী তাদের টাকা দিতে রাজি হননি। এ কারণে রেজাউল ইসলাম ক্ষুব্ধ হয়ে মাংসের দোকান থেকে মাংস কাটার ছুরি নিয়ে ব্যবসায়ীদের কোপানোর চেষ্টা করেন। তখন ব্যবসায়ীর চিৎকারে বাজারের অন্য ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছলে রেজাউল ইসলাম ও তার লোকজন সেখান থেকে সটকে পড়েন।

আরো পড়ুন
বনানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে শিশু নিহত

বনানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে শিশু নিহত

 

এ ঘটনায় ব্যবসায়ী সাইদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে অলোয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ অলোয়া গ্রামের আসাদুল ইসলামসহ ৮ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে কোনো প্রকার চাঁদা আদায় করা হয় না। তারপরও আমার প্রতিপক্ষের লোকজন ব্যবসায়ীকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করিয়েছেন। আমি এ অভিযোগে সঠিক তদন্তের দাবি করছি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মাংস ব্যবসায়ীর চাঁদাবাজির অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ায় নদীতে গোসল করতে গিয়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মাল্টিমিডিয়া রিপোর্টার
কুষ্টিয়ায় নদীতে গোসল করতে গিয়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ২টার দিকে শহরসংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার হাটশহরিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) এবং মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দুজনই হাটশহরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষে তীব্র গরমে প্রশান্তি পেতে দুই বন্ধু গড়াই নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যায় তারা।

আরো পড়ুন
গাড়িতে উঠলেই বমি? জেনে নিন কারণ ও সমাধান

গাড়িতে উঠলেই বমি? জেনে নিন কারণ ও সমাধান

 

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে গেলেও তার আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আগামী বছরের জুনে জাতীয় গ্রিডে আসছে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস : জ্বালানি প্রতিমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আগামী বছরের জুনে জাতীয় গ্রিডে আসছে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস : জ্বালানি প্রতিমন্ত্রী
বুধবার গাজীপুরের কালীগঞ্জে কামতা গ্যাস ফিল্ডে ‘মূল্যায়ন-কাম-উন্নয়ন’ কূপ খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন জ্বালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : কালের কণ্ঠ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘ইতোমধ্যে কামতা-২ ও তিতাসের তিনটিসহ মোট চারটি নতুন কূপ খননের কাজ শুরু হয়েছে। ফলে আগামী বছরের জুনের মধ্যে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।’

বুধবার (২০ মে) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কামতা গ্যাস ফিল্ডে ‘মূল্যায়ন-কাম-উন্নয়ন’ কূপ খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন এই চারটি কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হলে গ্যাসের অভাবে যেসব কলকারখানা উৎপাদন বন্ধ করে বসে আছে, সেগুলোতে আমরা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে পারব। এর মাধ্যমে যেমন হাজারো মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, ঠিক তেমনি জ্বালানি আমদানি করতে গিয়ে দেশের বৈদেশিক মুদ্রার ওপর যে তীব্র চাপ তৈরি হচ্ছে, তাও অনেকাংশে কমে আসবে। এই প্রকল্প উদ্বোধনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের জনগণকে এই বার্তাই দিতে চায় যে- আমরা পর্যায়ক্রমে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আমদানি নির্ভরতা কমিয়ে এনে পুরোপুরি স্বাবলম্বী হব। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সাশ্রয়ী মূল্যে জনগণের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।’

তিনি আরো বলেন, ‘সরকার চাইলেই যে অতিরিক্ত গ্যাস আমদানি করতে পারবে, বিষয়টি তেমন নয়; কারণ আমাদের বর্তমান অবকাঠামোগত ধারণক্ষমতা চাহিদার চেয়ে কম। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন মাস সময় পেয়েছে। এই অল্প সময়ের মধ্যেই আমরা যেমন তাৎক্ষণিক সমস্যাগুলোর সমাধান করছি, ঠিক তেমনি মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়নের বার্তাও দিতে সক্ষম হচ্ছি।’

আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে কিনা? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারের অগ্রাাধিকার তালিকায় সবার উপরে রয়েছে শিল্পকারখানা (ইন্ডাস্ট্রি) এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (পাওয়ার প্ল্যান্ট)। এই দুই খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করার পরই আবাসিক বা গৃহস্থালি গ্রাাহকদের বিষয়টি বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, বিজিএফসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক এবং সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক (পিডি) প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিনসহ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।