টাঙ্গাইলের মির্জাপুরে অপু মণ্ডল শুভ (২৩) নামে এক যুবক হাত কেটে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (রাত) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত অপু মণ্ডল শুভ দেলদুয়ার উপজেলার উখিল চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি পরিবারসহ মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার গন্তব্যপাড়ায় ফারুক হোসেনের ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অপু বাসা থেকে বের হন। পরে রাত আড়াইটার দিকে সোহাগপাড়া বাজার এলাকায় তিনি চাকু দিয়ে নিজের হাত কাটেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং এসএসআই প্রদীপ চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অপু মণ্ডল নামের ওই যুবক হাত কেটে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






