• ই-পেপার

নাগেশ্বরীতে জলাবদ্ধতায় ২ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত

চট্টগ্রামে রিকশাচালকের ধাক্কায় আহত ট্রাফিক পুলিশের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে রিকশাচালকের ধাক্কায় আহত ট্রাফিক পুলিশের মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামে রিকশাচালকের ধাক্কায় আহত হওয়া ট্রাফিক পুলিশের কনস্টেবল আবদুল কুদ্দুস (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত আবদুল কুদ্দুস চট্টগ্রাম নগর ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় দায়িত্ব পালন করছিলেন আবদুল কুদ্দুস। সেসময় তিনি একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন। পরে অটোরিকশা চালকের সহায়তায় সেটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশা চালক তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে তিনি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী কালের কণ্ঠকে বলেন, এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলা করা হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশাচালক আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে কারাগারে আছেন।

মির্জাপুরে যুবকের হাত কেটে আত্মহনন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে যুবকের হাত কেটে আত্মহনন
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে অপু মণ্ডল শুভ (২৩) নামের এক যুবক হাত কেটে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (রাত) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অপু মণ্ডল শুভ দেলদুয়ার উপজেলার উখিল চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি পরিবারসহ মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার গন্তব্যপাড়ায় ফারুক হোসেনের ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অপু বাসা থেকে বের হন। পরে রাত আড়াইটার দিকে সোহাগপাড়া বাজার এলাকায় তিনি চাকু দিয়ে নিজের হাত কাটেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং এসএসআই প্রদীপ চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
ঈদুল আজহায় নিরাপত্তার বিষয়ে পুলিশের পরামর্শ

ঈদুল আজহায় নিরাপত্তার বিষয়ে পুলিশের পরামর্শ

 

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অপু মণ্ডল নামের ওই যুবক হাত কেটে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিন মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
তিন মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জে ভুলতা-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় খানাখন্দের কারণে বিকল্প পথে যানবাহনের চাপ বেড়ে তিন মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েজুড়ে ধীরগতির যান চলাচল দেখা যায়। এতে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

এদিন দুপুরে সরেজমিন দেখা যায়, মদনপুর, কাঁচপুর, শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় থেমে থেমে যান চলাচল করছে। পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে দেখা যায়। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

চালকরা জানান, ভুলতা-গাউছিয়া সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় ওই সড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে অধিকাংশ যানবাহন এশিয়ান হাইওয়ে হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে উঠে আসে। অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে না পারায় পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এক ট্রাকচালক বলেন, ‘ভুলতা সড়কের অবস্থা খুবই খারাপ। তাই বাধ্য হয়ে বিকল্প সড়ক ব্যবহার করছি। কিন্তু এখানেও দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরেই ভুলতা-গাউছিয়া সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ছে। দ্রুত সড়ক সংস্কার না করা হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা তাদের।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ কালের কণ্ঠকে বলেন, ‘ভুলতা-গাউছিয়া সড়কের ভাঙনের কারণে বিপুলসংখ্যক যানবাহন বিকল্প পথে চলাচল করায় তিন মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের অতিরিক্ত সদস্য কাজ করছেন। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। তবে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।’

মহেশপুরে মেছো বাঘ পিটিয়ে হত্যা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মহেশপুরে মেছো বাঘ পিটিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপায় পথচারীদের মোটরসাইকেলের ধাক্কার পর একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছেন পথচারীরা। বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন বাখরাবাহ গ্রামের এক বাসিন্দা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে একটি মেছো বাঘ হঠাৎ মোটরসাইকেলের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলের সঙ্গে বাঘটির ধাক্কা লাগে এবং মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের সিটকে পড়ে আহত হন। 

এর পর আহত ব্যক্তির দিকে মেছো বাঘটি এগিয়ে এলে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে সেটিকে ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা বন্যপ্রাণীটিকে পিটিয়ে হত্যা করে। 

স্থানীয়রা জানান, মেছো বাঘটি আশপাশের ঝোপঝাড় কমে যাওয়া ও খাদ্য সংকটের কারণে হয়তো লোকালয়ে চলে এসেছিল। 

শৈলকুপা বন বিভাগের কর্মকর্তা মোখলেচুর রহমান জানান, ঘটনাটি তিনি মোবাইল ফোনে জেনেছেন। পথচারীরা মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করেছে, যা অত্যন্ত দুঃখজনক। বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।