• ই-পেপার

রাজবাড়ী সদর হাসপাতালে ৮০ শতাংশ চিকিৎসকের পদ শূন্য

  • মিলছে না কাঙ্ক্ষিত সেবা, চরম ভোগান্তিতে রোগীরা

পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত কমে সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি উন্নতি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত কমে সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি উন্নতি
ছবি: কালের কণ্ঠ

সিলেট বিভাগের চার জেলায় বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আরো ২দিন আগে থেকে মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার পানি নেমে যাওয়ার পর এবার সুনামগঞ্জ জেলার নদীর পানিও বিপৎসীমার নিচে নেমে গেছে। এতে করে জেলাটির প্লাবিত এলাকাগুলোর পানি নেমে গেছে। এতে করে আপাতত বন্যার শঙ্কা কমেছে।

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের তথ্য বিম্লেষণে দেখা গেছে, পাহাড়ি ঢল ও বর্ষণ বন্ধ থাকায় নদ নদীর পানি কমছে। আগের দিন বিপৎসীমার উপরে থাকা ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি এখন বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমে যাওয়ায় প্লাবিত হওয়া নিম্নাঞ্চলের পানি লোকালয় থেকে নেমে গেছে।

আমাদের মৌলভীবাজার ও হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল কমে যাওয়ায় দুটি জেলাতেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নদনদীর পানি কমায় নিম্নাঞ্চলগুলো থেকে পানি সরে গেছে। ফলে মানুষ বাসাবাড়িতে ফিরেছেন। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সময় ব্যয় করছেন তারা।

সিলেটে গত সোমবার থেকে বৃষ্টিপাত কমে এসেছে। বুধবার (১৫ জুলাই) সারাদিন খরতাপে পুড়েছে সিলেট। বৃষ্টিপাত কমায় ও পাহাড়ি ঢল কমে আসায় সিলেটের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সিলেট জেলার ১০ পয়েন্টের সবকটিতে নদনদীর পানি অনেক কমেছে। ফলে আপাতত বন্যার শঙ্কা অনেকটাই নাই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘উজানে ভারতের মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিপাত কিছুটা কমেছে। ফলে সিলেটের সব নদ-নদীর পানির উচ্চতাও কমে এসেছে। ফলে বন্যার শঙ্কা আপাতত কমেছে।’

জামালপুরে বন্যাদুর্গত ৫৫২ জনকে বিনা মূল্যে চিকিৎসা দিল বিজিবি

নিজস্ব প্রতিবেদক
জামালপুরে বন্যাদুর্গত ৫৫২ জনকে বিনা মূল্যে চিকিৎসা দিল বিজিবি
সংগৃহীত ছবি

জামালপুরের বকশীগঞ্জে বন্যাদুর্গত এলাকার ৫৫২ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার সীমান্তবর্তী লাউচাপড়া বিনোদন কেন্দ্রে বিজিবির জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ব্যবস্থাপনায় এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিজিবির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

দিনব্যাপী এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ময়মনসিংহ সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিক্যাল অফিসার মেজর এস. এফ. এইচ. উর্মি, জামালপুর ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ডা. মো. ফজলে রাব্বী, ঢাকার পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. এস. এম. আলকাস তাহমিদ এবং বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার। ক্যাম্পেইনে আসা বন্যাদুর্গত মানুষদের বিনা মূল্যে বিভিন্ন রোগের সুচিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

মেডিক্যাল ক্যাম্পেইন চলাকালে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুল, সহকারী পরিচালক মো. ইমাম হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো দুর্যোগে অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় বন্যাদুর্গত মানুষের চিকিৎসায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এমন জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড
ছবি: কালের কণ্ঠ

টাঙ্গাইলে স্কুলছাত্রী সামিয়া আক্তারকে অপহরণের পর হত্যার দায়ে আসামিকে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় দেন। 

সাজাপ্রাপ্ত আসামি হলেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাব্বির মিয়া (২১)।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ওমরাও খান দীপু জানান, সখিপুরের দাড়িয়াপুর গ্রামের রনজু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৯) দাড়িয়াপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। সামিয়া ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আসামি সাব্বির তাকে অপহরণ করে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। তখন সামিয়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে পাশের একটি ধানক্ষেতের ড্রেনে কাদামাটি দিয়ে ঢেকে রাখে। এরপর আসামি সাব্বির নিজের পরিচয় গোপন রেখে একটি ইমু আইডি থেকে ভয়েস এসএমএস-এর মাধ্যমে সামিয়ার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় পরদিন ৭ সেপ্টেম্বর সামিয়ার বাবা রনজু মিয়া সখিপুর থানায় মামলা করেন। মামলার একদিন পর ৮ সেপ্টেম্বর সেই ধানক্ষেতের ড্রেন থেকে সামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর সাব্বিরকে পুলিশ গ্রেপ্তার করে। পরে সাব্বির স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

বিচার শেষে স্কুলছাত্রী সামিয়াকে হত্যার দায়ে আসামি সাব্বিরকে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। এ ছাড়া অপহরণের দায়ে আসামিকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মুক্তিপণের উদ্দেশ্যে শিশুকে আটক রাখার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে হত্যার পর লাশ গুমের চেষ্টাসহ মামলার গুরুত্বপূর্ণ আলামত কেরোসিন ঢেলে পুড়িয়ে ফেলায় আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন বিচারক।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন (স্টেট ডিফেন্স)। আসামির উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে আসামিকে টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।

গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে মাদক পাচারকালে ৬ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার (১৫ জুলাই) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রাবার বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পাচারকারীরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের শালুকিয়া গ্রামের আবদুল গফুরের ছেলে সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রুপগঞ্জের পশ্চিম নাউ এলাকার মৃত শহিদুল ইসলাম সুরুজের মেয়ে সিমা ইসলাম (২২) ও মিরপুর ১ নম্বর এলাকার কামরুজ্জামান রনির মেয়ে উর্মি আকতার উষা (১৯)।

কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, পাচারকারীরা একটি প্রাইভেট কারে টেকনাফ থেকে ইয়াবার চালান কিনে রাজধানী ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গাড়িটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মাদক নিয়ন্ত্রণ বিভাগের কর্মীরা কারটি থামিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ পাচারকারীদের গ্রেপ্তার করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।