• ই-পেপার

মহেশপুরে মেছো বাঘ পিটিয়ে হত্যা

খুলনায় পাট শ্রমিকদের দ্বিতীয় দিনের অবরোধ

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বকেয়া বেতন দাবি

খুলনা অফিস
খুলনায় পাট শ্রমিকদের দ্বিতীয় দিনের অবরোধ
কাঁচাপাট রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বকেয়া বেতনের দাবিতে বুধবার খুলনার দৌলতপুরের মহসিন মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : কালের কণ্ঠ

কাঁচাপাট রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বকেয়া বেতনের দাবিতে খুলনায় টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পাট গুদাম ও বেলিং শ্রমিকরা। 

বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো শুরু হওয়া এ কর্মসূচিতে দৌলতপুর এলাকা বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে। বন্ধ হয়ে যায় যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল।

শ্রমিকরা প্রথমে রেলগেট মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহসিন মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ গড়ে তোলেন। এতে যশোর-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়ে যাত্রী ও সাধারণ মানুষ।

আন্দোলনরত শ্রমিকরা জানান, সকাল ১০টায় শুরু হওয়া অবরোধ কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলে। দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ না এলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। প্রয়োজনে রেলপথ ও নৌপথ অবরোধের মতো কর্মসূচিও ঘোষণা করা হতে পারে বলে জানান শ্রমিক নেতারা।

এদিকে শ্রমিকদের একটি প্রতিনিধি দল বুধবার জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথাও রয়েছে।

বিক্ষোভরত শ্রমিকরা বলেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচাপাট রপ্তানির ওপর ‘অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক’ নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাট খাতে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। তাদের দাবি, রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের জুট প্রেস ও বেলিং শিল্প কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে হাজার হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা বলেন, কাঁচাপাট রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তায় পড়েছে। অনেক পরিবার না খেয়ে দিন কাটাচ্ছে, সন্তানদের পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দ্রুত রপ্তানি কার্যক্রম চালু এবং বকেয়া বেতন পরিশোধ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ঈদে ৮ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ঈদে ৮ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ বিষয়ক কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (২০ মে) সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি সই করা এক পত্রে বিষয়টি জানানো হয়েছে। 

ওই পত্রে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ বিষয়ক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৩ জুন থেকে বন্দরেরর সব কার্যক্রম পুনরায় চালু হবে।

এতে বলা হয়, সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন
দপ্তরির চাকরি না পেয়ে স্কুলমাঠে পাটচাষ!

দপ্তরির চাকরি না পেয়ে স্কুলমাঠে পাট চাষ!

 

পত্রে আরো বলা হয়, বন্ধের সময় সোনামসজিদ ইমিগ্রেশন পথে দুই দেশে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ঈদের দিনসহ প্রতিদিনই চালু থাকবে।

বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্ধের মধ্যে লোড-আনলোড, গুদামজাতকরণ, পরিবহনসহ কিছু অভ্যন্তরীণ কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।

দপ্তরির চাকরি না পেয়ে স্কুলমাঠে পাটচাষ!

অনলাইন ডেস্ক
দপ্তরির চাকরি না পেয়ে স্কুলমাঠে পাটচাষ!
সংগৃহীত ছবি

রাজবাড়ীতে দপ্তরির চাকরি না পেয়ে স্কুল মাঠেই পাটচাষের অভিযোগ উঠেছে সজিব খাঁন ও তার বাবা কালাম খাঁন। রাজবাড়ীর কালুখালী উপজেলার মুরারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুলের মাঠে পাটচাষ করায় নানা সমস্যা পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা জানায়, এ স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী ১৪২ জন। স্কুলমাঠে পাটক্ষেত থাকায় খেলাধুলা করতে তাদের সমস্যা পোহাতে হচ্ছে। দ্রুত স্কুলের মাঠ থেকে পাট ক্ষেত অপসারণের দাবি জানিয়েছে তারা।

সজিব খাঁন ও তার বাবা কালাম খাঁন জানান, ২০২৪ সালের শুরুর দিকে স্কুল কর্তৃপক্ষ সজিবকে স্কুলের দপ্তরির চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে জমি নিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে। তবে দুই বছর পেরিয়ে গেলেও এখনো তাকে চাকরি দেওয়া হয়নি। যে কারণে তারা তাদের জমিতে পাটের আবাদ করেছেন।

সজিব বলেন, আমরা বাধ্য হয়ে আমাদের জমিতে পাট চাষ করেছি। স্কুল কর্তৃপক্ষ আমাকে চাকরি দিক, নাহলে আমাদের জমির টাকা দিক, নইলে বাউন্ডারি ওয়াল ভেঙে দিক। যাতে আমরা আমাদের জমিতে ভালোভাবে চাষাবাদ চালাতে পারি।

স্কুলটির প্রধান শিক্ষক নূরুন্নাহার খানম জানান, তৎকালীন এমপি জিল্লুল হাকিম কালাম খানের কাছ থেকে স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণ করার জন্য জমি নিয়ে দেন। কথা ছিল, সজিবকে চাকরি দেওয়ার পর জমি রেজিস্ট্রি করার। তবে ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট বদলে যাওয়ায় সেটি আর সম্ভব হয়নি। যে কারণে সজিব ও তার বাবা তাদের জমিতে পাটের আবাদ করেছেন।

স্কুলের মাঠে পাট দিন দিন বড় হচ্ছে জানিয়ে কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এতে কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়ছে। বিষয়টি কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’

মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, রংপুর
মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টায় গ্রেপ্তার ৪
ছবি: কালের কণ্ঠ

রংপুর নগরীর ধাপ কটকিপাড়া এলাকায় এক কর্মজীবী নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে জমি বিক্রির টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্তরা ঘরে ইয়াবা থাকার নাটক সাজিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। পরে মহানগর গোয়েন্দা পুলিশ ও ধাপ ফাঁড়ি পুলিশের অভিযানে ঘটনার রহস্য উদঘাটিত হয়।

বুধবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ আব্দুল মাবুদ। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মিনহাজ আহমেদ (২৮), মহিম হাসান (২৫), শাহরিয়ার সরকার (২৮) ও আব্দুল মজিদ (২০)। তাদের সবার বাড়ি নগরীর ধাপ কটকিপাড়া এলাকায়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী নগরীর একটি কারুপণ্য প্রতিষ্ঠানের আলমনগর কারখানায় কর্মরত। সম্প্রতি তিনি তিন লাখ ৬০ হাজার টাকায় একটি জমি বিক্রি করেন। মঙ্গলবার বিকেলে সেই টাকা ব্যাংকে জমা রেখে ধাপ কটকিপাড়ার ভাড়া বাসায় ফেরেন তিনি।

অভিযোগ রয়েছে, সন্ধ্যার পর কয়েকজন যুবক জোরপূর্বক তার বাসায় প্রবেশ করে নিজেদের প্রভাব খাটিয়ে ঘরে মাদক রয়েছে দাবি করে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে বিছানার তোষকের নিচে ইয়াবা পাওয়া গেছে বলে দাবি করা হয়। পরে বিষয়টি ‘মীমাংসা’ করার কথা বলে টাকা দাবি করা হয়।

ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার ব্যাংকের চেকবইয়ের কয়েকটি পাতাও নিয়ে নেওয়া হয়। পরে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য জিনিসপত্র তছনছ করা হয় বলে জানান তিনি।

পরিস্থিতি সন্দেহজনক মনে হলে বাড়ির মালিক গোপনে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ কমিশনারের নির্দেশনায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এবং ধাপ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে তদন্তে ঘটনার রহস্য উদঘাটিত হয়।

আরো পড়ুন
পাকিস্তানে ইনফ্লুয়েন্সার হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

পাকিস্তানে ইনফ্লুয়েন্সার হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

 

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা সদৃশ বস্তু প্রাথমিক পরীক্ষায় ভুয়া বলে প্রতীয়মান হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে ওই নারীকে মাদক মামলায় ফাঁসিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই ধরনের প্রতারণা চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কিনা, তাও তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে, মাদক দিয়ে ফাঁসানোর নাটক সাজিয়ে কিংবা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া ও নিরীহ মানুষকে হয়রানির বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরো বলেন, নগরীতে কেউ এ ধরনের প্রতারণা বা সন্দেহজনক কর্মকাণ্ডের শিকার হলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।