• ই-পেপার

চৌবাচ্চায় ছিল জেট ফুয়েল, ড্রামে ডিজেল ও অকটেন

ডামুড্যায় অনুষ্ঠানে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
ডামুড্যায় অনুষ্ঠানে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা
ছবি: কালের কণ্ঠ

ডামুড্যায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনের সময় জাতীয় সংগীত চলাকালে সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লুর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জসিম বেপারীর বিরুদ্ধে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল আহত হয়েছন। 

মঙ্গলবার (১৯ মে) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ৩৬ নং মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পরে উত্তপ্ত পরিস্থিতির কারণে অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

হামলাকারী জসিম বেপারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। এছাড়া সঙ্গে ছিল তাঁর ভাগিনা ইউনিয়ন ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন (২৯), মো. সাইম (২২), সিকান্দার হাওলাদার (৬০) ও বিপ্লব (৫০)।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়সূত্রে জানা গেছে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয় মাঠে অনুষ্ঠান চলছিল। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করার সময় হঠাৎ করে সিড্যা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জসিম বেপারী, তার ভাগিনা ইউনিয়ন ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন (২৯), মো. সাইম (২২), সিকান্দার হাওলাদার (৬০) ও বিপ্লবসহ (৫০) কয়েকজন ব্যক্তি এসে হামলা চালায়। চেয়ারম্যানকে বাঁচতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল হামলার শিকার হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করছিলাম। হঠাৎ করেই জসিম বেপারী বাঁশ নিয়ে এসে হামলা শুরু করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময় খেলা বন্ধ ছিল। পরে আবারও হামলার ঘটনা ঘটে।’ 

৩৬ নং মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পাঁচটি বিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নিতে এসেছিল। অনুষ্ঠান শুরুর সময় হামলার ঘটনায় চেয়ারম্যানসহ আমিও আহত হই। পরে স্থানীয়দের পরামর্শে অনুষ্ঠান পুনরায় শুরু করা হলেও আবার উত্তেজনা সৃষ্টি হয়।’

সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু বলেন, ‘আমি উদ্বোধক হিসেবে অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম। জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের সময় হঠাৎ হামলার শিকার হই। বর্তমানে চিকিৎসা নিচ্ছি। পরে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। পরবর্তীতে তারা প্রথম সিদ্ধান্ত নেয় ক্রীড়া অনুষ্ঠানটি বন্ধ থাকবে। পরে এলাকার সবার কথা বলে এবং পরিস্থিতির বিবেচনায় খেলাটি আমরা পুনরায় শুরু করি। তবে এ বিষয়ে কোন এখনো অভিযোগ হয়নি। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।’ 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকন্ঠ ভক্ত বলেন, ‘আমি ঘটনাটি শুনার সঙ্গে সঙ্গে শিক্ষকদের সাথে আলোচনা করে অনুষ্ঠান স্থগিত করি। পরে স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে অনুষ্ঠান চালানোর জন্য বলি।

বিএনপি’র উপজেলা আহবায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু বলেন, ‘এ বিষয়টি অনেক পুরনো তারপরও আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো। এর আগে জসিম বেপারীর স্কুলের সঙ্গে দোকানপাট আওয়ামী লীগের আমলে ভাংচুর করেন এ ক্ষোভ থেকে এটি করেছে বলে মনে হচ্ছে।’ 

তবে এ ঘটনায় অভিযুক্ত জসিম বেপারীর বক্তব্য পাওয়া যায়নি। 

মঞ্চে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় হট্টগোল, তোপের মুখে ফিরে গেলেন সেতুমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি
মঞ্চে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় হট্টগোল, তোপের মুখে ফিরে গেলেন সেতুমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত ‘নবম চীন মৈত্রী বগা সেতু’ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর আগমন উপলক্ষে সংক্ষিপ্ত সুধী সভামঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি না থাকায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। বিএনপি নেতাকর্মীরা ওই সভা বর্জন করে প্রায় ৪৫ মিনিট মন্ত্রীর বহর অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সভা মঞ্চে না গিয়ে বগা ফেরিঘাট এলাকা ত্যাগ করেন মন্ত্রী।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে বগা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

সরেজমিনে গিয়ে জানা যায়, মন্ত্রীর আগমন উপলক্ষে বগা ফেরিঘাটের অদূরে সভার আয়োজন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতের দলীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শফিকুল ইসলাম মাসুদ। ওই সভা মঞ্চের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় বিএনপিদলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রী বগা ফেরিঘাট এলাকায় পৌঁছে সভামঞ্চের দিকে রওনা হলে তার পথ অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগানে পুরো ফেরিঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় ৪৫ মিনিট মন্ত্রীর পথ অবরুদ্ধ করে রাখেন বিএনপি নেতাকর্মীরা। তাদের তোপের মুখে সভা মঞ্চে না গিয়ে একই ফেরিতে ফিরে যান মন্ত্রী। 

ফেরার পথে সড়কের ওপর দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, ‘অতিসম্প্রতি এক খুদে শিক্ষার্থী বগা সেতু বাস্তবায়নের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছেন। সেটি প্রধানমন্ত্রী নজরে এলে তিনি আমাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে কিভাবে দ্রুততম সময়ে সেতুটি নির্মাণ করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।’

মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সেতু হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে যা যা করণীয়, তা করছি। চীন ইতোমধ্যে নকশা চূড়ান্ত করেছে। বাস্তবায়ন চুক্তি এক মাসের মধ্যে হয়ে যাবে। চুক্তি সম্পন্ন হলেই এ বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে নির্মাণকাজ শুরু হবে।’ 

মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন পটুয়াখালী-১ আসনের বিএনপিদলীয় এমপি আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ আসনের জামায়াতদলীয় এমপি শফিকুল ইসলাম মাসুদ ও পটুয়াখালী-২ আসনের বিএনপিদলীয় সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশ সরকার কুট্টি, পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী।

ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকা প্রসঙ্গে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) তসলিম তালুকদার বলেন, ‘সেতুটি আমাদের প্রাণের দাবি। যা বাস্তবায়নের জন্য বিএনপি সরকার উদ্যোগ নিয়েছে। সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সেতুমন্ত্রী এসেছেন। কিন্তু সেই সভা মঞ্চের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি নেই। এটি এক ধরনের অপরাজনীতি। এ কাজটি জামায়াত এমপি মাসুদ ঠিক করেননি।’

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা ইসাহাক বলেন, ‘এটি কোনো রাজনৈতিক সভা-সমাবেশ নয়। মন্ত্রীর আগমন উপলক্ষে একটি সভা। সেখানে প্রধানমন্ত্রীর ছবি না থাকা নিয়ে বিএনপির হট্টগোল করাটা অযৌক্তিক। তারা বিশৃঙ্খলা করে সভা পণ্ড করে দিয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাউফলের মানুষ।’

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন
সংগৃহীত ছবি

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির বর্তমান সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন। সরকারি আদেশে (জিও) নিয়োগপ্রাপ্ত হওয়ার পর মঙ্গলবার (১৯ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এর আগে সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব রবিউল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে দেশের ১৩তম বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, নবনিযুক্ত প্রশাসক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন
৮ ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

৮ ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

 

গত ১৪ মে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান সই করা সরকারি গেজেটে প্রায় ১৫০ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। বগুড়া পৌরসভা এবং এরসঙ্গে সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন সম্প্রসারিত ও পার্শ্ববর্তী এলাকার সমন্বয়ে মোট ২১টি ওয়ার্ড নিয়ে এই নতুন সিটি করপোরেশন গঠন করা হয়েছে।

ঘোষিত গেজেট অনুযায়ী, বগুড়া পৌরসভা ছাড়াও সদর ও শাজাহানপুর উপজেলার ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সূত্রাপুর, মালগ্রাম, ঠনঠনিয়া, মালতীনগর, ফুলদিঘী ও বেতগাড়ীসহ কয়েকটি সম্প্রসারিত এলাকা নিয়ে সর্বমোট ২১টি ওয়ার্ডের সমন্বয়ে নতুন এই সিটি করপোরেশন গঠন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে অবশেষে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু হলো উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়া।

এদিকে, বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা এবং প্রথম প্রশাসক নিয়োগের ঘটনায় শহরজুড়ে নতুন এক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নানরকম সমস্যার সমাধান ছাড়াও উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বপ্ন বুনছে স্থানীয় নগরবাসী ও রাজনৈতিক নেতাকর্মীরা। তবে নবগঠিত এই সিটি করপোরেশনকে পূর্ণাঙ্গ কাঠামোতে দাঁড় করানো, অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় নাগরিক সেবা প্রদানই হবে প্রশাসকের সামনে বড় চ্যালেঞ্জ।

অপরদিকে, দায়িত্ব গ্রহণের পর এম আর ইসলাম স্বাধীন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

সবার সহযোগিতায় বগুড়া সিটি করপোরেশনকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।


 

৮ ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

নওগাঁ প্রতিনিধি
৮ ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
সংগৃহীত ছবি

বাস কাউন্টারে হামলা ও শ্রমিককে মারধরের প্রতিবাদে নওগাঁ থেকে ঢাকাসহ দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ ছিল। প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফের বাস চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর থেকে দফায় দফায় আলোচনার পর বিকেলে সাড়ে ৫টা নাগাদ এ পরিস্থিতি স্বাভাবিক হয়। এরআগে সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। যাত্রী নামিয়ে চালক বাসটি ঘোরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কথা ছাড়াই চালককে মারধর করে। পরে বাসটি কাউন্টারে এলে সেখানে গিয়েও কাউন্টার ভাঙচুরের চেষ্টা করেন তারা। এই মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

নওগাঁ মোটরশ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এবং জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, ‘আলোচনা মাধ্যমে কয়েক ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে। শ্রমিকদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসন পক্ষ থেকেও জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।’