• ই-পেপার

মঞ্চে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় হট্টগোল, তোপের মুখে ফিরে গেলেন সেতুমন্ত্রী

চৌবাচ্চায় ছিল জেট ফুয়েল, ড্রামে ডিজেল ও অকটেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চৌবাচ্চায় ছিল জেট ফুয়েল, ড্রামে ডিজেল ও অকটেন

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ভিআইপি রোড সংলগ্ন ও আকমল আলী স্লুইস গেট সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, ১ হাজার ৫০০ লিটার অকটেন ও ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে কোস্ট গার্ড। 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ডের বিসিজিএস তাজউদ্দীনের সিগন্যাল কমিউনিকেশন অফিসার লেফটেন্যান্ট হাসিব-উল-ইসলাম।

আরো পড়ুন
মঞ্চে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় হট্টগোল, তোপের মুখে ফিরে গেলেন সেতুমন্ত্রী

মঞ্চে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় হট্টগোল, তোপের মুখে ফিরে গেলেন সেতুমন্ত্রী

 

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানার ভিআইপি রোড এলাকায় মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, সুইমিংপুলের মতো চৌবাচ্চা তৈরি করে তাতে জেট ফুয়েল মজুদ রাখা হয়েছিল। পাশে সারিবদ্ধ ড্রামে রাখা ছিল ডিজেল ও অকটেন। অভিযানের সময় একটি ট্যাংক লরি থেকে জেট ফুয়েল নামানো হচ্ছিল। এ সময় ট্যাংক লরিটি জব্দ করা হয়।

লেফটেন্যান্ট হাসিব-উল-ইসলাম বলেন, অভিযানে ওই স্থান থেকে ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার অকটেন উদ্ধার করা হয়। এছাড়া জ্বালানি তেল বহনে ব্যবহৃত একটি ট্যাংক লরিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইপিজেড থানার আকমল আলী স্লুইস গেট সংলগ্ন এলাকায় মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আরো একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারজাতের উদ্দেশ্যে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৫ হাজার লিটার ভোজ্যতেল (সয়াবিন) জব্দ করা হয়।

তিনি আরো বলেন, দুটি অভিযানেই আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জ্বালানি ও ভোজ্য তেল চোরাকারবারির সঙ্গে সংশ্লিষ্ট মূলহোতাদের আটকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন
সংগৃহীত ছবি

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির বর্তমান সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন। সরকারি আদেশে (জিও) নিয়োগপ্রাপ্ত হওয়ার পর মঙ্গলবার (১৯ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এর আগে সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব রবিউল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে দেশের ১৩তম বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, নবনিযুক্ত প্রশাসক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন
৮ ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

৮ ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

 

গত ১৪ মে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান সই করা সরকারি গেজেটে প্রায় ১৫০ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। বগুড়া পৌরসভা এবং এরসঙ্গে সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন সম্প্রসারিত ও পার্শ্ববর্তী এলাকার সমন্বয়ে মোট ২১টি ওয়ার্ড নিয়ে এই নতুন সিটি করপোরেশন গঠন করা হয়েছে।

ঘোষিত গেজেট অনুযায়ী, বগুড়া পৌরসভা ছাড়াও সদর ও শাজাহানপুর উপজেলার ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সূত্রাপুর, মালগ্রাম, ঠনঠনিয়া, মালতীনগর, ফুলদিঘী ও বেতগাড়ীসহ কয়েকটি সম্প্রসারিত এলাকা নিয়ে সর্বমোট ২১টি ওয়ার্ডের সমন্বয়ে নতুন এই সিটি করপোরেশন গঠন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে অবশেষে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু হলো উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়া।

এদিকে, বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা এবং প্রথম প্রশাসক নিয়োগের ঘটনায় শহরজুড়ে নতুন এক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নানরকম সমস্যার সমাধান ছাড়াও উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বপ্ন বুনছে স্থানীয় নগরবাসী ও রাজনৈতিক নেতাকর্মীরা। তবে নবগঠিত এই সিটি করপোরেশনকে পূর্ণাঙ্গ কাঠামোতে দাঁড় করানো, অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় নাগরিক সেবা প্রদানই হবে প্রশাসকের সামনে বড় চ্যালেঞ্জ।

অপরদিকে, দায়িত্ব গ্রহণের পর এম আর ইসলাম স্বাধীন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

সবার সহযোগিতায় বগুড়া সিটি করপোরেশনকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।


 

৮ ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

নওগাঁ প্রতিনিধি
৮ ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
সংগৃহীত ছবি

বাস কাউন্টারে হামলা ও শ্রমিককে মারধরের প্রতিবাদে নওগাঁ থেকে ঢাকাসহ দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ ছিল। প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফের বাস চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর থেকে দফায় দফায় আলোচনার পর বিকেলে সাড়ে ৫টা নাগাদ এ পরিস্থিতি স্বাভাবিক হয়। এরআগে সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। যাত্রী নামিয়ে চালক বাসটি ঘোরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কথা ছাড়াই চালককে মারধর করে। পরে বাসটি কাউন্টারে এলে সেখানে গিয়েও কাউন্টার ভাঙচুরের চেষ্টা করেন তারা। এই মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

নওগাঁ মোটরশ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এবং জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, ‘আলোচনা মাধ্যমে কয়েক ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে। শ্রমিকদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসন পক্ষ থেকেও জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।’

তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ৩ ব্যক্তি আটক

তাহিরপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ৩ ব্যক্তি আটক
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম পুরান লাউড় গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মো. শফিক মিয়া (৩২), একই ইউনিয়নের ঘাগড়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং কোনাটছড়া গ্রামের জালাল মিয়ার ছেলে মো. রউফ মিয়া (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কোনাটছড়া গ্রামের তোতা মিয়া পাথর মিলের সামনে তিন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে উপজেলার বাদাঘাট তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে তাদের দেহ তল্লাশি করেন। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৯ হাজার ২১০ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তাদের সঙ্গে থাকা আরো দুই ব্যক্তি পালিয়ে যান।

উপ-পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম বলেন, গ্রামবাসীর সহায়তায় ৫২ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া পলাতক দুজনকেও মামলার আসামি করা হবে।