• ই-পেপার

৮ ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন
সংগৃহীত ছবি

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির বর্তমান সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন। সরকারি আদেশে (জিও) নিয়োগপ্রাপ্ত হওয়ার পর মঙ্গলবার (১৯ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এর আগে সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব রবিউল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে দেশের ১৩তম বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, নবনিযুক্ত প্রশাসক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন
৮ ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

৮ ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

 

গত ১৪ মে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান সই করা সরকারি গেজেটে প্রায় ১৫০ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। বগুড়া পৌরসভা এবং এরসঙ্গে সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন সম্প্রসারিত ও পার্শ্ববর্তী এলাকার সমন্বয়ে মোট ২১টি ওয়ার্ড নিয়ে এই নতুন সিটি করপোরেশন গঠন করা হয়েছে।

ঘোষিত গেজেট অনুযায়ী, বগুড়া পৌরসভা ছাড়াও সদর ও শাজাহানপুর উপজেলার ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সূত্রাপুর, মালগ্রাম, ঠনঠনিয়া, মালতীনগর, ফুলদিঘী ও বেতগাড়ীসহ কয়েকটি স¤প্রসারিত এলাকা নিয়ে সর্বমোট ২১টি ওয়ার্ডের সমন্বয়ে নতুন এই সিটি করপোরেশন গঠন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে অবশেষে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু হলো উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়া।

এদিকে, বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা এবং প্রথম প্রশাসক নিয়োগের ঘটনায় শহরজুড়ে নতুন এক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নানরকম সমস্যার সমাধান ছাড়াও উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বপ্ন বুনছে স্থানীয় নগরবাসী ও রাজনৈতিক নেতাকর্মীরা। তবে নবগঠিত এই সিটি করপোরেশনকে পূর্ণাঙ্গ কাঠামোতে দাঁড় করানো, অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় নাগরিক সেবা প্রদানই হবে প্রশাসকের সামনে বড় চ্যালেঞ্জ।

অপরদিকে, দায়িত্ব গ্রহণের পর এম আর ইসলাম স্বাধীন বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

সকলের সহযোগিতায় বগুড়া সিটি করপোরেশনকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।


 

তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ৩ ব্যক্তি আটক

তাহিরপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ৩ ব্যক্তি আটক
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম পুরান লাউড় গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মো. শফিক মিয়া (৩২), একই ইউনিয়নের ঘাগড়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং কোনাটছড়া গ্রামের জালাল মিয়ার ছেলে মো. রউফ মিয়া (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কোনাটছড়া গ্রামের তোতা মিয়া পাথর মিলের সামনে তিন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে উপজেলার বাদাঘাট তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে তাদের দেহ তল্লাশি করেন। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৯ হাজার ২১০ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তাদের সঙ্গে থাকা আরো দুই ব্যক্তি পালিয়ে যান।

উপ-পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম বলেন, গ্রামবাসীর সহায়তায় ৫২ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া পলাতক দুজনকেও মামলার আসামি করা হবে।

পীরগঞ্জ

সামনে কোরবানি, কামারশালায় ব্যস্ততা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
সামনে কোরবানি, কামারশালায় ব্যস্ততা
ছবি : কালের কণ্ঠ

আগুনের ভাটিতে লোহা পুড়ে লাল। সেখান থেকে সাঁড়াশি দিয়ে তা তুলে ধরা হচ্ছে নেহাইয়ের ওপর। এরপর গরম লোহার ওপর ঢপাঢপ হাতুড়ির আঘাত, আরো কিছু ধারাবাহিক প্রক্রিয়া। এভাবে তৈরি করা হচ্ছে দা, ছুরি, চাপাতি, বঁটিসহ মাংস কাটার প্রয়োজনীয় সরঞ্জাম। 

দিন দশেক পরই পবিত্র ঈদুল আজহা। ঈদে কোরবানির জন্য ধারালো সরঞ্জাম জরুরি। ফলে এই সময় এর চাহিদা থাকে ব্যাপক। এসব সরঞ্জাম তৈরির জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কামাররা। 

এদিকে কাজের চাপ থাকলেও আশানুরূপ ক্রেতা না থাকায় হতাশ কারিগররা। তারা জানান, প্রতিবছর কোরবানির ঈদের আগে কামারশালাগুলোতে জমে ওঠে বেচাকেনা। কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য মানুষ নতুন দা-ছুরি কিনতে ভিড় করেন। কিন্তু এবার লোহার দাম বেড়ে যাওয়ায় সরঞ্জামের দামও বেড়েছে। ফলে অনেকেই নতুন জিনিস কেনার পরিবর্তে পুরনো দা-ছুরিতে ধার দিয়ে কাজ চালানোর চেষ্টা করছেন। এতে বিক্রি কমে গেছে। 
সরেজমিনে উপজেলার খালাশপীর,চতরা, শানেরহাট, ভেন্ডাবাড়ি কামারশালায় গিয়ে দেখা যায়, আগুনের ভাটির পাশে বসে ঘাম ঝরিয়ে লোহা পেটাচ্ছেন কারিগররা। কেউ পুরনো ছুরিতে ধার দিচ্ছেন, কেউবা নতুন দা তৈরি করছেন। তবে দোকানে ক্রেতার উপস্থিতি খুবই কম। মাঝে-মধ্যে দুই-একজন এলেও দাম শুনে ফিরে যাচ্ছেন। 

কারিগর আব্দুর রউফ বলেন, ‘এবার কাজ খুব কম। লোহার দাম অনেক বেড়েছে। গত বছর জিনিসের চাহিদা বেশি ছিল, কিন্তু এবার সেই অনুযায়ী বিক্রি নাই। আল্লাহ যেভাবে রাখছে সেভাবেই দিন চালাচ্ছি।’ আরেক কারিগর শাকিল বলেন, ‘ক্রেতা আসে, কিন্তু দাম একটু বেশি শুনলেই ঘুরে যায়। আগে দিনে অনেক বিক্রি হতো, এখন তেমন হচ্ছে না।’ 

বিক্রেতা গাবুর আলী জানান, আগের মতো বাজার নাই। মানুষ এখন নতুন জিনিস কম কিনছে। লোহার দাম বাড়ার কারণে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ক্রেতাদের মধ্যেও রয়েছে অসন্তোষ। 

রংপুর মর্ডান এলাকা থেকে আসা আকরামুল বলেন, ‘গরুর গোশত কাটার জন্য দা নিতে এসেছি। কিন্তু একেকটি ছুরি ও দা’র দাম ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তাই চিন্তা করে কিনতে হচ্ছে ‘ আরেক ক্রেতা রজ্জব আলী বলেন, ‘সবকিছুর দাম বাড়ছে। সংসার চালাতেই কষ্ট হচ্ছে। তাই নতুন জিনিস কেনা কঠিন হয়ে গেছে।’

প্রশাসন আমাকে সহযোগিতা করছে না : এম‌পি মুজা‌হি‌দ

আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কু‌ড়িগ্রাম
প্রশাসন আমাকে সহযোগিতা করছে না : এম‌পি মুজা‌হি‌দ
ছবি: কালের কণ্ঠ

কু‌ড়িগ্রাম-২ আস‌নের সংসদ সদস‌্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজা‌হিদ বলেছেন, কু‌ড়িগ্রামের প্রশাসন সিন্ডিকেট ঠিক রাখতে এবং তাদের ভাগ ঠিক রাখতে গিয়ে আমাকে সহযোগিতা করছে না। 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার শিক্ষক মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আতিক মুজা‌হিদ ব‌লেন, কেউ কেউ বলার চেষ্টা করছে এমপির বাজেট বরাদ্দ ফিরে যাচ্ছে। আমি কুড়িগ্রাম এবং কুড়িগ্রামের মানুষকে হৃদয়ে ধারণ করে সংসদে কথা বলার চেষ্টা করি। বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে পারসনালি কথা বলে কুড়িগ্রামের জন্য বরাদ্দ আনার চেষ্টা করি। কিন্তু এখানকার বিভিন্ন দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে। বিশেষ করে সদর, রাজারহাট ও ফুলবাড়ি উপজেলা পর্যায়ে, আমার কাছে মনে হয়েছে তাদের অনেকেই জনগণবিরোধী।

আরো পড়ুন
তামাকের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার প্রত্যয় নারী এমপিদের

তামাকের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার প্রত্যয় নারী এমপিদের

 

মুজাহিদ ব‌লেন, তারা নিজেদের স্যার দাবি করতে খুব ভালোবাসেন। জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে তারা প্রস্তুত নন। তারা জনগণকে কষ্ট দিতে পছন্দ করেন। তারা আর্থিক সুবিধা নিতে সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা এখনো ফ্যাসিস্টদের মতো আচরণে লিপ্ত।

এই সংসদ সদস‌্য বলেন, এখনকার ভূমি কর্মকর্তা বলেন আর ইউএনও বলেন, তারা কোনো একটি গোষ্ঠীকে সব সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত। তারা সবাই মিলে একটা সিন্ডিকেট। তারা এই সিন্ডিকেট ঠিক রাখার জন্য, নিজেদের ভাগ-বাটোয়ারা ঠিক রাখার জন্য আমাকে কাজ করতে দিচ্ছে না, সহযোগিতা করছে না।

টিআর কাবিখা বরাদ্দ সম্পর্কে এমপি মুজাহিদ বলেন, এগুলো জনগণের কাজ। কাউকে একটা টাকাও দেওয়া হবে না। যদি তারা সিন্ডিকেটের কারণে কোনো কাজকে পেছানোর চেষ্টা করে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এটা সবার সামনে তুলে ধরব। 

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্যসচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক মজনু মিয়া, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান প্রমুখ।