<p>নারায়ণগঞ্জের ফতুল্লা ডিএনডি বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চারটি খাল খনন শুরু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এ কর্মসূচির উদ্বোধন করেন।</p> <p>এর আগে দীর্ঘদিন ধরে ডিএনডি এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে জনভোগান্তি চরম আকার ধারণ করে। এ প্রেক্ষাপটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের নলখালী খাল, বাগডোমারী খাল, ওয়াপদা খাল এবং কাশীপুর ইউনিয়নের কল্যাণী খাল খননের উদ্যোগ নেওয়া হয়।</p> <p>অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জনসাধারণের সচেতনতা অপরিহার্য। যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’</p> <p>এসময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।</p>