<p style="text-align: justify;">গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ—এই ত্রি-স্মৃতিবিজড়িত শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি আদালত সড়ক ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে মহাজনপাড়া জনবল বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।</p> <p style="text-align: justify;">শুক্রবার (১ মে) সকালে পানখাইয়াপাড়া মারমা উন্নয়ন সংসদ কার্যালয় মাঠে মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন খবং পড়িয়া দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির ভান্তে। এর আয়োজন করে সর্বজনীন বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটি ও বৌদ্ধ মৈত্রী কল্যাণ সংঘ।</p> <p style="text-align: justify;">এতে বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসহ হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। পরে জনবল বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে দেশ, জাতি ও সব প্রাণীর মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিখার দান, স্বধর্ম শ্রবণ ও পিণ্ডদানসহ নানা আচার পালন করা হয়।</p> <p style="text-align: justify;">এই পূর্ণিমা তিথিতে ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ সংঘটিত হওয়ায় দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতিবছরই এটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।</p>