• ই-পেপার

মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সংগৃহীত ছবি

কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। তিনি ঢাকার শ্যামপুর করিমুল্লাহ বাগ এলাকার থাকতেন। তার বাবার নাম শফিকুল ইসলাম মাসুদ।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, গুরতর আহত অবস্থায় পাপনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর পাপনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমন আহমেদ জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপরে চিৎকার শুনে লোকজন দৌড়ে যাচ্ছিলেন, সে সময়ে আমরা কয়েক জন, ব্রিজের নিচে ছিলাম। পরে আমরাও সেখানে যাই। সেখানে দেখতে পাই, লোকটি রক্তাক্ত অবস্থা পরে আছেন। তার পাশে একজন মেয়ে ছিলেন। পাশে ছিল একটি মোটরসাইকেল। তারা দুজন মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন। আরেকটি মোটরসাইকেলের কয়েকজন তাদের পথরোধ করে।

তিনি আরো জানান, তারা চিৎকার দিলে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কে বা কারা কি কারণে, তাকে ছুরিকাঘাত করেছে, না কোন ছিনতাইয়ের উদ্দেশ্যে মেরেছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। 

গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

অনলাইন ডেস্ক
গরমে ভোগান্তি নাকি বৃষ্টিতে স্বস্তি, আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে গমের দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। 

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক বুধবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

যেসব মার্কেট বন্ধ থাকবে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

ঢাকা দক্ষিণ সিটিতে শুদ্ধি অভিযান, পরিবহন তত্ত্বাবধায়ক পদে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটিতে শুদ্ধি অভিযান, পরিবহন তত্ত্বাবধায়ক পদে পরিবর্তন
সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘শুদ্ধি অভিযান’ শুরু করেছেন প্রশাসক মো. আব্দুস সালাম। এর অংশ হিসেবে করপোরেশনের কেন্দ্রীয় পরিবহন পুলে বড় ধরনের রদবদল করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পরিবহন তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) মো. আরিফ চৌধুরীকে তার মূল পদ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে তিনি ১২তম গ্রেড থেকে ১৫তম গ্রেডে নেমে গেছেন।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, দক্ষ ও যোগ্য জনবল পদায়নের অংশ হিসেবে এই প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে এবং রাজনৈতিক পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।

আরিফ চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত শ্রমিক দলের একাংশের সভাপতি হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তৎকালীন প্রশাসকের ওপর চাপ প্রয়োগ করে কম্পিউটার অপারেটর পদ থেকে এক লাফে কেন্দ্রীয় পরিবহন পুলের পরিবহন তত্ত্বাবধায়কের দায়িত্ব নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপরই তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে।

খোঁজ নিয়ে জানা যায়, আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ ফিরে পেয়েছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার হস্তক্ষেপে তিনি শেষ পর্যন্ত মেয়র পদে বসতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ ৪০ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন চলে এবং একপর্যায়ে সিটি করপোরেশনের স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

অভিযোগ রয়েছে, ওই সময় অফিস সম্পূর্ণ বন্ধ থাকলেও শতকোটি টাকার জ্বালানি খরচ বাবদ অর্থ উত্তোলন করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আরিফ চৌধুরীর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। ওই জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলাও চলমান রয়েছে।

এ ছাড়া সদ্য শেষ হওয়া ঈদুল আজহায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে চাহিদামতো জ্বালানি সরবরাহ না করায় ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রমে ঘাটতি দেখা দেয়। এর পেছনেও জ্বালানি চুরি ও অপব্যবহারের কারণে সৃষ্ট কৃত্রিম সংকট দায়ী ছিল বলে আরিফ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ ওঠে।

সিটি করপোরেশনের অফিস আদেশে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় পরিবহন পুল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। এ বিভাগের সুষ্ঠু ও মানসম্মত কার্যক্রম পরিচালনার স্বার্থে দক্ষ ও যোগ্য কর্মী পদায়ন প্রয়োজন। সেই প্রেক্ষিতে প্রশাসনিক স্বার্থে মো. আরিফ চৌধুরীকে পরিবহন তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) থেকে অব্যাহতি দিয়ে তার মূল পদে ফেরত পাঠানো হয়েছে।

একই আদেশে কেন্দ্রীয় পরিবহন পুলে সংযুক্ত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. ইমরান হোসাইনের সংযুক্তির আদেশ বাতিল করে তাকে তার মূল কর্মস্থল সিভিল সার্কেলে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে, সহকারী পরিবহন তত্ত্বাবধায়ক মামুন উদ্দিন আহম্মেদকে নতুন পরিবহন তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।