<p style="text-align: justify;">মির্জাপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে হাত বাঁধা অবস্থায় পড়ে থাকা আতিকুর রহমান (৫০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার পাকুল্যা ফিলিং স্টেশনের পূর্বপাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। </p> <p style="text-align: justify;">আতিকুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দশআনি বকশিয়া গ্রামের খালেদুর রহমানের ছেলে।</p> <p style="text-align: justify;">পুলিশ জানায়, রবিবার সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে উক্ত স্থানে হাত বাঁধা এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়।</p> <p style="text-align: justify;">মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন জানান, শনিবার রাতের যেকোনো সময় আতিকুর রহমান ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।</p>