• ই-পেপার

নাটোরে পুলিশের সামনে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৮

আলোচিত শিক্ষিকার অভিযোগ

‘নেতিবাচক ক্যাপশনে’ ভিডিও ভাইরাল করেন প্রবাসী তরুণ

অনলাইন ডেস্ক
‘নেতিবাচক ক্যাপশনে’ ভিডিও ভাইরাল করেন প্রবাসী তরুণ

সিলেটের ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের একটি ফেসবুক রিল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। ভিডিওটি ঘিরে একদিকে ট্রল ও সাইবার বুলিং চলছে, অন্যদিকে অনেকেই শিক্ষিকার পক্ষে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

এ বিষয়ে মুখ খুলেছেন শিক্ষিকা বিউটি রাণী পাল। তিনি সংবাদমাধ্যম কালবেলাকে জানিয়েছেন, স্কুল চলাকালীন নয়; বরং ছুটির পর ভিডিওটি রেকর্ড করেন তিনি। ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘নেতিবাচক ক্যাপশনে’ তার ভিডিও ভাইরাল করেন আসিফ ইকবাল হিরণ নামের এক প্রবাসী তরুণ। ওই তরুণের বিরুদ্ধে তিনি সাইবার বুলিং এবং সামাজিকভাবে হেনস্তারও অভিযোগ তুলেছেন।

বিউটি রাণী পাল বলেন, ‘আমি আসলে রিল (গানসহ ছোট ভিডিও) বানাতে জানি না। আমার এক সহকর্মীকেই বলছিলাম যে, কিভাবে রিল বানায়। স্কুল ছুটির পরে স্কুলের আঙিনাতেই আমি হেঁটে গেছি আর উনি ভিডিওটা করেছেন।’

ভিডিওটি নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে বিউটি রাণী বলেন, ‘আমরা মুখে দিয়ে বলব কারিকুলাম উন্নত, আর আমাদের মন মানসিকতা থাকবে সংকীর্ণ, তাহলে আমরা কিভাবে দেশ ও জাতিকে এগিয়ে নিব? আমাদের মন-মানসিকতা যদি এখন ডিজিটালাইজড না করি, স্মার্ট না হই, উন্নত না করি, তাহলে আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব না। আমাদের সব দিক দিয়ে সমানতালে চলতে হবে।’

শিক্ষিকা বলেন, ‘উনি আমার ভিডিওটা ডাউনলোড করে নিয়ে উনার পত্রিকায় নিউজ করেছেন এবং উনার ব্যক্তিগত ফেসবুক পেজেও আমার সম্পর্কে আজেবাজে লিখেছেন।’

তার দাবি, আসিফ ইকবাল হিরণের পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছেন। হিরণ তাকে ফোন করে ব্যক্তিগত প্রশ্ন (বাড়ি কোথায়, তিনি স্থানীয় কি না) করে হেনস্তা করার চেষ্টা করেন। শিক্ষিকা তাকে পোস্টটি ডিলিট করার অনুরোধ জানালেও তিনি তা করতে অস্বীকার করেন।

বিউটি রাণী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত, এভাবে সামাজিকভাবে হেনস্তা করা কাম্য নয়।’

তিনি শিক্ষক সুরক্ষা আইনের দাবি জানিয়ে বলেন, ‘শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিলে সমাজ সবচেয়ে বেশি নৈতিক হবে।’

অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে তিনি আইনি জটিলতায় না গিয়ে সারা দেশের মানুষের দেওয়া নৈতিক সমর্থনকেই তার শ্রেষ্ঠ প্রাপ্তি বলে মনে করছেন।

শিক্ষিকার অভিযোগের বিষয়ে আসিফ ইকবাল বলেন, ‘আমি ম্যাডামকে আদাব দিয়ে ভিডিওর বিষয়ে বক্তব্য জানতে চেয়েছি। আর কিছু বলিনি।’

ফেঞ্চুগঞ্জ প্রতিদিন পেজটি কোনো অনলাইন গণমাধ্যম কি না, নিবন্ধন আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, নিবন্ধন নাই।’

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চসিক মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চসিক মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ
ছবি : কালের কণ্ঠ

সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়া এলাকার এক হাজার অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

রবিবার (২৬ জুলাই) বিকেলে পূর্ব বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেন।

মরহুম ছাবেদুল হক মেম্বার স্মৃতি সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে মেয়র বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অসহায় মানুষের কষ্ট লাঘবে কাজ করা হচ্ছে এবং সমাজের বিত্তবানদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবার সহযোগিতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। মানুষের সুখ-দুঃখ, দুর্যোগ ও সংকটের সময়ে দলের নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করেছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে মেয়র চেয়ারম্যান ঘাটা এলাকায় মশক নিধনে স্প্রে কার্যক্রম পরিচালনা করেন।

আজিজুল হক মাসুমের সভাপতিত্বে এবং মাহবুব সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ শামসুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. তৈয়ব। এছাড়া স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

নেত্রকোনায় লাশ দাফন শেষে ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
নেত্রকোনায় লাশ দাফন শেষে ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০
ছবি : কালের কণ্ঠ

নেত্রকোনার মদনে লাশ দাফন শেষে বাড়ি ফেরার পথে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।

​রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামে এ সংঘাতের ঘটনা ঘটে।

​সংবাদ পেয়ে মদন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে এমদাদুল (৩৭), সাইফুল ইসলাম (৩০), সজীব মিয়া (২৫), প্রান্ত (৩০), আবুল কাশেম (৩৮), মুনায়েম (৩০), রামিন (১৩), সিফাত (১৫), রোশনারা আক্তার (৩৫), রাকিবা আক্তার (৪০) এবং নুরজাহান আক্তারকে (৮০) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​অন্যান্য আহতদের স্থানীয় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাশাপাশি পার্শ্ববর্তী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে ফারুক মেম্বারের খালাতো ভাই জামাল অটোরিকশা নিয়ে আলমশ্রী বাজারের দিকে যাওয়ার সময় কামরুল ও বেবুল মেম্বারের লোকজন তার গতি রোধ করে। ওই সময় ফারুক মেম্বারের মামাতো ভাই হৃদয় বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। এর পর থেকেই ফারুক মেম্বারের লোকজনের বাজারে যাতায়াত বন্ধ ছিল। স্থানীয় মাতব্বররা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

​এরই মাঝে গত শুক্রবার ফারুক মেম্বারের এক ভাতিজা ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। রবিবার সকালে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন শেষে ফেরার পথে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।  

​সাবেক ইউপি সদস্য বেবুল মিয়া বলেন, ‘ফারুক বর্তমান মেম্বার হওয়ার পর থেকে নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে চান। কেউ যেন ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী না হয়, সে জন্য তিনি লোকজনকে মারধর করেন। আজ তারা লাশ দাফন শেষে রাস্তায় অবস্থান করছিল। আমাদের পক্ষের সাত্তার হাওরে যাওয়ার সময় তাকে রাস্তায় আটকে দেওয়া হলে সংঘর্ষের সূত্রপাত হয়।’

​বর্তমান মেম্বার ফারুক মিয়া বলেন, ‘এটি মূলত পূর্বপরিকল্পিত একটি অজুহাত। আমাদের বাড়ির সামনে ‘আশারবান’ নামে একটি হাওর রয়েছে, যেখানে প্রতি বছর কোটি টাকার মাছ বেচাকেনা হয়। আমাদের মারধর করে গ্রাম ছাড়া করতে পারলে তারা হাওরটি দখল করে মোটা অঙ্কের টাকা আয় করতে পারবে—এটাই মূল উদ্দেশ্য।’

​মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই আলমশ্রী গ্রামে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণভোটের রায় না মানলে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হবে : নাসিরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
গণভোটের রায় না মানলে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হবে : নাসিরুদ্দীন পাটওয়ারী
ছবি : কালের কণ্ঠ

গণভোটের রায় না মানলে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হবে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘গণভোটে গৃহীত সংস্কার প্রস্তাব কোনো রাজনৈতিক দল বা সরকার বাস্তবায়ন না করলে জনগণই তাদের ক্ষমতাচ্যুত করবে।’

রবিবার (২৬ জুলাই) বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি। এনসিপির তারাকান্দা উপজেলা শাখা এ পথসভার আয়োজন করে।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র সংস্কার এখন সময়ের দাবি। জনগণের মতামতের ভিত্তিতে গণভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত হবে, তা বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না। জনগণের রায়ের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেন তিনি।

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি, দখলদারত্ব ও দলীয়করণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তরুণদের নেতৃত্বেই রাষ্ট্র সংস্কারের আন্দোলন সফল হবে।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মোজাহিদ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে এনসিপি কাজ করছে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে জনগণই।

তারাকান্দা উপজেলা এনসিপির সমন্বয়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় জেলা ও উপজেলা এনসিপি, যুবশক্তি এবং ছাত্রশক্তির নেতৃবৃন্দ বক্তব্য দেন। 

নাটোরে পুলিশের সামনে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৮ | কালের কণ্ঠ