• ই-পেপার

জনগণের সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব : পানিসম্পদ মন্ত্রী

কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী-ভৈরব সড়কের গজারিয়া বাজারসংলগ্ন এলাকায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় হাসিম মিয়া (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৬ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিম মিয়া কটিয়াদী উপজেলার উত্তর লোহাজুরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত রুসমত আলীর ছেলে। তিনি পেশায় জাল বোনার কারিগর ছিলেন।

স্থানীয় ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক হেলাল উদ্দিন জুয়েল জানান, গ্রামের সংযোগ সড়ক থেকে সাইকেল নিয়ে মূল সড়কে ওঠার সময় দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হাসিম মিয়া সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম কিবরিয়া জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গ্যারেজে হঠাৎ আগুন, পুড়ল অর্ধশতাধিক অটোরিকশা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
গ্যারেজে হঠাৎ আগুন, পুড়ল অর্ধশতাধিক অটোরিকশা
সংগৃহীত ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় একটি গ্যারেজে আগুনে লেগে প্রায় অর্ধশতাধিক আটোরিকশা পুড়ে গেছে। রবিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে ওই এলাকার বাবুবাজার ব্রিজের নিচে গড়ে ওঠা গ্যারেজে এ ঘটনা ঘটে।  

গ্যারেজে দুপুরের খাবার খেতে আসা ড্রাইভাররা জানান, তারা গাড়ি বন্ধ করে খাবারের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ২-৩ মিনিটের মধ্যে আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চালক ও মালিকরা জানান, অনেকেই ঋণ নিয়ে অটোরিকশা কিনেছিলেন। এসব অটোরিকশাই ছিল তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে সব পুড়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

ক্ষতিগ্রস্ত এক রিকশাচালক বলেন, গ্রাম থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনেছিলাম। এই গাড়ি চালিয়েই ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ ও সংসার চালাতাম। দুপুরে গ্যারেজে গাড়ি চার্জ দিয়ে খাবার খেতে গিয়েছিলাম। এসে দেখি সব পুড়ে গেছে। এখন ঋণের টাকা কিভাবে শোধ করব, সেটাই বুঝতে পারছি না। 

রিকশাচালক মিলন জানান, দুপুরে আমরা কয়েকজন খেতে আইছিলাম। এমন সময় গ্যারেজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে আমরা চমকে যাই। কিছু বুঝে ওঠার আগেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। তখন আমরা প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে গ্যারেজ থেকে বের হয়ে যাই।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গ্যারেজটিতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ছিল। এ ছাড়াও অগ্নিনির্বাপণের তেমন কোনো ব্যবস্থা ছিল না। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো যাবে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কেরানীগঞ্জ দক্ষিণ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ জানান, ফায়ার সার্ভিস ও প্রশাসনের পৃথক তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর থেকেই গ্যারেজের ম্যানেজার বাদশা ও ইনচার্জ দুলাল পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

আ. লীগের পথে হাঁটলে মানুষ আমাদের বিশ্বাস করবে না : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
আ. লীগের পথে হাঁটলে মানুষ আমাদের বিশ্বাস করবে না : পানিসম্পদ মন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

আওয়ামী লীগের শাসনামলের ধারাবাহিকতা অনুসরণ করলে মানুষ বিএনপিকে বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্মীপুর জেলা আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘পার্লামেন্টে বক্তব্যটা দায়িত্বশীল আকারে দেওয়া দরকার। সেটা প্রত্যেক সংসদ সদস্যই গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন। দেশের প্রয়োজনে এবং জনসাধারণের প্রয়োজনের সেখানে আপনার বক্তব্যটা দিতে হবে। প্রথম অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ আকারে কিছু কথা বলেছি। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন। তারা দেশের বিভিন্ন এলাকায় সভা করেন। ম্যাচিউরড ও দেশপ্রেম নিয়ে যে কথাগুলো তুলে ধরা দরকার, তুলে আনা প্রয়োজন, তা তাদের সভায় উঠে আসছে না।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী এবং এনসিপির রাজনীতি থেকে দেশ কী পাবে, তারা কী দিচ্ছে কিংবা জনগণ কী আশা করতে পারে—এ বিষয়টি নবীন ও প্রবীণ সবাই বোঝেন। রাজনীতির সঙ্গে দেশপ্রেম, সমাজ ও দেশের ভবিষ্যৎ নিয়ে বাস্তবসম্মত চিন্তা এবং তা বাস্তবায়নের লক্ষ্য থাকা উচিত। সেখান থেকেই সেবা, সম্মান, শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা প্রকাশ পায়।’

আওয়ামী লীগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘১৭ বছর আওয়ামী লীগের শাসন দেখে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এখন তাদের নিয়ে আলাদা করে বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে না। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে। আমরা আমাদের নেতাকর্মীদের বারবার স্মরণ করিয়ে দিই, আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, চাকরি দেওয়া থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ড—সেই একই পথে আমরা হাঁটলে মানুষ আমাদের কখনো বিশ্বাসের জায়গায় রাখবে না। জবাবদিহিতার ক্ষেত্রেও আমরা পিছিয়ে পড়ব।’

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন, ‘আমরা মনে করছি যুদ্ধ করতে করতে ব্যর্থ হচ্ছি, আর কত নিজেকে বিলিয়ে দিব? কিন্তু একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো পরাজিত হতে পারেন না, পিছপা হতে পারেন না। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের ও নবীন আইনজীবীদের পিছপা হওয়ার সুযোগ নেই।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ অন্যান্য নেতারা।

চা শ্রমিকদের ভূমির অধিকার ও ইউনিয়ন নির্বাচনের দাবি

নিজস্ব প্রতিবেদক
চা শ্রমিকদের ভূমির অধিকার ও ইউনিয়ন নির্বাচনের দাবি
সংগৃহীত ছবি

দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ, চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং দীর্ঘ আট বছর ধরে স্থগিত থাকা চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজনের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চা শ্রমিকরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে বের হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অধীর বাউরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, লাক্কাতুরা চা বাগানের শ্রমিক নেতা রঘু দাস, কালগুল চা বাগানের যুব নেতা রবি ছত্রী, হিলুয়াছড়া চা বাগানের রবি মাল, কেওয়াছড়া চা বাগানের সঞ্জীব কুর্মি এবং মালনীছড়া চা বাগানের পঞ্চায়েত সদস্য মালতি যাদব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা করার দাবিতে আন্দোলন চলছে। সম্প্রতি জাতীয় সংসদে চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণের একটি বিল নিয়ে আলোচনা হলেও শ্রমমন্ত্রীর ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টি আলোচনার আশ্বাসের পর বিলটি প্রত্যাহার করা হয়। পরে এক সাক্ষাৎকারে শ্রমমন্ত্রী চা শ্রমিকরা মজুরির পাশাপাশি বাসস্থান, রেশন, চিকিৎসা ও অন্যান্য সুবিধা পান বলে যে বক্তব্য দিয়েছেন, তা বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ।

বক্তারা বলেন, বর্তমানে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। এ মজুরিতে একটি পরিবারের ন্যূনতম খাদ্য চাহিদাও পূরণ সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য তুলে ধরে তারা বলেন, পাঁচ সদস্যের একটি চা শ্রমিক পরিবারের শুধু খাদ্য ব্যয় মেটাতেই প্রতিদিন সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা প্রয়োজন। ফলে ৬০০ টাকার মজুরির দাবি বিলাসিতা নয়, বরং ন্যূনতম জীবনধারণের দাবি।

সমাবেশে মালিকপক্ষের মজুরি সংক্রান্ত দাবির সমালোচনা করে বলা হয়, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা কিংবা বসতভিটায় উৎপাদিত ফলমূলের মূল্যকে মজুরির অংশ হিসেবে দেখানো শ্রম আইনসম্মত নয়। শ্রম আইন অনুযায়ী বাসস্থান, চিকিৎসা, অবসরভাতা ও অন্যান্য কল্যাণমূলক সুবিধা মজুরির অন্তর্ভুক্ত নয়। তাই এসব খাতকে মজুরির অংশ হিসেবে উপস্থাপন করা শ্রমিকদের সঙ্গে প্রহসনের শামিল। দাবি বাস্তবায়নে  দ্রুত উদ্যোগ না নিলে দেশের সব চা বাগানের শ্রমিক, ছাত্র-যুবক এবং গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।

জনগণের সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব : পানিসম্পদ মন্ত্রী | কালের কণ্ঠ