• ই-পেপার

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন গ্রামবাসী

টঙ্গীর বস্তিতে অভিযান, দেশীয় অস্ত্র-জাল টাকা-মাদকসহ গ্রেপ্তার ২

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীর বস্তিতে অভিযান, দেশীয় অস্ত্র-জাল টাকা-মাদকসহ গ্রেপ্তার ২

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় চুড়ি ফ্যাক্টরি বস্তি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, জাল টাকা, মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের টঙ্গীর মিলগেট চুড়ি ফ্যাক্টরি বস্তিতে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। এসময় কামাল ও আমেনা বেগমের দোতলার কক্ষ থেকে বিপুল পরিমাণ জাল টাকা সদৃশ নোট, বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে কামালের ছেলে আলমসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশের ধারণা, দেশীয় অস্ত্র দিয়ে ছিনতাই, চুরি ডাকাতি করা হতো। একই সঙ্গে জাল টাকা ও মাদকর কারবার চলত।

জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন কালের কণ্ঠকে সংবাদটি নিশ্চিত করে বলেন, জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ আলামত ও গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

বরিশালের হিজলা উপজেলায় এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ওই বিএনপি নেতার নাম ফরিদ উদ্দিন বেপারী। তিনি উপজেলার হিজলা গৌরবদি ইউনিয়ন বিএনপির আহবায়ক।

রবিবার (২৬ জুলাই) বিকেলে হিজলা গৌরবদি ইউনিয়নের মান্দ্রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ফরিউদ্দিন ব্যাপারীর ছেলে আমান উল্লাহ কালের কণ্ঠকে বলেন, তার বাবা ফরিদ উদ্দিন বেপারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হিজলা গৌরবদি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এ লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরেই প্রচারণা চালাচ্ছে।

রবিবার বিকালে বাসা থেকে বের হয়ে প্রচারণা চালাতে চালাতে মান্দ্রা বাজার এলাকায় আসলে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরির অনুসারী ইসমাইল মোল্লা, হুমায়ুন তালুকদার ও তানভীর তালুকদারসহ ১৫/২০ জন অতর্কিত হামলা চালায়।

এসময় তাকে কুপিয়ে মারাত্মক যখন করা হয়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। 

হিজলা থানার ওসি মো. সোলায়মান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফরিদ উদ্দিন বেপারীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

খাল খনন শেষে ১৬ লাখ ৫০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
খাল খনন শেষে ১৬ লাখ ৫০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধরার খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে সাশ্রয় হওয়া ১৬ লাখ ৫০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। বরাদ্দের পুরো অর্থ ব্যয় না হওয়ায় অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট সরকারি তহবিলে জমা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বইলর ইউনিয়নের ঠনিভাঙা বিল থেকে বোকিবিল পর্যন্ত ৩ হাজার ১০০ মিটার দীর্ঘ ধরার খাল পুনঃখননের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৬৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

গত ২৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির উদ্বোধন করেন। ২ মে খননকাজ শুরু হয়ে ৩০ জুন শেষ হয়। প্রকল্পের আওতায় খালের দখলমুক্তকরণ, সরকারি নকশা অনুযায়ী খনন, দুই পাড় বাঁধাই এবং বৃক্ষরোপণের কাজ সম্পন্ন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কাজ শেষে মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়। ফলে বরাদ্দের ১৬ লাখ ৫০ হাজার টাকা উদ্বৃত্ত থাকে, যা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

গত ১০ জুলাই স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন প্রকল্প এলাকা পরিদর্শন করে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং প্রকল্প বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী ৩ হাজার ১০০ মিটার খাল ১০ ফুট গভীর এবং ১৫ থেকে ২৩ ফুট প্রস্থে খনন করা হয়েছে। বৃষ্টির কারণে একাধিকবার পাড় মেরামতের পাশাপাশি খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, ‘১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এ খাল খনন করেছিলেন। সময়ের সঙ্গে দখল ও ভরাট হয়ে খালটি প্রায় অকেজো হয়ে পড়ে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।’

তিনি বলেন, ‘খালের বিভিন্ন স্থানে প্রস্থ ভিন্ন হওয়ায় প্রাক্কলনের তুলনায় কম ব্যয়ে কাজ সম্পন্ন হয়েছে। ফলে সাশ্রয় হওয়া ১৬ লাখ ৫০ হাজার টাকা সরকারি তহবিলে জমা দেওয়া হয়েছে।’

কেরানীগঞ্জে বাসার পাশেই মিলল নারীর মরদেহ, হত্যার অভিযোগ স্বজনদের

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে বাসার পাশেই মিলল নারীর মরদেহ, হত্যার অভিযোগ স্বজনদের

ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় একটি খোলা জায়গা থেকে মমতাজ (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া টাইলস মসজিদের গলি এলাকায় জালাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মমতাজের মরদেহ একটি চাদর দিয়ে ঢাকা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের হাতে কামড়ের চিহ্ন, পাশে জুতা এবং ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

একই বাড়ির ভাড়াটিয়া ইমরান জানান, মমতাজের স্বামীর সঙ্গে খোলামোড়া মডেল টাউন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার পর তিনি বড় বোন খুশি ও ভগ্নিপতি ইউনুস মিয়ার সঙ্গে একই এলাকায় বসবাস করছিলেন। শনিবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মমতাজের সৎ মা সাহিদা খাতুন বলেন, তার বড় বোন খুশি ও ভগ্নিপতি ইউনুস মিয়া গ্রামের বাড়িতে যাওয়ায় মমতাজ বাসায় একাই ছিলেন। মমতাজ তার চেয়ে বয়সে ছোট এক ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করার কারণে তার সঙ্গে পরিবারের অনেকের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। তাদের ধারণা, মমতাজকে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, নিহত নারী সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায়  কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন গ্রামবাসী | কালের কণ্ঠ