• ই-পেপার

ভাঙ্গায় অবৈধভাবে মাটি উত্তোলন, এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

চনপাড়ায় আলোর মশাল জ্বালাচ্ছেন এমপি দিপু ভূঁইয়া

রূপগঞ্জ প্রতিনিধি
চনপাড়ায় আলোর মশাল জ্বালাচ্ছেন এমপি দিপু ভূঁইয়া
সংগৃহীত ছবি

​আমাদের ঘরে ঘরে কান্নার রোল পড়েছিল এই মাদকের কারণে। স্বামী-সন্তানকে বাঁচানোর আকুতি কেউ শোনে নাই। কত রাত বুক চাপড়ে কেঁদেছি, ভয়ের চোটে চোখের পানিও শুকিয়ে গিয়েছিল। কিন্তু এমপি দিপু সাহেব এসে যেভাবে এই নরক পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন, তাতে আজ আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলছিলৈন চনপাড়ার গৃহবধূ কুলসুম। তার এই কান্নাভেজা কণ্ঠই যেন দীর্ঘদিনের অবরুদ্ধ একটি জনপদের মুক্তির প্রতীক, যেখানে অন্ধকার ভেদ করে নতুন সূর্যের আলো উঁকি দিচ্ছে।

​অন্ধকার থেকে মুক্তির সংগ্রাম

অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরে অপরাধের আখড়া, মাদকের স্বর্গরাজ্য আর ‘পাপের নগরী’ হিসেবে কুখ্যাত ছিল রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র। এই জনপদটি একসময় সমস্ত অবৈধ কর্মকাণ্ডের নিরাপদ আস্তানা হয়ে উঠেছিল। খুন, মাদক ব্যবসা, প্রকাশ্যে অস্ত্রবাজি, ছিনতাই এবং সাধারণ মানুষকে জিম্মি করে রাখার মহোৎসব চলত সেখানে। চনপাড়ার নাম শুনলেই আশপাশের মানুষের মনে এক অজানা আতঙ্ক কাজ করত। প্রশাসনও নানা জটিলতায় সেখানে কার্যকর পদক্ষেপ নিতে হিমশিম খেত। এই অবরুদ্ধ ও অপরাধের খাসমহল হয়ে ওঠা জনপদটিকে সাধারণ মানুষের বসবাসের উপযোগী করে তোলার কোনো বিকল্প ছিল না। ​আর ঠিক এই কঠিন সময়ে ত্রাতা হিসেবে আবির্ভূত হন স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। চনপাড়ার অন্ধকার জগতকে চিরতরে গুঁড়িয়ে দিতে তিনি ব্যক্তিগতভাবে হাল ধরেছেন। অপরাধীদের বিরুদ্ধে তাঁর কঠোর হুলিয়া জারির পর থেকেই টালমাটাল হয়ে পড়েছে অপরাধ সাম্রাজ্যের ভিত। এমপি দিপু পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, অপরাধী সে যেই হোক বা যত প্রভাবশালীই হোক না কেন, চনপাড়ার মাটিতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদকের কারবার আর এক মুহূর্তের জন্যও বরদাশত করা হবে না। তাঁর এই স্পষ্ট ও দৃঢ় অবস্থান অপরাধীদের মনোবল ভেঙে চুরমার করে দিয়েছে।

​প্রশাসনের গতিশীলতা ও সাধারণ মানুষের স্বস্তি

সরেজমিনে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর এই সরাসরি হস্তক্ষেপে দীর্ঘদিনের স্থবির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নতুন গতি পেয়েছে। তাঁর কড়া নির্দেশনার পরই চনপাড়ায় সাঁড়াশি অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন ঘর থেকে বের হয়ে নিরাপদে চলাফেরা করতে পারছে, যা এতদিন তাদের কাছে কল্পনাতীত ছিল। অপরাধীদের শেকড় উৎপাটন করে এই জনপদকে একটি আধুনিক, শান্তিময় ও মাদকমুক্ত মডেল বসতিতে রূপান্তর করতে এমপি দিপুর প্রণীত পরিকল্পনা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

​এলাকার রিকশাচালক জাকির হোসেন দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘আগে সন্ধ্যা নামলেই চনপাড়ায় নামত অন্ধকারের রাজত্ব। কেউ প্রতিবাদ করার সাহস পেত না। দিপু ভূঁইয়ার হুঁশিয়ারির পর থেকে সন্ত্রাসীরা পালিয়ে বেড়াচ্ছে। আমরা স্বাধীনভাবে আয়-ইনকাম করে শান্তিতে ঘুমাতে পারছি। আল্লাহ যেন দিপু ভাইকে দীর্ঘজীবী করেন।’

​এলাকার প্রবীণ বাসিন্দা রহমত আলী আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা তো মানুষ হয়েও মানুষ হিসেবে বাঁচতে পারতাম না। দিনের বেলাতেও বুকের ভেতর কাঁপন ধরত—এই বুঝি কেউ সর্বস্ব কেড়ে নিল। আমাদের সন্তানেরা চোখের সামনে মাদকের অন্ধকারে হারিয়ে যাচ্ছিল। আজ এমপি দিপু ভাই যেভাবে আমাদের মাথার ওপর ছাতা হয়ে দাঁড়িয়েছেন, তাতে মনে হচ্ছে আমরা মৃত্যুর মুখ থেকে জীবন ফিরে পেয়েছি।’

​জমির স্থায়ী স্বত্ব ও আলোর নগরীর স্বপ্ন

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু অপরাধ দমনই নয়, চনপাড়ার মানুষের ভাগ্যোন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছেন এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই চনপাড়া পুনর্বাসন কেন্দ্রকে একটি আধুনিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এখানকার শিক্ষার মানোন্নয়ন, বসবাসের উন্নয়ন এবং এলাকাটিকে পুরোপুরি মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সর্বাত্মক চেষ্টা চলছে। ১৯৭৪ সাল থেকে এখানে বসবাসরত ৭০ থেকে ৮০ হাজার মানুষ ওয়াসার জমিতে বসবাস করে আসছে। ওয়াসা কর্তৃপক্ষ যেন সেই জমিটুকু এখানকার বসবাসরতদের মাঝে স্থায়ীভাবে দিয়ে দেয়, সে ব্যাপারে এ সরকারের পক্ষ থেকে ডিও লেটার দেওয়াসহ সর্বাত্মক কাজ করে যাচ্ছেন এমপি দিপু ভূঁইয়া।

স্থানীয়রা বলেন, কতো এমপি আইলো- গেলো। কেউ চনপাড়াবাসীর জন্য কিছু করেনি। ​এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর এই সাহসী ও সময়োপযোগী উদ্যোগ প্রমাণ করে যে, সদিচ্ছা থাকলে যেকোনো কঠিন পরিস্থিতি ও অপরাধের সাম্রাজ্য গুঁড়িয়ে দেওয়া সম্ভব। চনপাড়ার সাধারণ খেটে খাওয়া মানুষ আজ নতুন জীবনের স্বপ্ন দেখছে। এমপি দিপুর এই আপসহীন ভূমিকা অব্যাহত থাকলে অচিরেই চনপাড়া তার সব পুরনো অপবাদ ও অন্ধকার পেছনে ফেলে আলোর পথে এক নতুন দিগন্ত উন্মোচন করবে—এটাই রূপগঞ্জের আপামর জনসাধারণের অগাধ বিশ্বাস।
 

ছাত্রকে বলাৎকারের মামলায় কারাগারে মাদরাসাশিক্ষক

অনলাইন ডেস্ক
ছাত্রকে বলাৎকারের মামলায় কারাগারে মাদরাসাশিক্ষক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১২ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের মামলায় এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার শাহজালাল হক (২৩) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সরকারটারী কচারডেরা গ্রামের বাসিন্দা।

ওসি নাজমুস সাকিব বলেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর গতকাল শুক্রবার রাতে স্থানীয় লোকজন অভিযুক্ত মাদরাসাশিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে তিনি দোষ স্বীকার করেন। পরে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ শাহজালালকে হেফাজতে নেয়।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষার্থীর বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। দ্রুতই এই মামলার চার্জশিট আদালতে দেওয়া হবে।

এবার চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

অনলাইন ডেস্ক
এবার চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

এবার চট্টগ্রামের খুলশীতে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীর ছুরিকাঘাতে ডবলমুরিং থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরো এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

তার নাম মোবিনুল ইসলাম (৩৬)। তিনি ডবলমুরিং থানায় এসআই হিসেবে কর্মরত।

শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, অন্তত ১৭টি মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ডবলমুরিং থানার একটি বিশেষ দল আমবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় দুষ্কৃতকারীরা অতর্কিতভাবে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীর ছুরিকাঘাতে ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মোবিনুল ইসলাম গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের মিনি অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসাধীন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, এসআই মবিনুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত পুলিশের ওই কর্মকর্তার নাম মো. ওসমান গনি। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার ইমিগ্রেশন শাখায় কর্মরত।

আগামী ৩ দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
আগামী ৩ দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৭, ২৮ ও ২৯ জুলাই কুমিল্লার বিভিন্ন এলাকায় প্রতিদিন টানা ১২ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল শনিবার (২৫ জুলাই) রাতে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে।

এর ফলে আগামী সোমবার (২৭ জুলাই) কুমিল্লা শহর ও এর আশপাশের এলাকা, মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও সংলগ্ন এলাকা এবং বুধবার (২৯ জুলাই) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও তার আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মেরামত কাজ চলাকালে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভাঙ্গায় অবৈধভাবে মাটি উত্তোলন, এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা | কালের কণ্ঠ