এবার চট্টগ্রামের খুলশীতে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীর ছুরিকাঘাতে ডবলমুরিং থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
তার নাম মোবিনুল ইসলাম (৩৬)। তিনি ডবলমুরিং থানায় এসআই হিসেবে কর্মরত।
শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, অন্তত ১৭টি মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ডবলমুরিং থানার একটি বিশেষ দল আমবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় দুষ্কৃতকারীরা অতর্কিতভাবে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে রাত পৌনে নয়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের মিনি অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসাধীন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, এসআই মবিনুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত পুলিশের ওই কর্মকর্তার নাম মো. ওসমান গনি। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার ইমিগ্রেশনে শাখায় কর্মরত।







