• ই-পেপার

দেশীয় পাঞ্জাবিতে ভারতীয় ব্র্যান্ডের ট্যাগ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড
প্রতীকী ছবি

টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।

সোমবার (১৩ জুলাই) দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক হাফিজুর রহমান এ রায় দেন। 

সাজাপ্রাপ্ত আসামি হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর গ্রামের আছর উদ্দিনের ছেলে ওয়াজ উদ্দিন (৪৮)।

টাঙ্গাইলের সরকারি কৌসুঁলি (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, ২০২১ সালের ২৭ জুন সকালে আসামি ওয়াজ উদ্দিন একটি দোকানে গিয়ে চারটি স্পিড (কোমলপানীয়) কিনে দোকানদারকে এক হাজার টাকার নোট দেন। নোটটি দেখে জাল মনে হলে দোকানদার উপস্থিত লোকজনকে দেখান। তারাও নোটটি জাল বলে সন্দেহ করেন। সঙ্গে সঙ্গে দেলদুয়ার থানায় খবর দিলে পুলিশ এসে ওয়াজ উদ্দিনকে আটক করে। সে সময় তার দেহ তল্লাশি করে আরো চারটি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়।

এ ঘটনায় দেলদুয়ার পশ্চিমপাড়া গ্রামের দোকানদার জয়েন উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেন। ২০২২ সালের ২ মার্চ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। বিচার শেষে আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। 

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই
সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী। সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকারের সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে কাঞ্চনাবাদে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।

পটিয়া পৌর এলাকা

বৃষ্টি কমলেও নামছে না পানি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃষ্টি কমলেও নামছে না পানি
ছবি : সংগৃহীত

কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের পটিয়া পৌরসভার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। এলাকায় ঘরবাড়ি, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে। 

এদিকে বৃষ্টি কমে এলেও আক্রান্ত এলাকার পানি নামছে না। এ জন্য পর্যাপ্ত ও কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থার অভাবকে দায়ী করছে স্থানীয়রা। 

খোঁজ নিয়ে জানা গেছে, জলাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শেয়ানপাড়া, গাজীর বাড়ি, মাঝের ঘাটা, চৌধুরী বাড়ি, ছমদ হাজীর বাড়ি, সোনা মিয়া সওদাগরের বাড়ি, সিদ্দিকীয়া আবাসিক এলাকা, বাহুলী, উত্তর গোবিন্দারখীল, গুয়াদণ্ডী ও দক্ষিণ গোবিন্দারখীল এলাকার বাসিন্দারা। 

এসব এলাকায় কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমেছে। এতে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। অনেক পরিবার ঘরবন্দি। এসব পরিবারের  শিশুদের স্কুলে যাওয়া বন্ধ; কর্মজীবীরা কাজে যেতে পারছেন না। পানিবন্দি মানুষ বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যাও ভুগছেন।

স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টি হলেও উল্লেখিত এলাকার জলাবদ্ধতা কোনো নতুন সমস্যা নয়। প্রতি বর্ষা মৌসুমেই একই অবস্থা সৃষ্টি হয়। বছরের পর বছর ধরে ড্রেনেজব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন এবং পানি প্রবাহের পথ সচল রাখার দাবি জানানো হলেও বাস্তবে কার্যকর কোনো স্থায়ী উদ্যোগ দৃশ্যমান হয়নি। অপরিকল্পিত নগরায়ণ, ড্রেন-খাল দখল এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করছে।

গাজী বাড়ির বাসিন্দা গাজী আমির হোসেন বলেন, বৃষ্টি শুরু হলেই আমাদের দুশ্চিন্তা শুরু হয়। ঘরে পানি উঠে যায়, আসবাবপত্র নষ্ট হয়। শিশু ও বয়স্কদের নিয়ে চরম কষ্টে থাকতে হয়। প্রতিবছর একই দুর্ভোগের শিকার হলেও স্থায়ী সমাধান মিলছে না।

পৌর বাসিন্দা আবদুস সবুর বলেন, প্রতিবছর বর্ষা এলেই একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটে। কিন্তু স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক ড্রেন ও খাল ভরাট, দখল এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। 

এ ব্যাপারে পটিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অল্প সময়ে অতিরিক্ত পানি নেমে এসেছে। ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌরসভার পক্ষ থেকে পানি নিষ্কাশনে জরুরি ব্যবস্থা নেওয়া  হচ্ছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ রয়েছে।

ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের
মো. জামাল। সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল (২৬) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার রোসাংগিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছিয়ার চা বাগান (৩ নম্বর লাইন) এলাকার মনু মিয়ার ছেলে। তিনি দৈনিক মজুরির ভিত্তিতে গাছ কাটার কাজ করতেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে জামাল গাছ কাটার কাজ করতে রোসাংগিরি এলাকায় যান। একপর্যায়ে গাছ কাটার সময় অসাবধানতাবশত সেটি পাশ দিয়ে যাওয়া পিডিবির ১১ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দেশীয় পাঞ্জাবিতে ভারতীয় ব্র্যান্ডের ট্যাগ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা | কালের কণ্ঠ