• ই-পেপার

মিন্টুকে না পেয়ে জ্ঞান হারিয়েছেন ফরিদা

লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়া প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়া প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১
ছবি : এআই দিয়ে প্রস্তুত করা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে যাওয়া প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীর সাইফুল ইসলাম সাদ (২৪) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের ‘সাইফুল গ্যালারি’ নামের একটি কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

আখাউড়া রেলওয়ে থানার পুলিশ জানায়, শনিবার বিকেলে সাইফুল ইসলাম একটি প্রাইভেটকারে করে বিজয়নগর থেকে ফিরছিলেন। পথে মুকুন্দপুর এলাকার একটি অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনের ওপর আটকে যায়। ঠিক সেই সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা সাইফুল ইসলাম ও চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনে আটকে পড়েছিল। এ সময় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিতাস নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
তিতাস নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার সীমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের তিতাস নদীর তীরবর্তী এলাকায় কৃষিজমি ও জলাশয় ভরাট করে গড়ে তোলা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার, শাহরিয়া হাসান খান এবং মো. আতাউর রহমান উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে অবৈধভাবে নির্মিত কয়েকটি দোকান ও স্থাপনা ভেঙে ফেলা হয়। পাশাপাশি সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং করার দায়ে দুই ব্যক্তিকে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় দখল করে নির্মিত কয়েকটি দোকান ও জমির মালিককে বৈধ মালিকানার কাগজপত্র এবং প্রয়োজনীয় অনুমোদন নিয়ে ভূমি অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হলে তাদের স্থাপনাও উচ্ছেদ করা হবে বলে জানানো হয়েছে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, ‘অভিযানে প্রাথমিকভাবে চারটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। তিতাস নদী, কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধ দখলের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

৪৮ ঘণ্টায় তিস্তায় বিলীন ৭৫ বসতভিটা

গাইবান্ধা প্রতিনিধি
৪৮ ঘণ্টায় তিস্তায় বিলীন ৭৫ বসতভিটা
ছবি : কালের কণ্ঠ

গাইবান্ধার তিস্তা নদীর চরাঞ্চলে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভোরের পাখি চরে অন্তত ৭৫ ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 

ভাঙনের মুখ থেকে বসতঘর সরিয়ে নিতে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উৎকণ্ঠায় সময় পার করছেন সেখানকার বাসিন্দারা। 

এদিকে পানি বাড়তে থাকায় তিস্তার চরের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। ভাঙনকবলিত এলাকায় মানবেতর জীবনযাপন করছে মানুষজন। তাদের অভিযোগ, এখন পর্যন্ত সরকারি দপ্তরের কোনো কর্মকর্তা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেনি।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত ভোরের পাখি চর এলাকায় ৭৫ বসতভিটা, স্কুল, মসজিদ, চার শতাধিক একর ফসলি জমিসহ রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে পড়েছে ৫ শতাধিক বসতভিটা, শত শত একর ফসলি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান।

অন্যদিকে উপজেলার কাপাসিয়া, হরিপুর, বেলকা, চন্ডিপুর ও শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন চরেও ভাঙন চরম আকার ধারণ করেছে। চরাঞ্চলের ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের কোনো মাথাব্যথা নেই। কয়েকটি স্থানে ভাঙনরোধে নামমাত্র ফেলা হচ্ছে জিও ব্যাগ।

কাপাসিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ভাঙনের মুখ থেকে বসতঘর সরিয়ে নিতে দিশেহারা চরবাসী। সরকারিভাবে নদী ভাঙনরোধে জিও ব্যাগ ও জিও টিউব ফেলা হলেও তা দিয়ে ভাঙনরোধ সম্ভব হচ্ছে না। এলাকাবাসী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সারা রাত জেগে বসতভিটার, ঘরবাড়ি সরিয়ে নিতে ব্যস্ত সময় পার করেছেন।

স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক বলেন, অনেক আগেই তিস্তার গতিপথ পরিবর্তন হয়েছে। সেই কারণে তিস্তা অসংখ্য শাখা নদীতে রূপ নিয়েছে। যার জন্য সময় এবং অসময়ে নদী ভাঙন অব্যাহত রয়েছে। স্থায়ীভাবে নদী ভাঙনরোধ করতে না পারলে চরের মানুষের কষ্ট কোনোদিন দূর হবে না।

কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া বলেন, গত ৪৮ ঘণ্টায় কাপাসিয়া ইউনিয়নের ভোরের পাখি চরে ৭৫টি বসতভিটা, হাজারও গাছপালা, স্কুল ও মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া লালচামার, ফুলমিয়ার মোড়, উজান বোচাগাড়ি, ভাটি বোচাগাড়ি এলাকায় ব্যাপক আকারে ভাঙন দেখা দিয়েছে। মুহূর্তেই ফসলি জমি, বসতভিটা, গাছপালা ও রাস্তাঘাট নদীগর্ভে চলে যাচ্ছে। সরকারিভাবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নদী ভাঙনের শিকার পরিবারগুলোর কষ্টের সীমা নেই। তার ইউনিয়নের সবগুলো ওয়ার্ড নদীর চরে।

বিএনপির সাবেক উপজেলা সভাপতি মো. মোজাহারুল ইসলাম জানান, ভারি বর্ষণের কারণে তার ইউনিয়নের কানিচরিতাবাড়ি গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদী খনন, ড্রেজিং, সংরক্ষণ, মেরামত এবং শাসন ছাড়া তিস্তার ভাঙনরোধ করা সম্ভাব নয়। নদী খনন ও ড্রেজিং করে নদীর গতিপথ একমুখী করলে নদীভাঙন কমে যাবে। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের জিও টিউব ও জিও ব্যাগ এখন কোনো কাজে আসছে না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান বলেন, ভারি বর্ষণের কারণে কাপাসিয়া, হরিপুর ইউনিয়নের কয়েকটি চরে ভাঙন দেখা দিয়েছে। চেয়াম্যানদের কাছে তালিকা চাওয়া হয়েছে। বরাদ্দ সাপেক্ষে বিতরণ করা হবে। এ ছাড়া সরকারিভাবে অন্য কোনো সহায়তার সুযোগ নেই।

এ ব্যাপারে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বলেন, চরাঞ্চলে নদীভাঙন দেখা দিলে জিও টিউব, জিও ব্যাগ ফেলা এবং সরকারের ওপর মহলে তথ্য প্রদান ছাড়া আর কোনো কাজ নেই তাদের। নদী খনন, ড্রেজিং, শাসন এবং নদীর গতিপথ পরিবর্তন করা ছাড়া তিস্তার ভাঙনরোধ সম্ভব নয়।

গোদাগাড়ী

বছর না ঘুরতেই ইকোপার্কের ওয়াকওয়েতে ধস

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বছর না ঘুরতেই ইকোপার্কের ওয়াকওয়েতে ধস
ছবি : সংগৃহীত

রাজশাহী গোদাগাড়ীতে সরমংলা ইকোপার্কের ওয়াকওয়ে ধসে পড়েছে। উদ্বোধনের পর বছর না ঘুরতেই গত মঙ্গলবার বৃষ্টিতে ধসে পড়ে সুরক্ষা দেয়ালসহ পার্কটির দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। 

২০২৫ সালের ২৮ আগস্ট প্রকল্পটির ভেতর থাকা লেকের ওয়াকওয়ে উদ্বোধন করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর ব্যবস্থাপনায় লেকে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হয়। কিন্তু টেকসই ও নিরাপদ সুরক্ষা দেয়াল না দিয়ে, নতুন মাটির ওপর জোড়াতালির কাঠামো নির্মাণ করায় সেটি ধসে লেকের ভেতর চলে গেছে। 

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। যেকোনো মুহূর্তে পুরো কাঠামোটি খালের ভেতর বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা তাদের।

জানা গেছে, ২০০৩ সালে গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড় থেকে মাত্র তিন কিলোমিটার পূর্বে ২৬ কিলোমিটার দীর্ঘ খাল খনন করে পাশে গড়ে তোলা হয় ঘন বনায়ন। পরে সেখানেই গড়ে তোলা হয় সরমংলা ইকো পার্ক। আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের ছায়ায় ঘেরা মনোরম পরিবেশের কারণে পর্যটকদের কাছে এটি ‘গ্রিন হাউস’ নামে পরিচিত।

পার্কের মূল আকর্ষণই হলো সাসটেইনেবল এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) ও পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহযোগিতায় পদ্মা নদী থেকে ৩ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ ভূ-গর্ভস্থ পাইপ লাইনের মাধ্যমে লেকে পানি সঞ্চালন। 

স্থানীয়দের ভাষ্য, দর্শনার্থীরা যেখানে লেকের পাড়ে বসে এই পানি আসার দৃশ্য ও ছায়াঘেরা পরিবেশ উপভোগ করতেন। কিন্তু এখন সেখানে শুধুই ধ্বংসের চিহ্ন। 

​এ ব্যাপারে গোদাগাড়ী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, সৌন্দর্য বর্ধনের কাজে মূল প্রকল্পের কোনো বাজেট ছিল না। পাইপলাইনের কাজের সময় ঠিকাদারকে দিয়ে আলাদাভাবে আমরা এই কাজটি করিয়ে নিয়েছি।

ওয়াকওয়ে ও সুরক্ষা দেয়াল ধসে পড়ার কারণ হিসেবে উপজেলা প্রকৌশলী দাবি করেন, ভারি বৃষ্টির কারণে এই ঘটনা ঘটেছে। তবে কাজে গাফিলতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন তিনি।

মিন্টুকে না পেয়ে জ্ঞান হারিয়েছেন ফরিদা | কালের কণ্ঠ