দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক স্বামী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও মহাসড়কে ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাঁচপীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাহারোল উপজেলার মালগ্রাম এলাকার বাসিন্দা ফাহিমা আক্তার (২৮) এবং তার তিন বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ। দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত ফাহিমার স্বামী মো. নাজমুল ইসলাম (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. নাজমুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম স্ত্রী ও সন্তানসহ সড়কে ছিটকে পড়েন। এসময় পিকআপটির চাকায় পিষ্ট হয়ে তার স্ত্রী-সন্তান ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত ও নিহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমা আক্তার ও মো. আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত নাজমুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বীরগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মো. জিন্নুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




