ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রতিবন্ধী কৃষক আলমগীর হোসেনের এক বিঘা জমির ১০০ ধরন্ত লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোকুলনগর উত্তর পাড়া মাঠে এ ঘটনা ঘটে। ৩৩ শতক জমিতে লাউ চাষ করা কৃষক আলমগীর এখন দিশাহারা হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কৃষক আলমগীর হোসেন ৩৩ শতক লাউ ক্ষেতের ১০০ গাছের প্রতিটির ডগায় ডগায় কচি লাউ ঝুলছে। কিছুদিন পর এসব লাউ বাজারে বিক্রি হতো কয়েক লাখ টাকায়।
প্রতিবন্ধী কৃষক আলমগীর হোসেন জানান, দুই মাস আগে এক বিঘা জমিতে শতাধিক লাউ গাছ লাগান তিনি। গত ২৪ দিনে প্রায় ৫০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। শত্রুতা করে কে বা কারা আমার ধরন্ত লাউ গাছ কেটে দিয়েছে। আমার একটি হাত অচল সংসার চালাবো কি দিয়ে। আমি সঠিক বিচার চাই।’
স্থানীয় হারুন আর রশিদ বলেন, ‘মানুষ কিভাবে একজন প্রতিবন্ধী কৃষকের ফসলের ক্ষতি করতে পারে। এ ঘটনায় দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি।
শৈল কুপা উপজেলার তমালতলা পুলিশ ক্যাম্পের এস আই শামিনুর রহমান বলেন, ‘লাউ গাছ কেটে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’





