গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত ৩টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের আওলাদ মোল্লার পরিত্যক্ত পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে।
মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, রবিবার (১৯ জুলাই) রিয়ান তার দুই সঙ্গী আরিফ মিয়া (২০) ও মুরছালিন শেখকে (১৬) সঙ্গে নিয়ে আওলাদ মোল্লার বাগানে ডাব পাড়তে যায়। একপর্যায়ে রিয়ান গাছে উঠে ডাব পাড়ার সময় নিচের পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। তার দুই সঙ্গী পুকুরে তাকে খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে না পেরে বাড়ি ফিরে যায়। তবে তারা বিষয়টি কাউকে জানায়নি। পরে রিয়ান বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাব পাড়তে যাওয়া এবং রিয়ানের পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি জানায়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে স্থানীয়দের সহযোগীতায় ওই পরিত্যক্ত পুকুরে তল্লাশি চালিয়ে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।’
তিনি আরো জানান, ঘটনার পর স্থানীয়রা আরিফ মিয়া ও মুরছালিন শেখকে থানায় নিয়ে আসেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।






