• ই-পেপার

রেল লাইনচ্যুত, পড়ে গেছে ৪২ টন তেল

রাজশাহীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
সংগৃহীত ছবি

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে জালাল উদ্দীন (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তানোর-মুন্ডুমালা সড়কের নোনাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দীন উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে জালাল উদ্দীন নোনাপুকুর এলাকা থেকে কোয়েলহাট বাজারে যাচ্ছিলেন। পথে নোনাপুকুর ব্রিজসংলগ্ন এলাকায় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আগৈলঝাড়ায় তথ্যমন্ত্রী

থানায় হামলায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে

নিজস্ব প্রতি‌বেদক, বরিশাল
থানায় হামলায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে
ছবি : কালের কণ্ঠ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগৈলঝাড়া থানায় হামলা ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় জড়িত সব অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। তবে এ ঘটনায় যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয় সে বিষয়টিও দেখা হবে। 

শনিবার (১১ জুলাই) দুপুরে আগৈলঝাড়া থানার ভাঙচুর করা কক্ষ পরিদর্শন ও আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে এদিন সকালে গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সেখানে প্রধান অতিথিদের বক্তব্যে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘ক্ষমতা এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে জনগণ আমাদের প্রতি, আপনাদের প্রতি এবং প্রধানমন্ত্রীর প্রতি অসন্তুষ্ট না হন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষাব্যবস্থাকে আরো আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে।’

প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

ছিনতাইকারীদের হামলায় নিহত বৃদ্ধার পরিচয় মিলেছে

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
ছিনতাইকারীদের হামলায় নিহত বৃদ্ধার পরিচয় মিলেছে
সংগৃহীত ছবি

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা স্টেশনে ছিনতাইকারীদের হামলায় নিহত বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের পরিচয় পাওয়া গেছে। ২৫ বছর ধরে যাকে স্থানীয় মানুষ ঘরবাড়ি ও স্বজনহীন বলে জানত, তার আসল নাম ওয়াহিদা বেগম (৭০)। ওয়াহিদা বেগম বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের শাখাটিয়া এলাকার মৃত রহিম উদ্দিনের মেয়ে। তারা আট ভাইবোন সবাই ছিলেন বাক্‌প্রতিবন্ধী। তার দুই ভাই মারা গেছেন। বর্তমানে দুই ভাই ও তিন বোন জীবিত আছেন।

২৫ বছর আগে তার স্বামী ও একমাত্র কন্যাসন্তানের মৃত্যু হয়। সেই শোক সহ্য করতে না পেরে তিনি বাড়ি ছেড়ে চলে যান। এরপর তিন বছর ধরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। সময়ের সঙ্গে সঙ্গে তিনিও পরিবারের কাছে হারিয়ে যাওয়া এক মানুষে পরিণত হন।

খোঁজ নিয়ে জানা যায়, ২৫ বছর আগে এক বিকেলে ট্রেনে করে তিনি রায়পুরার মেথিকান্দা স্টেশনে এসে পৌঁছান। বাকপ্রতিবন্ধী হওয়ায় নিজের পরিচয় দিতে পারেননি। স্থানীয়রা তার নাম দেন ‘ববি বেগম’। এরপর থেকেই তিনি ওই নামেই পরিচিত হয়ে ওঠেন। স্টেশনের শৌচাগার ও প্ল্যাটফর্ম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করতেন তিনি। যাত্রীদের দেওয়া পাঁচ-দশ টাকা আর সামান্য সহায়তায় চলত তার জীবন। অতি কষ্টে তিলে তিলে তিনি প্রায় ২০ হাজার টাকা সঞ্চয় করেছিলেন। কিন্তু সেই সঞ্চিত টাকার লোভেই গত ৪ জুলাই স্টেশনের একটি কক্ষে ঢুকে ছিনতাইকারীরা তাকে নির্মমভাবে মারধর করে এবং তার সব টাকা লুট করে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে আবার স্টেশনেই ফিরিয়ে আনা হয়। এরপর ৭ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

এদিকে ববির মৃত্যুর এবং তার ওপর নির্মম হামলার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ফেসবুকে প্রকাশিত তার ছবি দেখেই ওয়াহিদাকে চিনতে পারেন স্বজনরা।

মৃত ওয়াহিদা বেগমের ছোট বোনের জামাতা সৈকত জানান, ফেসবুকে এক বৃদ্ধা বাকপ্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যা ও তার সঞ্চিত টাকা লুটের একটি পোস্ট দেখেন তিনি। পরে সেটি তার স্ত্রী রাবেয়া খাতুনকে দেখালে তিনি ছবিটি দেখে নিজের খালাকে শনাক্ত করেন। এরপর পরিবারের অন্য সদস্যরাও নিশ্চিত হন যে নিহত নারীই তাদের দীর্ঘদিনের নিখোঁজ স্বজন ওয়াহিদা বেগম।

শনিবার (১১ জুলাই) দুপুরে সৈকত রায়পুরার নুরপুর কবরস্থানে এসে ওয়াহিদা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ওয়াহিদার একটি পুরনো ছবি ছিল।

ববি বেগম হত্যাকাণ্ডের দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়ে ওঠে রায়পুরাসহ সারা দেশের মানুষ। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানা একটি মামলা করা হয়। শুক্রবার র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে রায়পুরা এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকা থেকে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকির ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

মাগুরা প্রতিনিধি
কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকির ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
বহিষ্কৃত যুবদল নেতা মুন্সী নয়নুজ্জামান নয়ন। সংগৃহীত ছবি

মাগুরার শালিখায় এক কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেওয়ার ঘটনায় উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শন করে শালিখা উপজেলার এক কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম এমপির সিদ্ধান্ত অনুযায়ী মুন্সী নয়নুজ্জামান নয়নকে প্রাথমিক সদস্য পদসহ সদস্যসচিবের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় কৃষি বিভাগ ও উপজেলা যুবদলের সূত্র জানায়, শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ কুমার রায়ের কাছে কৃষি প্রণোদনার জন্য ২০০ জনের একটি তালিকা দেন নয়ন। এর মধ্যে ১৫০ জন প্রণোদনা পেলেও বাকি ৫০ জন বাদ পড়েন। এ নিয়ে কথা বলতে গিয়ে কয়েক দিন আগে ফোনে কৃষি কর্মকর্তা পলাশ কুমার রায়কে ঝুলিয়ে পেটানোর হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

শুক্রবার ওই কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় যুবদল তদন্ত করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে মুন্সী নয়নুজ্জামান নয়ন বলেন, এটি রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র। তথ্য-প্রযুক্তির অপব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার সঙ্গে কৃষি কর্মকর্তার কথোপকথনের একটি ভুয়া অডিও তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

রেল লাইনচ্যুত, পড়ে গেছে ৪২ টন তেল | কালের কণ্ঠ