• ই-পেপার

রাস্তায় কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

কক্সবাজারে ফ্ল্যাট থেকে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে ফ্ল্যাট থেকে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ
ছবি: কালের কণ্ঠ

কক্সবাজার সদর থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।

সোমবার (১৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল ৩টার দিকে কক্সবাজার সদর থানাধীন জুমছড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান চলাকালীন ওই এলাকার একটি তালাবদ্ধ ফ্ল্যাট রুমে তল্লাশি চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৫ লাখ টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ফেনীতে আবারও বাড়ছে মুহুরী নদীর পানি, আতঙ্কে স্থানীয়রা

ফেনী প্রতিনিধি
ফেনীতে আবারও বাড়ছে মুহুরী নদীর পানি, আতঙ্কে স্থানীয়রা
টানা বর্ষণ ও উজানের ঢলে বাড়ছে ফেনীর মুহুরী নদীর পানি।

টানা বর্ষণ ও ভারতের উজানের ঢলে বাড়ছে ফেনীর মুহুরী নদীর পানি । উজানে ভারি বৃষ্টিপাত হলে দ্রুতই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।

সোমবার (১৩ জুলাই) বিকেলে মুহুরী নদীতে পানির স্তর রেকর্ড করা হয় ১১ দশমিক ৬০ মিটার। এটি বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীটির বিপৎসীমা ১২ দশমিক ৫৫ মিটার।

এদিকে টানা বৃষ্টি ও নদীর পানি বাড়তে থাকায় নদীতীরবর্তী মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। তারা বলছেন, প্রতিবছর বর্ষা এলেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন নিয়মে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি সম্প্রতি একনেকে অনুমোদন পাওয়া প্রায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ দ্রুত বাস্তবায়নের দাবিও জানান স্থানীয়রা।

ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর এলাকার বাসিন্দা মো. মোর্শেদ বলেন, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই আমাদের দুশ্চিন্তা শুরু হয়। নদীর পানি বাড়তে থাকলে আর স্বাভাবিক থাকা যায় না। পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও উজানে ভারী বৃষ্টি হলে কী হবে, সেই শঙ্কা থেকেই যাচ্ছে।

একই উপজেলার জগতপুর এলাকার বাসিন্দা নূর নবী বলেন, ‘গত দুই বছরও বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। তাই এবারও পানি বাড়ার খবর শুনেই মানুষ আতঙ্কিত। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো দ্রুত মেরামত এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন প্রকল্পের কাজ দ্রুত শুরু হলে মানুষের উদ্বেগ অনেকটাই কমবে।’

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ‘সোমবার দুপুর ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে এ বৃষ্টিপাত কমতে পারে।’

পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘অন্যান্য সময়ের তুলনায় এবার পানির বৃদ্ধির পরিস্থিতি কিছুটা ব্যতিক্রম। গত কয়েক দিন ধরে কিছু সময় পানি বাড়লেও পরবর্তী আবার কমে গেছে। সর্বশেষ আজ সকাল থেকে নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। সকাল ৬টায় মুহুরী নদীর পানির স্তর রেকর্ড করা হয় ৯ দশমিক ৩৫ মিটার, বিকেল ৫টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৬০ মিটারে। পানি বিপৎসীমা অতিক্রম করলে নতুন করে বাঁধের একাধিক ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত হতে পারে। সেই পরিস্থিতি মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।’

নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দেওয়া কুমিল্লার সেই কেন্দ্র পরিবর্তন

কুমিল্লা প্রতিনিধি
নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দেওয়া কুমিল্লার সেই কেন্দ্র পরিবর্তন
সংগৃহীত ছবি

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। ওই কেন্দ্রের পরিবর্তে নগরীর অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে স্থানান্তরিত হয়ে পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে কুমিল্লা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম এ কথা জানান। 

অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আগামী পরীক্ষার জন্য কুমিল্লা সরকারি মহিলা কলেজকেন্দ্রের পরীক্ষার্থীরা নগরীর অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে স্থানান্তরিত হয়ে পরীক্ষা দেবে। পরবর্তীতে অন্যান্য পরীক্ষার জন্য যে সিদ্ধান্ত হয়, সেটি জানিয়ে দেওয়া হবে।’

কুমিল্লা আবহাওয়া অফিস জানায়, সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে অতি ভারি বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। এর মধ্যে কুমিল্লা সরকারি মহিলা কলেজকেন্দ্রের পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে দুটি নৌকা ও দুটি ভ্যানের ব্যবস্থা করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তীবরানি বলেন, যখন পরীক্ষা শুরু হচ্ছিল তখন বৃষ্টিও হচ্ছিল। কুমিল্লা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে প্রচুর পানি জমে যায়। যে কারণে পরীক্ষার্থীদের আসতে দেরি হওয়ায় আমরা কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে ৩০ মিনিট বেশি পরীক্ষা নিয়েছি।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, করপোরেশনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে পানি অপসারণের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ভারি বৃষ্টিপাতে এই ভোগান্তি তৈরি হয়েছে।

একতা এক্সপ্রেসের ২ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
একতা এক্সপ্রেসের ২ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
ছবি : কালের কণ্ঠ

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্ত নগর একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা-পার্বতীপুর রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের আগেই ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দ্রুত লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

রাস্তায় কচুগাছ লাগিয়ে প্রতিবাদ | কালের কণ্ঠ