• ই-পেপার

চসিকের প্যানেল মেয়র নির্বাচন আজ

এবার ভোট কেনার টোপ আইফোন!

বাবুগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড
সংগৃহীত ছবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লামচর ক্ষুদ্রকাঠী গুচ্ছগ্রাম এলাকায় গাঁজা সেবনের দায়ে চার যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত প্রায় ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় বাবুগঞ্জ থানার এসআই মো. মাসুদ রানার নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উজিরপুর উপজেলার মূলপাইন গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মোস্তাকিন (২১), বোয়ালিয়া গ্রামের মো. মিজান সরদারের ছেলে মো. রিদয় সরদার (২৫), রহমতপুর ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠী এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে রবিউল ইসলাম (২২) এবং লামচর ক্ষুদ্রকাঠী এলাকার মো. বাবুল গাজীর ছেলে মো. নয়ন গাজী (২৫)।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। আদালত মোস্তাকিন ও রিদয় সরদারকে এক মাস করে, রবিউল ইসলামকে দুই মাস এবং নয়ন গাজীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এবং বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসন ও পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
সংগৃহীত ছবি

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে নারীসহ দুজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৭ জুলাই) পৃথক দুই দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাছিহাটা গ্রামের মৃত ননী মিয়ার ছেলে মো. মোস্তফা কামাল (৬০) এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামের তাসলিমা আক্তার (৪২)। নিহত নারী একই গ্রামের ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবু জাফরের স্ত্রী।

লাকসাম হাইওয়ে থানার ওসি মুহাম্মদ ওসমান গনি ওই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১৫ জন আহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলাবাজারে সড়ক পার হওয়ার সময় হিমাচল পরিবহন নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসচাপায় তাসলিমা আক্তার নামে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে, একই দিন ভোর ৫টার দিকে ওই সড়কের বিপুলাসার বাজারের অদূরে কাঁচি নামক স্থানে নীলাচল পরিবহন নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে কমপক্ষে ১৬ জন বাসযাত্রী আহত হন। গুরুতর আহত যাত্রীদের স্থানীয় লোকজন উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য লাকসাম এবং কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানোর হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম, পরিচয় ও ঠিকানা জানা যায়নি।

ওসি মুহাম্মদ ওসমান গনি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ উদ্ধার এবং জব্দ করেছে। এ  ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দুর্ঘটনায় আহত ১৫ জনের মধ্যে গুরুতর ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য লাকসাম এবং কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরো জানান, ওই সড়কে দুর্ঘটনায় নিহত দুজনের মধ্যে বৃদ্ধ মো. মোস্তফা কামালের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া খিলা বাজারে নিহত ওই নারীর মরদেহ স্বজনরা তাৎক্ষণিক নিয়ে গেছেন। ফলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ পায়নি।

নোয়াখালীতে চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া রেহান আলী চৌধুরীহাট বাজারে চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে মো. মহিন উদ্দিন (৩২) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৬ জুলাই) রাতে পরিচালিত অভিযানে মহিন উদ্দিনের চা দোকানে তল্লাশি চালিয়ে একটি বাজারের ব্যাগে কাগজে মোড়ানো ৮০টি গাঁজার রোল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ৮০০ গ্রাম। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। গ্রেপ্তার সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোপীবল্লভপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে আটক মহিন চা দোকানের আড়ালে গাঁজার কারবার করে আসছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলুয়া রেহান আলী চৌধুরীহাট বাজারে তার চা দোকানে অভিযান চালানো হয়। অভিযানে তার দোকান থেকে কাগজে মোড়ানো ৮০টি গাঁজার রোল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে কবিরহাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাহাড় ধসের শঙ্কা

৩৯ এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং

কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি
৩৯ এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং
সংগৃহীত ছবি

টানা বর্ষণে রাঙ্গামাটির কাউখালীতে দেখা দিয়েছে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা। ঘাগড়া ছড়াতীরবর্তী ঘরগুলোতে উঠতে শুরু করেছে পানি। এ ছাড়া ছোটখাটো পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। ফলে উপজেলাটির ৩৯টি এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বাসিন্দাদের নিরাপত্তায় প্রস্তুত ১৯টি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিংও করেছে উপজেলা প্রশাসন।  

সোমবার সকাল থেকে উপজেলার ৪টি ইউনিয়নের উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রেডক্রিসেন্টের সদস্যরা পাহাড়ের পাদদেশে যেয়ে বসবাসকারীদের আহ্বান জানান তারা। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল জানান, ঘাগড়া ইউনিয়নের আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩টি পরিবারের ৩৫ জন সদস্য সোমবার রাত থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তাদের প্রয়োজনীয় খাবার ও ওষুধ স্থানীয় মেম্বার চেয়ারম্যানদের মাধ্যমে দেওয়া হচ্ছে। বিকেল নাগাদ আশ্রয়কেন্দ্রে অর্ধশতাধিক পরিবার আশ্রয় নিতে পারে বলে জানিয়েছেন তিনি। 

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হোসেন জানান, সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। নিজেরা সরে না আসলে আইন প্রয়োগের মাধ্যমে তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হবে। পাহাড় ধসের ক্ষতি থেকে রক্ষা পেতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এর আগে ২০১৭ সালে জুনে কায়েক দিনের টানা ভারি বার্ষণের ফলে ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটে। সে সময় কাউখালীতে পাহাড় ধসে মাটি চাপায় মারা যায় ২১ জনসহ রাঙ্গামাটি জেলায় ১২০ জনের প্রাণহানি ঘটে।
 

এবার ভোট কেনার টোপ আইফোন! | কালের কণ্ঠ