গাইবান্ধায় অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-১৩। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহসান হাবিব (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প জানায়, ভুক্তভোগী কিশোরী গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে একই এলাকার আহসান হাবিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। কিশোরী প্রস্তাব প্রত্যাখ্যান করলে বিষয়টি তার পরিবার জানতে পেরে আসামির পরিবারকে অবহিত করে।
পরবর্তীতে আসামির পরিবার বিয়ের প্রস্তাব পাঠালেও আহসান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক অভিযোগ থাকায় কিশোরীর পরিবার তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষুব্ধ হয়ে গত ৩১ মার্চ সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামনাথের ভিটা মন্ডলপাড়ায় চাচার বাড়ি থেকে বের হওয়ার সময় কিশোরীকে একটি অটোরিকশায় জোরপূর্বক তুলে নিয়ে যায় অভিযুক্তরা।
এ ঘটনায় গত ১১ এপ্রিল ভুক্তভোগীর মা গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব ধরনের গুরুতর অপরাধ দমনে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’





