কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মোতালেব (৪৪) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাছৌ গ্রামের আবদুল হকের ছেলে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ব্যবসায়ী ওমর হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশের একটি পরিবারের অনুষ্ঠানের জন্য আবদুল মোতালেবের বাড়ির উঠান ব্যবহার করা হচ্ছিল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবদুল মোতালেব দীর্ঘদিন ধরে বিভিন্ন কম্পানির ডিলার হিসেবে ব্যবসা করতেন। তিনি স্ত্রী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১০ জুলাই) সকালে গুণবতী মাদ্রাসা মোড়ে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।




