• ই-পেপার

নবীনগরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

কামড়ের পর হাসপাতালে মৃত সাপ নিয়ে হাজির রোগী

পঞ্চগড় প্রতিনিধি
কামড়ের পর হাসপাতালে মৃত সাপ নিয়ে হাজির রোগী
ছবি: কালের কণ্ঠ

পঞ্চগড়ে একই দিনে পৃথক দুই ঘটনায় সাপের কামড়ে আহত হন দুই ব্যক্তি। তাদের মধ্যে একজন চিকিৎসা নিতে আসার সময় সঙ্গে নিয়ে আসেন তাকে কামড় দেওয়া সাপটিও। শনিবার (১১ জুলাই) দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন ঘটনা ঘটে। চিকিৎসকরা সাপটি দেখে বিষধর বলে শনাক্ত করে আক্রান্ত ব্যক্তিকে তাৎক্ষণিক এন্টিভেনাম দেন। অপরদিকে, একই দিন পাটক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে আহত আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সাপে কাটা রোগীরা হলেন— আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৪৬) এবং বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের সরকারপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে উমর ফারুক (২০)।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় নজরুল ইসলামকে একটি সাপ কামড় দেয়। পরে স্বজনরা সাপটি মেরে সেটি সঙ্গে নিয়েই বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সাপটি দেখে প্রাথমিকভাবে এটিকে কোবরা সাপ বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসকরা সাপটি দেখে বিষধর বলে নিশ্চিত হয়ে তাকে তাৎক্ষণিক এন্টিভেনাম দেন। 

একই দিন দুপুরে বোদা উপজেলার একটি পাটক্ষেতে পাট কাটার সময় উমর ফারুক সাপের কামড়ে আহত হন। পরে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর বলেন, শনিবার সাপে কাটা দুইজন রোগী হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে নজরুল ইসলামকে বিষধর সাপ কামড় দিয়েছিল। তাই তাকে এন্টিভেনাম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। অপর রোগী উমর ফারুককে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাগরিক সেবা নিশ্চিতে সোনারগাঁ পৌরসভা পরিদর্শনে এমপি মান্নান

অনলাইন ডেস্ক
নাগরিক সেবা নিশ্চিতে সোনারগাঁ পৌরসভা পরিদর্শনে এমপি মান্নান
ভিডিও থেকে নেওয়া ছবি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ পৌরসভার নাগরিক সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন। পৌরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত এবং চলমান কার্যক্রমের খোঁজখবর নিতে তিনি এ পরিদর্শন করেন।

শনিবার (১১ জুলাই) দলীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সোনারগাঁ পৌরসভা কার্যালয়ে যান সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

এ সময় তিনি পৌরসভার বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

নাগরিকদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দানের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘পৌরবাসী যাতে নির্ধারিত সময়ে সব ধরনের নাগরিক সেবা পেতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

তিনি জনগণের প্রত্যাশা পূরণে সেবার মান আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, ‘জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং করসহ পৌরসভার সব সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

এ সময় জনগণের ভোগান্তি কমিয়ে আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি
টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল প্লাবিত
ছবি : সংগৃহীত

কয়েক দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সেখানকার বাসিন্দারা। 

শনিবার (১১ জুলাই) দুপুরের শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পৌরসভার কাটিয়া, কামালনগর, পলাশপোল, সাতক্ষীরা সরকারি কলেজ মোড়, সুলতানপুর, বদ্দীপুর কলনি, মধুমল্যার ডাঙি, মাঠপাড়া, মাছখোলার নিম্নাঞ্চলের গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। কোনো কোনো এলাকায় হাঁটু সমান পানি জমে থাকায় সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সড়কের পাশের ড্রেন দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় অনেকের বসতঘরে পানি জমেছে।

সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হল এলাকার বাসিন্দা অ্যাড. ফাহিমুল হক কিসলু জানান, কলেজ মোড় থেকে মাছখোলা পর্যন্ত পুরো সড়ক পানির নিচে। রিকশা, ভ্যান ও ইজিবাইক ঠিকমতো চলতে পারছে না। হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘প্রতিবছর বৃষ্টি হলেই এমন অবস্থা হয়, কিন্তু কর্তৃপক্ষ কোনো  ব্যবস্থা নেয় না। বাধ্য হয়ে আনসার-ভিডিপি ক্যাম্প ঘুরে আদালতে বা বড় বাজারে যাতায়াত করছি।’

কাটিয়া এলাকার ফারুক হোসেন সোহাগ বলেন, সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে। পৌরসভার লোকজন দীর্ঘদিন ধরে ড্রেন খুড়ে রাখলেও কাজ শেষ না করায় বিপাকে পড়েছি আমরা। তিনি বলেন, গত দুই দিনের টানা বৃষ্টিতে বাড়ির উঠান থেকে শুরু করে রান্না ঘরে পানি জমেছে। এতে মশার উপদ্রব বাড়তে পারে। পৌরসভার ড্রেন দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত। অনেক ড্রেন ভরাট হয়ে গেছে, কোথাও ড্রেনের ধারণক্ষমতা কম। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। টানা বৃষ্টিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত বলেন, জেলার বিভিন্ন স্থানে খাল ও নদী পুনঃখননের পাশাপশি সড়ক সংষ্কার কাজ চলছে।পাশাপাশি শহরের স্লুইসগেট খুলে দেওয়া হবে। প্রাণসায়ের খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে শহরের সব ড্রেন সচল করে ওই খালের সঙ্গে সংযুক্ত করা হবে। চলতি বছর  শহরের জলাবদ্ধতা অনেকটাই দূর হবে বলে আশাবাদী তিনি।

একই অবস্থা কলারোয়া, তালা, আশাশুনি উপজেলায়। অতি বৃষ্টিতে সবজি ক্ষেতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঘের ও পুকুরে পানি বেড়ে মাছ ভেসে যাওয়ার উপক্রম হয়েছে।

সাতক্ষীরা জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জুলফিকার আলী রিপন বলেন, গত ৪৮ ঘণ্টায় জেলায় ৩০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এক দিনে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। এখন বেশ কয়েক দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিলেটে সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। তবে ঘটনার সময় ঠিক কী উদ্দেশ্যে তিনি সীমান্ত অতিক্রম করে সেখানে গিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে মিনহাজ উদ্দিন উপজেলার সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে ভারতের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় প্রবেশ করলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তার সঙ্গীরা বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মিনহাজ উদ্দিন সীমান্ত দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য এনে দেশে বিক্রি করতেন। তবে ঘটনার সময় তিনি কী কারণে সীমান্ত অতিক্রম করেছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে যাই এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেছি।’

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন। সেখানে গুলিবিদ্ধ হয়ে সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে আসার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর বিজিবির পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারিসহ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

নবীনগরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২ | কালের কণ্ঠ