নওগাঁর মান্দা উপজেলায় গাছ থেকে বাচ্চাদের আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তৈয়বুর রহমান মোল্লা (৬৫)। তিনি ওই গ্রামের মৃত দিনা মোল্লার ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন হাটোইর মধ্যপাড়া গ্রামের সৈয়ব আলী (৬২) ও তাঁর ছেলে স্বাধীন (২২)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ ইমরান হোসেনের শিশু সন্তান শাকিল (৮) প্রতিবেশী জালাল হোসেনের গাছ থেকে কিছু আম পাড়ে। এ নিয়ে আব্দুল মোমিন ওই শিশুকে চড়-থাপ্পড় দিলে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এর জের ধরে সোমবার সকালে ইমরান হোসেন ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে মোমিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে মেহেরুন্নেছা (৫০), মেহেদী হাসান (২৮), আব্দুল মোমিন (২৬) ও শিশু রিয়ানকে (৮) পিটিয়ে জখম করা হয়।
স্থানীয় বাসিন্দা সোহেল জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় তাদের ওপর আবারও হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় বাধা দিতে গেলে তৈয়বুর মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তৈয়বুর মোল্লার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৈয়ব আলী ও তার ছেলে স্বাধীনকে আটক করা হয়েছে।




