• ই-পেপার

২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

জাতীয় সংসদের অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক
জাতীয় সংসদের অধিবেশন শুরু
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেল ৩টা ৫ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। 

আরো পড়ুন
ইতালির জাতীয় দিবসের শুভেচ্ছা বার্তা

ইতালির জাতীয় দিবসের শুভেচ্ছা বার্তা

 

এর আগে রবিবার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন।

আরো পড়ুন
রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল

রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল

 

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।

রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল

নিজস্ব প্রতিবেদক
রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, আগামীর সময় পত্রিকায় প্রকাশিত ‘রপ্তানির আড়ালে অর্থ পাচার’ শীর্ষক প্রতিবেদনে তাঁর সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক, মনগড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

আজ সোমবার সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেদনে তাঁকে বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। তিনি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নন এবং কখনো ছিলেনও না।

তবে তিনি জানান, বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের একজন পরিচালক হিসেবে তাঁর সম্পৃক্ততা রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের যে অভিযোগ প্রতিবেদনে উত্থাপন করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

শরীফুল আলমের দাবি, এ বিষয়ে প্রকাশিত তথ্য মিথ্যা ও বিভ্রান্তিকর। তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের তথ্য প্রচার করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাঁর নাম জড়িয়ে এমন প্রতিবেদন প্রকাশ করা দুঃখজনক। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। তাই সংশ্লিষ্ট পত্রিকাকে তাদের নিজ দায়িত্বে ভুল স্বীকার করে সংশোধনী প্রকাশ করতে হবে। যে স্থানে এবং যে গুরুত্বের সঙ্গে মূল প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, একই স্থানে ও সমান গুরুত্ব দিয়ে সংশোধনী প্রকাশেরও দাবি জানান তিনি।

এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।

বিমান বাহিনী প্রধানের সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
বিমান বাহিনী প্রধানের সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংগৃহীত ছবি

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এইচ ই আব্দুল্লাহ আলী আল হামুদি সাক্ষাৎ করেছেন।

সোমবার (৮ জুন) বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। 

আরো পড়ুন
সিএন্ডএফ লাইসেন্স নিয়ে কারসাজি, ৪৫ জনের ভাগ্য বদল এক দিনে

সিএন্ডএফ লাইসেন্স নিয়ে কারসাজি, ৪৫ জনের ভাগ্য বদল এক দিনে

 

সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে কারিগরি সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উভয় দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

বাসস
চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস।আজ (সোমবার) জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে চলমান বাজেট অধিবেশন, সংসদীয় কার্যক্রম এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংসদীয় ককাস গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় চিফ হুইপ বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের পর জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি কার্যকর সংসদ গঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদে ২৬০ জন নতুন সদস্য নির্বাচিত হয়েছেন এবং এটি তাদের প্রথম বাজেট অধিবেশন। 

মো. নূরুল ইসলাম বলেন, নতুন সদস্যরা সংসদীয় রীতি-নীতি ও কার্যপ্রণালী আয়ত্ত করার জন্য আন্তরিকভাবে কাজ করছেন। অতীতে জনগণের মধ্যে সংসদীয় কার্যক্রমের প্রতি আগ্রহ তুলনামূলকভাবে কম থাকলেও বর্তমানে তারা নিয়মিত সংসদ অধিবেশন অনুসরণ করছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য অত্যন্ত ইতিবাচক।

স্টুয়ার্ট জেমস বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংসদীয় ককাস গঠিত হলে দু’দেশের আইনপ্রণেতাদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। তিনি জনগণের জন্য একটি কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠায় চিফ হুইপের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।