রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও জাতীয় পার্টির (জাপা) মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন কোলাকুলি করেছেন। বুধবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের মাঝে এই সৌহার্দ্য ফুটে ওঠে। ভোটের মাঠে এমন সৌহার্দ্য দেখে খুশি হন ভোটাররা। এই কেন্দ্রে ভোট দিতে আসেন লাঙল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। ভোট দেওয়ার আগে তিনি কিছুক্ষণ কেন্দ্রে দাঁড়িয়ে ছিলেন। তখন কেন্দ্র পরিদর্শনে আসেন নৌকার প্রার্থী খায়রুজ্জামান লিটন। তখনই দুজনের দেখা হলে তারা কোলাকুলি করেন। কোলাকুলি করে সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘আমরা তো চাচা-ভাতিজা। আমাদের সম্পর্ক সব সময়ই ভালো।’ এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমরা শুরু থেকেই ভোটের মাঠে সৌহার্দ্য বজায় রেখেছি।’ বুধবার সকাল ৮টা থেকে শহরের ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। নির্বাচনে তিনজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১১২ জন সাধারণ কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী আছেন।