• ই-পেপার

জ্ঞান হারিয়ে হাসপাতালে, আর ফেরা হলো না জবি শিক্ষার্থীর!

অনুপস্থিত শিক্ষার্থীরাই পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতে পারবেন : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
অনুপস্থিত শিক্ষার্থীরাই পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতে পারবেন : শিক্ষামন্ত্রী
সংগৃহীত ছবি

বন্যার মধ্যে গত ১৩ জুলাই যারা পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা বিষয়ে পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী বলেন, গত ১৩ জুলাইয়ের পরীক্ষাগুলো আবার নেওয়া হবে। ওই দিন অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

যাদের পরীক্ষা খারাপ হয়েছে, তারা সুযোগ পাবেন কি না—এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘না। এটা তো সম্ভব না। যারা দিয়েছে, তাদের আর পরীক্ষা দিতে হবে না। প্রশ্নে ভুল ছিল, সেটাতে আমরা সবাইকে নম্বর দিয়ে দিচ্ছি তো। এরপর আর কোনো কথা নেই।’

গত ১৩ জুলাই দেশের ৫৯ জেলায় (চট্টগ্রামের ৫ জেলা বাদে) এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ওই দিন পরীক্ষা নেওয়ায় তীব্র অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে ১৪ জুলাই সারা দেশে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১৩ জুলাই অনুষ্ঠিত তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

চাঁবিপ্রবির নতুন ভিসি ড. আতিকুর রহমান, প্রো-ভিসি ড. লোকমান

অনলাইন ডেস্ক
চাঁবিপ্রবির নতুন ভিসি ড. আতিকুর রহমান, প্রো-ভিসি ড. লোকমান
সংগৃহীত ছবি

নতুন ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর পেল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)। নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আতিকুর রহমান এবং প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন।

বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১২(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. এম আতিকুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে এবং অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে উপ-উপাচার্য  হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্তানুযায়ী, তারা যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসে) এ পদে দায়িত্ব পালন করবেন।

দায়িত্বপালনকালে তারা বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও প্রবিধান অনুযায়ী তার ওপর অর্পিত সব দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে আরেকটি প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহমেদকে পদ হতে অব্যাহতি দেওয়া হয়।

৫ দাবিতে জাবির প্রধান মেডিক্যাল কর্মকর্তাকে অবরুদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৫ দাবিতে জাবির প্রধান মেডিক্যাল কর্মকর্তাকে অবরুদ্ধ
ছবি: কালের কণ্ঠ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারের অনিয়মের অভিযোগ, চিকিৎসাসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ পাঁচ দাবিতে প্রধান মেডিক্যাল কর্মকর্তা (সিএমও) ড. শামসুর রহমানকে অবরুদ্ধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নেতারা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রধান মেডিক্যাল কর্মকর্তার কক্ষে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করা হয়।

জাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হুসাইন মুবারক বলেন, ‘প্রধান মেডিক্যাল কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তাকে অবরুদ্ধ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের দাবিগুলো হলো—আগামী সাত দিনের মধ্যে চার জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, ছয় জন ডিপ্লোমা নার্স নিয়োগ, মেডিক্যালের অবকাঠামোগত উন্নয়নসহ আরো ১০টি কক্ষ বৃদ্ধি, অপারেশন থিয়েটারের আধুনিকায়ন, নতুন দুটি অ্যাম্বুলেন্স চালু এবং মেডিক্যাল সেন্টারের পরিচালক হিসেবে একজন শিক্ষককে দায়িত্ব প্রদান।’

হুসাইন মুবারক আরো বলেন, ‘প্রশাসন এসব বিষয়ে তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া এবং দাবিগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের নিশ্চয়তা না পেলে পরবর্তী কর্মসূচি হিসেবে পুরো মেডিক্যাল সেন্টার তালাবদ্ধ করে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই
সংগৃহীত ছবি

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বের রুটিন অনুযায়ী আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। তবে স্থগিত পরীক্ষাগুলো নতুন রুটিন অনুযায়ী পরে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞান বিভাগে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় যারা অংশ নিতে পারেনি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রামে বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর স্থগিত পরীক্ষার নতুন রুটিন ঘোষণা করা হবে।

এর আগে বন্যার কারণে চট্টগ্রামে বেশ কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়।

জ্ঞান হারিয়ে হাসপাতালে, আর ফেরা হলো না জবি শিক্ষার্থীর! | কালের কণ্ঠ