• ই-পেপার

তিন দফা কমার পর আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?

বাড়ল সোনার দাম, ভরি কত?

অনলাইন ডেস্ক
বাড়ল সোনার দাম, ভরি কত?

টানা ৩ দফার কমানোর পর এবার দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
ফাইল ছবি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের আর্থিক খাতে আস্থা পুনর্গঠনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সততা নিশ্চিত করতে হবে। আর্থিক খাতের সুশাসন ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন দেশের অর্থনীতির ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

বুধবার (২০ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং’ (এফএআর) সামিটে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নিয়ন্ত্রক ও তদারকি সংস্থাগুলোর অনেকগুলো প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। ফলে অডিট, আর্থিক প্রতিবেদন ও নজরদারি কাঠামোয় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের অপশাসনে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে অর্থনীতি এখন এক ধরনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।‘

তিনি বলেন, ‘ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর আর্থিক প্রতিবেদন দিয়ে অনেক কম্পানি শেয়ারবাজারে প্রবেশ করেছে। এতে প্রকৃতপক্ষে শক্তিশালী ও ভালো কম্পানিগুলো ন্যায্য প্রতিযোগিতামূলক পরিবেশে বাজারে আসতে নিরুৎসাহিত হয়েছে।’

সম্পদের সঠিক মূল্যায়ন ও বাজারভিত্তিক মূল্য নির্ধারণের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘বিদ্যমান দুর্বলতার কারণে ব্যাংক ও বেসরকারি খাতে বড় ধরনের মূলধন ঘাটতি তৈরি হয়েছে। খেলাপি ঋণ, অর্থপাচার এবং ব্যাংকের মালিক ও ব্যবস্থাপকদের যোগসাজশে অর্থ আত্মসাতের ঘটনাগুলোকেও এ সংকটের জন্য দায়ী।’

আমির খসরু বলেন, ‘আমানতকারীদের অর্থ দিয়ে পরিচালিত হলেও দেশে দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোকে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের মতো পরিচালনা করা হয়েছে। এ ধরনের স্বার্থের সংঘাত দূর করে আর্থিক খাতে শৃঙ্খলা ও জনআস্থা ফিরিয়ে আনতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘জেপি মরগান চেজসহ লন্ডন ও হংকংভিত্তিক কয়েকটি বড় বিনিয়োগ কম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও আন্তর্জাতিক হিসাবমান অনুসরণ না হলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে না। বিনিয়োগকারীরা যদি দেখেন যে আর্থিক প্রতিবেদন মানসম্মত নয়, তাহলে সেখানেই সব শেষ।’

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। এতে সভাপতিত্ব করেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফআরসির চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সম্মেলনে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, হিসাববিদ, নিরীক্ষক, মূল্য নির্ধারক, অ্যাকচুয়ারি ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।

বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, দেশে কোনটার ভরি কত?

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, দেশে কোনটার ভরি কত?
স্বর্ণ-রুপার বার। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান সংঘাতের একটি ইতিবাচক সমাধানের আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। এতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা প্রশমিত হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফার হারও সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে নিচে নেমে এসেছে। আর এই জোড়া প্রভাবেই বিশ্ববাজারে সোনার দাম এক ধাক্কায় ১ শতাংশের বেশি বেড়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বুধবার (২০ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫২৫ দশমিক ৯৫ মার্কিন ডলার হয়েছে। অথচ আজ দিনের শুরুতেই ধাতুটির দাম গত সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে আগামী জুনে সরবরাহের চুক্তিভিত্তিক সোনার দাম (গোল্ড ফিউচার্স) শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৫২৯ দশমিক ৩০ ডলারে বেচাকেনা হচ্ছে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘হাই রিজ ফিউচার্স’-এর মেটালস ট্রেডিং বিভাগের পরিচালক ডেভিড মেগার এই পরিস্থিতি নিয়ে বলেন, ট্রেজারি ইল্ডের টানা বাড়তে থাকার প্রবণতা থেকে বাজার কিছুটা স্বস্তি পেয়েছে। আর সে কারণেই সোনার দাম সাম্প্রতিক সর্বনিম্ন অবস্থান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি বেঞ্চমার্ক ট্রেজারি নোটের মুনাফার হার ২০২৫ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বিশ্লেষকদের মতে, সাধারণত ট্রেজারি বন্ডের মুনাফার হার বাড়লে সোনা সঞ্চয় রাখার আগ্রহ কমে যায়; কারণ সোনা থেকে কোনো নিয়মিত লভ্যাংশ বা সুদ পাওয়া যায় না।

ডেভিড মেগার আরো বলেন, যুদ্ধাবস্থার যেকোনো ধরনের সমাধান বা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়া সোনার বাজারের জন্য ইতিবাচক সংকেত। এর ফলে বাজারে সুদের হার কমবে—এমন একটি প্রত্যাশা তৈরি হয়, যা সোনার বাজারকে চাঙ্গা করতে বড় ভূমিকা রাখবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে আবারও আশ্বাস দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে যে বিঘ্ন ঘটছে, তা নিয়ে বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। শান্তি আলোচনার চূড়ান্ত ফলাফল কী হয়, সেদিকেই এখন সবার নজর।

সাধারণত জ্বালানি তেলের দাম বাড়লে তা সরাসরি মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার চড়া রাখতে হয়। সোনাকে মূল্যস্ফীতি মোকাবেলার নিরাপদ মাধ্যম মনে করা হলেও, সুদের হার চড়া থাকলে এই ধাতুটির বাজারে মন্দা দেখা দেয়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ (ফেড) আগামী জুনের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখবে—এমন সম্ভাবনা এখন ৮৯ দশমিক ৬ শতাংশ বলে মনে করছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা দেখছেন ৪৮ দশমিক ৬ শতাংশ বিনিয়োগকারী।

তবে সোনার এই সুসময় সাময়িক হতে পারে বলে আভাস দিয়েছে বহুজাতিক ব্যাংক সিটি। তারা জানিয়েছে, নিকটবর্তী সময়ে সোনা নিয়ে তারা সতর্ক অবস্থানে থাকছে এবং আগামী তিন মাসের মধ্যে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩০০ ডলারে নেমে আসতে পারে।

বুধবার রাতের শেষভাগে ফেডারেল রিজার্ভের এপ্রিল মাসের নীতিনির্ধারণী বৈঠকের কার্যবিবরণী (মিনিটস) প্রকাশ পাওয়ার কথা রয়েছে, যা আগামীতে বাজারের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ ঊর্ধ্বমুখী ছিল। রুপার (স্পট সিলভার) দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৯৪২ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৫ দশমিক ১২ ডলারে লেনদেন হচ্ছে।

এই দেশে জন্ম নেওয়া প্রথম পাপ, দ্বিতীয় পাপ ব্যবসা করা : ব্যবসায়ী ইমরান

অনলাইন ডেস্ক
এই দেশে জন্ম নেওয়া প্রথম পাপ, দ্বিতীয় পাপ ব্যবসা করা : ব্যবসায়ী ইমরান
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান।

এই দেশে জন্মগ্রহণ প্রথম পাপ এবং দেশে ব্যবসা করা দ্বিতীয় পাপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি মনে করি টোটাল স্টিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত। যখন সিস্টেমে থাকে তখন কথা বলে না, আবার যখন সিস্টেম থেকে বের হয় তখন সিস্টেমের বিরোধিতা করে। এটি একটি দ্বিচারিতা।’

‘কোনো কিছু নিয়ে কথা যাবে না’ মন্তব্য করে ইমরান হাসান বলেন, ‘আজকে রাজনীতিতে দুর্বৃত্তায়ন, পাশাপাশি আমলাতন্ত্রে দুর্বৃত্তায়ন। এই কারণে দেশের ১৮ কোটি মানুষের নাভিশ্বাস উঠেছে। আমাদের বিভাজন করে দেওয়া হয় পলিটিক্যালি। বিভাজন এমন একটা জায়গায় চলে গেছে যে, কেউ কথা বলে না।’

কোথাও ন্যায্য বিচার নেই বলেও মন্তব্য করে তিনি প্রশ্ন করেন, কোথায় অনিয়ম নেই?  

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, বর্তমান কর নির্ধারণ পদ্ধতি অকার্যকর এবং পুরো ব্যবস্থাকে ডিজিটাল সমন্বয়ের আওতায় আনা প্রয়োজন। তার দাবি, অনেক ক্ষেত্রে প্রশাসনিক হয়রানি ও অনানুষ্ঠানিক চাপের কারণে ব্যবসায়ীরা করব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছেন।