• ই-পেপার

স্বস্তি ফিরছে না বাজারে

  • মুরগি-সবজি চড়া
  • ডিম ডজনে বেড়েছে ১০ টাকা

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয় : বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয় : বাংলাদেশ ব্যাংক
সংগৃহীত ছবি

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা করে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে কোনো প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখার সময় যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রবিবার (২৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাংলাদেশে ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। 

আরিফ হোসেন বলেন, শাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রের শীর্ষ পদে ছিলেন, তাই তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আলাদা কোনো অনুসন্ধান চালাবে না নিয়ন্ত্রক সংস্থা। তবে দেশের আর্থিক খাতের সংস্কারে ব্যাংকভিত্তিক যে তদন্তগুলো চলছে, সেখানে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে৷

তিনি বলেন, ‘গ্রাহকরা ব্যাংকের কাস্টমার। আর কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ইন্সপেকশন করে। তদন্তের সময় কোনো অনিয়ম পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে। কোনো ব্যক্তি অনিয়ম করলে, সেই অনিয়মের সাথে পর্ষদ জড়িত কিনা সেটাও দেখা হয়।’

তিনি যোগ করেন, ‘এটা ব্যাংক নিজেরাই অডিট করে, কেন্দ্রীয় ব্যাংকও করে এবং এক্সটার্নাল অডিটও হয়। এটা কোনো ব্যক্তি বিশেষকে টার্গেট করে কেন্দ্রীয় ব্যাংক করবে না। বিশেষ প্রায়োরিটি নিয়ে কিংবা টার্গেট করে কাজ করছে, এমন হওয়ার কোনো সুযোগ নেই।’

গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এর একদিন পর আজ রবিবার বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানের বাসায় ওঠেন তিনি।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়।

জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা

অনলাইন ডেস্ক
জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা
সংগৃহীত ছবি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৫ দিনেই দেশে ২ দশমিক ২৯৯ বিলিয়ন (২২৯ কোটি ৯০ লাখ) মার্কিন ডলারের প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে। স্থানীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৮ হাজার ৪৭ কোটি ৮০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে বৈধ পথে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৯ কোটি ২০ লাখ ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে মোট ২২৯ কোটি ৯০ লাখ (২ দশমিক ২৯৯ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এর আগে চলতি মাসের প্রথম পাঁচ দিনে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। মাসজুড়ে ধারাবাহিকভাবে রেমিট্যান্সপ্রবাহ অব্যাহত থাকায় ২১ দিনের মাথায় মোট প্রবাস আয় পৌঁছেছে ২০৯ কোটি ৫০ লাখ ডলারে আর সেটি ২৫ দিনে দাঁড়িয়েছে ২২৯ কোটি ৯০ লাখ ডলারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ২৫ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩৯ কোটি ২০ লাখ ডলার, যা ২০ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির সমান।

সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রণোদনার কারণে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় রয়েছে।

এ প্রবাহ অব্যাহত থাকলে চলতি মাসেও রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

অনলাইন ডেস্ক
স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কম্পানিগুলোর পরিচালনা পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে সিংহভাগ কম্পানি শর্ত পালনে ব্যর্থ হওয়ায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সময় বাড়ানো হয়েছে।

আজ রবিবার (২৬ জুলাই) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এক নতুন নির্দেশনার মাধ্যমে এ কথা জানিয়েছে।

রবিবার (২৬ জুলাই) এক নির্দেশনায় এ সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় বিএসইসি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির জারি করা নির্দেশনা অনুযায়ী, এই সময় বৃদ্ধি করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮-এর শর্ত ১(২)(ক)-এর ক্ষেত্রে প্রযোজ্য।

এর আগে ২০২৫ সালের ২৯ জুলাই প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছিল, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক অন্তর্ভুক্ত করতে হবে। তবে নির্ধারিত মেয়াদের মধ্যে সিংহভাগ কম্পানিই এই শর্ত পূরণ করতে পারেনি।

বিএসইসি জানায়, বিভিন্ন তালিকাভুক্ত কম্পানি ও শেয়ারবাজার সংশ্লিষ্ট অংশীজনেরা নির্ধারিত মেয়াদের মধ্যে যোগ্য নারী প্রার্থী খুঁজে পেতে জটিলতার কথা তুলে ধরেছিলেন। একই সাথে পর্ষদ গঠনে বিদ্যমান অন্যান্য নিয়ন্ত্রক শর্ত বজায় রেখে নতুন পরিচালক যুক্ত করা কঠিন হয়ে পড়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কমিশন এ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞপ্তিতে বিএসইসি দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) নির্দেশ দিয়েছে, যাতে তারা অবিলম্বে খবরটি সব তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেয়। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বাড়তি সময়ের মধ্যে শর্ত পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

বাসস
বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম ও দেশের মুদ্রানীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, মুদ্রানীতির লক্ষ্য, বাস্তবায়ন কৌশল ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের উপস্থাপনার পর কমিটির সদস্যরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ পরিবেশ, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ ও মুদ্রানীতির কার্যকারিতা নিয়ে মতামত দেন।

বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন ও মো. আবুল হাসনাত বৈঠকে অংশগ্রহণ করেন।

এ ছাড়া বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের নীতিগত কার্যক্রম ও অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে সদস্যরা মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ভিত্তিক উপস্থাপনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

স্বস্তি ফিরছে না বাজারে | কালের কণ্ঠ