• ই-পেপার

কারণ ছাড়াই বেড়েছে চালের দাম

১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৭ কোটি ডলার

অনলাইন ডেস্ক
১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৭ কোটি ডলার
সংগৃহীত ছবি

মে মাসের প্রথম ১৭ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন
ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের সুদ হার নিয়ে হাইকোর্টের রুল

ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের সুদ হার নিয়ে হাইকোর্টের রুল

 

তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৬১ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ১৫১ কোটি ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৫০ শতাংশ।

আরো পড়ুন
বিমানবন্দর সেবার উন্নয়নে আগ্রহ সিঙ্গাপুরের

বিমানবন্দর সেবার উন্নয়নে আগ্রহ সিঙ্গাপুরের

 

এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ।

তিন ধরনের নতুন নোট ছাড়ল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক
তিন ধরনের নতুন নোট ছাড়ল বাংলাদেশ ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু শুরু হয়েছে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটগুলো ইস্যু করা হবে।

আরো পড়ুন
ঈদের সময় কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ঈদের সময় কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

 

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সই সংবলিত থাকবে। এর আগে প্রচলনে আসা একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও পর্যায়ক্রমে গভর্নরের সই ইস্যু করা হবে।

আরো পড়ুন
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ফাঁস সিনেমা, বাধ্য হয়ে ওটিটিতে মুক্তি

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ফাঁস সিনেমা, বাধ্য হয়ে ওটিটিতে মুক্তি

 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটগুলোর রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও বৈধ এবং চালু থাকবে। কেন্দ্রীয় ব্যাংক গণমাধ্যমকে জাতীয় স্বার্থে এ তথ্য প্রচারের অনুরোধ জানিয়েছে।

এক মাসের ব্যবধানে আবারও বাড়ল ফার্নেস অয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক
এক মাসের ব্যবধানে আবারও বাড়ল ফার্নেস অয়েলের দাম
ফার্নেস অয়েল। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। প্রতি লিটারে এবার দাম বেড়েছে ১৮ টাকা ৮৫ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক লিটার ফার্নেস অয়েলের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (১৮ মে) বিইআরসির জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ মধ্যরাত থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল। এক মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও এই জ্বালানির দাম বাড়ানো হলো।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ১৩ এপ্রিল থেকে ১২ মে সময়ের মধ্যে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের ক্রুড অয়েলের এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় নিয়ে মে মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি জানায়, মার্চ মাসে ক্রুড অয়েল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্লাটস রেট এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এপ্রিল মাসের মূল্য সমন্বয়ের সুপারিশ করা হয়েছিল। পরবর্তীতে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় সেই সুপারিশ পর্যালোচনা করে দাম বাড়ানোর অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমদানি করা ফার্নেস অয়েলের একটি বড় অংশ দেশের বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। ফলে এই দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে বিদ্যুতের উৎপাদন খরচে। বিশেষ করে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় এক লাফে অনেকটা বেড়ে যাবে। এর ফলে ভবিষ্যতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দামেও নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত?

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত?
স্বর্ণ ও রুপার বার। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে বড় ধরনের ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে সোনা ও অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সোমবার (১৮ মে) লেনদেনের শুরুতে বিশ্ববাজারে সোনার দাম গত দেড় মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে যায়। তবে সময়ের ব্যবধানে সেই ধাক্কা সামলে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। যদিও বিশ্বজুড়ে বন্ডের মুনাফা বৃদ্ধি এবং মূল্যস্ফীতির আশঙ্কায় সোনার এই দাম বাড়ার গতি শেষ পর্যন্ত বেশ সীমিত ছিল।

এদিকে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও ইরান যুদ্ধ অবসানের প্রচেষ্টা থমকে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়ে গেছে।

সোমবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা তাৎক্ষণিক সরবরাহের বিপরীতে সোনার দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৫২.৫৯ ডলারে পৌঁছায়। অথচ দিনের শুরুতেই এই দাম গত ৩০ মার্চের পর সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। অন্যদিকে, আগামী জুন মাসে সরবরাহের চুক্তিতে মার্কিন সোনার ফিউচার বা আগাম দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৭ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান জেফরিসের মালিকানাধীন ট্রেডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, প্রযুক্তিগত কারণে সোনার দামের এই পতন সাময়িক। বাজার এখনো সোনাকে পুরোপুরি মন্দার দিকে ঠেলে দিতে প্রস্তুত নয়, কারণ দীর্ঘ মেয়াদে সোনার কাঠামোগত ভিত্তি এখনো শক্তিশালী।

তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) চলতি বছর সুদের হার তো কমাচ্ছেই না, বরং উল্টো তা বাড়ানোর আভাস দিচ্ছে। দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হারের এমন প্রবণতা সোনার মতো লভ্যাংশহীন সম্পদের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, যা নতুন করে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি করেছে। এর ফলে টোকিও থেকে নিউইয়র্ক—সবখানেই বন্ডের বাজারে দরপতন হয়েছে। বিপরীতে, বেঞ্চমার্ক ১০ বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা (ইল্ড) বেড়ে ২০২৫ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বিনিয়োগকারীরা এখন ধারণা করছেন আগামী ডিসেম্বরের মধ্যে ফেড আবারও সুদের হার বাড়াতে পারে, যার সম্ভাবনা প্রায় ৪০ শতাংশ।

অন্যদিকে, ইরান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ মূলত বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১০ ডলার ছাড়িয়েছে।

বিনিয়োগকারীদের চাহিদা কিছুটা কম থাকায় বিশ্বের বড় বড় ব্যাংকগুলো সোনার ভবিষ্যৎ দামের পূর্বাভাস কমাতে শুরু করেছে। শীর্ষস্থানীয় মার্কিন বিনিয়োগ ব্যাংক জে পি মরগান তাদের ২০২৬ সালের সোনার গড় দামের পূর্বাভাস প্রতি আউন্স ৫ হাজার ৭০৮ ডলার থেকে কমিয়ে ৫ হাজার ২৪৩ ডলারে নামিয়ে এনেছে।

ব্যাংকটির বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং সুদের হারের ওঠানামার কারণে আগামী কয়েক সপ্তাহ বাজার বেশ অস্থির থাকতে পারে। তবে যুদ্ধ পরিস্থিতির সমাধান হলে সোনার বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ এবং চাহিদা আবারও ফিরবে।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও মিশ্র প্রবণতা দেখা গেছে। সোমবার স্পট সিলভার বা রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬.৫২ ডলার হয়েছে। তবে প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৯৬৯.৯০ ডলারে নেমেছে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১৫.৭৬ ডলারে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

সূত্র : রয়টার্স

কারণ ছাড়াই বেড়েছে চালের দাম | কালের কণ্ঠ