• ই-পেপার

ফিফা বিশ্বকাপ সম্প্রচারে ফুটবল তারকারদের যুক্ত করল বিবিসি

রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা অধিনায়ক কারভাহালের

ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা অধিনায়ক কারভাহালের
দানি কারভাহাল। ছবি: ইন্সটাগ্রাম

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ দুই যুগের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন রিয়াল দানি কারভাহাল। স্প্যানিশ এই ডিফেন্ডার চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে রিয়াল। 

২০০২ সালে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দেন কারভাহাল। ২০১৩ সাল থেকে মূল দলে খেলছেন। এই সময়ে নিজেকে ক্লাব ইতিহাসের অন্যতম সফল ও সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তিনি দলের অধিনায়ক।

রিয়ালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমাদের ক্লাব ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তির প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।’

৩৪ বছর বয়সী কারভাহালের চলতি মৌসুমটা কেটেছে চোটের সঙ্গে লড়াই করে। সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ২২ ম্যাচ খেলেছেন। 

জাতীয় দল স্পেনের জার্সিতে ইউরো ও নেশনস লিগ জয়ের স্বাদ পাওয়া কারভাহাল ক্যারিয়ারের শেষ দিকে দেশের বাইরে নতুন অভিজ্ঞতা নিতে আগ্রহী বলেও জানা গেছে।

রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বিদায়ী অধিনায়ক কারভাহালকে ক্লাবের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন। ক্লাবের ওয়েবসাইটে পেরেজ বলেন, ‘দানি কারভাহাল রিয়াল মাদ্রিদ ও আমাদের একাডেমির প্রতীক। সে সবসময় রিয়াল মাদ্রিদের মূল্যবোধকে ধারণ করেছে। এই ক্লাব সবসময়ই তার ঘর ছিল এবং থাকবে।’

রিয়াল মাদ্রিদের জার্সিতে কারভাহালের অর্জনের তালিকাও ঈর্ষণীয়। ক্লাবটির হয়ে মোট ২৭টি শিরোপা জিতেছেন। ইতিহাসের মাত্র পাঁচজন ফুটবলারের একজন হিসেবে ছয়টি চ্যাম্পিয়নস লিগ জয়ের কীর্তি গড়েছেন এই ডিফেন্ডার। ২০২৪ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি ম্যাচসেরাও হন তিনি।

এছাড়া কারভাহালের ঝুলিতে আছে ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি উয়েফা সুপার কাপ, চারটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং চারটি স্প্যানিশ সুপার কাপ। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের ফিফপ্রো ওয়ার্ল্ড একাদশেও জায়গা করে নেন তিনি।

শনিবার (২৩ মে) মৌসুমের শেষ লা লিগা ম্যাচে সমর্থকদের সামনে শেষবারের মতো মাঠে নামবেন কারভাহাল। রিয়ালের জার্সিতে ৪৫০ ম্যাচ ও ১৪ গোলের স্মরণীয় অধ্যায়ের পর ক্লাব কিংবদন্তিকে বিদায় জানাতে প্রস্তুত সান্তিয়াগো বার্নাব্যু।

কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড

বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় হামজা-ঋতুপর্ণা-আমিরুল

ক্রীড়া ডেস্ক
বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় হামজা-ঋতুপর্ণা-আমিরুল
বর্ষসেরার তালিকায় জায়গা পেয়েছেন হামজা-ঋতুপর্ণা-আমিরুল। ছবি : সংগৃহীত

বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা ও এবং হকি বিশ্বকাপে রেকর্ড গড়া আমিরুল ইসলাম।

এ ছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকায় আছেন (মনোনয়ন) হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি)। দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে।

এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৪জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও। 

উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ মে ২০২৬, শুক্রবার বিকেল ৩টায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় আসর ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

আজ সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএর সভাপতি  রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জিএম মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক ও খেলোয়াড় বাছাই কমিটির চেয়ারম্যান সুদীপ্ত আহমদ ও বিদায়ী সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। এই নিয়ে ১১ বারের মতো দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে। 

পূর্ণাঙ্গ তালিকা—
বর্ষসেরা ফুটবলার : হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা
বর্ষসেরা ক্রিকেটার : রিশাদ হোসেন
বর্ষসেরা হকি খেলোয়াড় : আমিরুল ইসলাম
বর্ষসেরা আর্চার : আব্দুর রহমান আলিফ
বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় : খই খই সাই মারমা
বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় : আল আমিন জুমার
উদীয়মান ক্রীড়াবিদ : রিপন মন্ডল (ক্রিকেট)
বর্ষসেরা কোচ : পিটার বাটলার (নারী ফুটবল)
সেরা আম্পায়ার : সেলিম লাকী
সেরা সংগঠক : কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল
তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব : আলমগীর কবীর (ক্রিকেট কোচ)
বিশেষ সম্মাননা : শাহনাজ পারভীন মালেকা 
সেরা পৃষ্ঠপোষক : প্রাইম ব্যাংক পিএলসি
সক্রিয় ফেডারেশন : বাংলাদেশ কাবাডি ফেডারেশন
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনয়ন) : হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি)
বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনয়ন) : হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), আমিরুল ইসলাম (হকি)।

রেকর্ড রানের লক্ষ্য দিয়েও বাংলাদেশের আক্ষেপ

ক্রীড়া ডেস্ক
রেকর্ড রানের লক্ষ্য দিয়েও বাংলাদেশের আক্ষেপ
তৃতীয় দিন শেষে মাঠ ছাড়ার সময় মুশফিক-শান্তরা। ছবি : মীর ফরিদ, সিলেট থেকে

জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে। পাকিস্তানকে এমন লক্ষ্যই দিয়েছে বাংলাদেশ। টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করার রেকর্ড আছে। সেখানে ৪৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

কিন্তু সিলেট টেস্টে রেকর্ড লক্ষ্য দিয়েও আফসোস করছে বাংলাদেশ। আরো কিছু রান করলে নাকি ভালো হতো। তৃতীয় দিন শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানালেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার বলেছেন, ‘আরো একটু লম্বা করতে পারলে হয়তো দলের জন্য ভালো হতো। কারণ উইকেট এখনো (ব্যাটিংয়ের জন্য) ভালো। আমরা যদি আরো কিছু জুটি গড়তে পারতাম, হয়তো ভালো হতো।’

দলীয় স্কোরের সঙ্গে আর কত রান করতে যোগ করতে পারলে ভালো হতো সেটাও জানালেন তাইজুল। তিনি বলেছেন, ‘স্কোরবোর্ডে যদি আরো ২০-৩০-৪০ রান যোগ করতে পারতাম হয়তো দলের জন্য ভালো হতো। এখানে হতাশার কিছু নেই। কারণ সব সময় ১০০% হবে, এমনটাও নয়।’

মুশফিকুর রহিমের (১৩৭) রেকর্ড ১৪তম সেঞ্চুরি আর লিটন দাস ও মাহমুদুল হাসান জয়ের জোড়া ফিফটিতে ব্যাটিংটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। এবার বোলারদের পালা। নিজেরাও সেই দায়িত্বটা পালন করতে চান জানিয়ে তাইজুল বলেছেন, ‘এটা চতুর্থ ইনিংস। উইকেট এখনো ভালো আছে। কিন্তু দিন শেষে আমাদের লক্ষ্যটা দেখতে হবে। তারা যখন সংখ্যাটা দেখবে হয়তো মাথায় অনেক কিছু কাজ করতে পারে। উইকেট যে রকম ভালো আছে, সে রকম আমাদেরও শৃঙ্খলা মেনে বোলিং করতে হবে।’

৩৯তম জাতীয় স্নুকারে চ্যাম্পিয়ন নিজাম উদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
৩৯তম জাতীয় স্নুকারে চ্যাম্পিয়ন নিজাম উদ্দিন
চ্যাম্পিয়ন নিজাম উদ্দিন আহমেদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম মর্যাদাপূর্ণ কিউ স্পোর্টস প্রতিযোগিতা ৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব। 

গতকাল (১৭ মে) ঢাকা বোট ক্লাবে অনুষ্ঠিত সমাপনী আয়োজনটি খেলোয়াড়দের সাফল্য উদযাপনের পাশাপাশি বাংলাদেশে স্নুকারের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সম্ভাবনাকেও তুলে ধরে। 

এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন নিজাম উদ্দিন আহমেদ, যিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ টাকা। রানারআপ সৈয়দ রাফিজ জামান পেয়েছেন ৫০ হাজার টাকা। এ ছাড়া সেমিফাইনালিস্ট প্রত্যেকে ২০ হাজার টাকা করে অর্থ পুরস্কার পেয়েছেন। 

সর্বোচ্চ ৫০ বা তার বেশি ব্রেক অর্জনকারী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন নিজাম উদ্দিন আহমেদ বিশেষ পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা পান। বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। আরও উপস্থিত ছিলেন ঢাকা বোট ক্লাবের সভাপতি রুবেল আজিজ এবং বিবিএসএফ-এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন, এনডিসি, পিএসসি (অব.)।  

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজনের জন্য আমি বিজয়ী, অংশগ্রহণকারী খেলোয়াড়, আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। খেলাধুলা শৃঙ্খলা, অধ্যবসায় ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্তের সেরা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে গালা মিউজিক্যাল নাইট ও নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে ক্রীড়া সংগঠক, ক্লাব সদস্য, অতিথি ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে ছিল অ্যাম্বার গ্রুপ, ভেন্যু পার্টনার বনানী ক্লাব এবং বেভারেজ পার্টনার ছিল মাম ও আরসি কোলা।