• ই-পেপার

ঈদের সময় কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জুলাই পদযাত্রায় হামলার ঘটনা তদন্ত করবে সরকার

অনলাইন ডেস্ক
জুলাই পদযাত্রায় হামলার ঘটনা তদন্ত করবে সরকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সাভারের সমাবেশে হামলার ঘটনা সরকার তদন্ত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ দুঃখজনক জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় সরকারের কাজ প্রতিবাদ জানানো না, সরকারের কাজ হচ্ছে এটার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা, তদন্ত করা।

মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদপ্তরের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, এ ঘটনার ২৪ ঘণ্টা এখনও পার হয়নি। সরকার অবশ্যই হামলাকারীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করছি, খুব দ্রুতই হবে। প্রক্রিয়া অনুযায়ী তদন্ত হবে।

গতকাল সোমবার রাতে সাভারে এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে এনসিপি। হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে দলটি। বিক্ষোভ শেষে এ হামলায় ‘প্রশাসন জড়িত’ দাবি করে বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলামের এই বক্তব্য ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তি হিসেবে নাহিদ ইসলামের এমন বক্তব্য দেওয়ার অধিকার আছে। তিনি একটি রাজনৈতিকের দলের প্রধান, যিনি জুলাই গণঅভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে তার কাছ থেকে আমরা আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি।

২০১ উপজেলায় নতুন ক্রীড়া অফিস, ৬০৩টি পদ সৃজনে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন

বাসস
২০১ উপজেলায় নতুন ক্রীড়া অফিস, ৬০৩টি পদ সৃজনে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন
সংগৃহীত ছবি

দেশের ২০১টি উপজেলায় নতুন উপজেলা ক্রীড়া অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে এসব অফিস পরিচালনার জন্য তিনটি ক্যাটাগরিতে মোট ৬০৩টি নতুন পদ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (৬ জুলাই) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে এই পদগুলো সৃজন করা হয়েছে। এতে প্রথম ধাপে নির্মিত ১৬৭টি স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় জনবল এবং দ্বিতীয় ধাপে নির্মাণাধীন ৩৪টি উপজেলার স্টেডিয়ামের জন্যও জনবল সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে। 

সব মিলিয়ে ২০১টি উপজেলার জন্য মোট ৬০৩টি পদ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে সৃষ্টি করা হয়েছে। নতুন সৃজনকৃত পদগুলোর মধ্যে রয়েছে ২০১টি উপজেলা ক্রীড়া অফিসার, ২০১টি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ২০১টি অফিস সহায়ক পদ।

অর্থ বিভাগ আটটি শর্তে এ অনুমোদন দিয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন গ্রহণ, অর্থ বিভাগের নির্ধারিত কোড অনুযায়ী ব্যয় নির্বাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরোপিত শর্ত যথাযথভাবে অনুসরণ এবং দ্বিতীয় ধাপে নির্মাণাধীন স্টেডিয়ামগুলোর কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পদে নিয়োগ বা পদায়ন সম্পন্ন করা।

এ ছাড়া যেসব পদের জন্য এখনো নিয়োগবিধি প্রণয়ন হয়নি, সেগুলোর নিয়োগবিধি দ্রুত প্রণয়ন এবং জনবল কাঠামো (টিওঅ্যান্ডই) হালনাগাদ করে অর্থ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আদেশের অনুলিপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

টানা ৫ দিন বৃষ্টি থাকতে পারে

অনলাইন ডেস্ক
টানা ৫ দিন বৃষ্টি থাকতে পারে
সংগৃহীত ছবি

সারা দেশে আগামী ৫ দিন কমবেশি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে চার বিভাগে হতে পারে ভারি থেকে অতিভারি বর্ষণ। এতে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার (৭ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন ওড়িশা এলাকায় মৌসুমি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

চলমান আবহাওয়ার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, মৌসুমি স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েকটি বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ও শুক্রবার (১০ জুলাই) সারা দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

শনিবার (১১ জুলাই) রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ

বাসস
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ
সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় বড় ধরনের পরিবর্তন এনেছে। মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া বাকি ছয় ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া আবেদন নিষ্পত্তির দায়িত্ব মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পুনর্বণ্টন করা হয়েছে।

গত রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশ অনুযায়ী, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। তবে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন আগের নিয়মেই নিষ্পত্তি করা হবে।

একই আদেশে সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘ক-১’ ক্যাটাগরির দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে। ‘ক’ ক্যাটাগরির দায়িত্ব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে, ‘খ-১’ ক্যাটাগরির দায়িত্ব অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে, ‘খ’ ক্যাটাগরির দায়িত্ব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে, ‘গ-১’ ক্যাটাগরির দায়িত্ব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এবং ‘গ’ ক্যাটাগরির দায়িত্ব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

আদেশে আরো বলা হয়, যেসব আবেদন অনলাইনে করা সম্ভব, সেগুলো আর হার্ডকপিতে গ্রহণ করা হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এ আদেশের অনুলিপি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব, মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ছয়টি দপ্তরে পাঠানো হয়েছে। তবে স্থগিত থাকা ছয় ক্যাটাগরির সেবা কবে পুনরায় চালু হবে, সে বিষয়ে নির্বাচন কমিশন পরে নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে।