• ই-পেপার

তিন মাসে বাড়িভাড়া বেড়েছে ৫.৮৯ শতাংশ : বিবিএস

বিশ্ববাজারে সোনা-রুপার বড় দরপতন

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে সোনা-রুপার বড় দরপতন
সংগৃহীত ছবি

বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া ভূ-রাজনৈতিক সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির উদ্বেগ আরও জোরালো হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) নীতি সুদহার দীর্ঘ সময় ধরে উচ্চ স্তরে ধরে রাখতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে পরিচিত এই মূল্যবান ধাতুর দাম। খবর রয়টার্স

সোমবার (১৩ জুলাই) স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৭২ দশমিক ৪৯ ডলারে। অন্যদিকে আগস্টে সরবরাহের চুক্তিতে মার্কিন সোনার ফিউচার প্রাইস শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ৮১ দশমিক ৩০ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর আসার পর থেকেই আর্থিক বাজারে অস্থিরতা শুরু হয়। তেহরান পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিশ্ব বাণিজ্য রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এই উত্তেজনার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় ৩ শতাংশ বেড়ে গেছে।

স্যাক্সো ব্যাংকের প্রধান বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে। ডলারের বিনিময় হার শক্তিশালী হওয়া এবং মার্কিন বন্ডের ফলন (ইয়ার্ড) বেড়ে যাওয়ায় সোনার বাজারে বড় ধাক্কা লেগেছে।’

তিনি আরও বলেন, ‘গ্রীষ্মকালীন ছুটির কারণে বাজারে এখন লেনদেন বা তারল্য কিছুটা কম। এই পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের সংকট ও তেলের উচ্চ মূল্য সোনার দামকে বর্তমানের ৩ হাজার ৯০০ থেকে ৪ হাজার ২০০ ডলারের চেনা বৃত্ত থেকে বাইরে নিয়ে যেতে পারে।

সাধারণত সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সোনার মতো অ-লভ্যাংশদায়ী সম্পদে বিনিয়োগ কমিয়ে দেন। কারণ, এতে তাদের সুযোগ-ব্যয় বেড়ে যায়। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে মার্কিন ফেড কর্তৃক সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এখন ৭১ শতাংশে উন্নীত হয়েছে, যা গত সপ্তাহেও ছিল ৬৩ শতাংশ।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জুনের ভোক্তা মূল্য সূচক (সিপিআই), খুচরা বিক্রির পরিসংখ্যান ও সাপ্তাহিক বেকারভাতার আবেদনের ডেটা রয়েছে। পাশাপাশি ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশের কংগ্রেসে প্রথম বক্তব্য দেওয়ার কথা রয়েছে। মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ ও মুদ্রানীতির পরবর্তী পদক্ষেপ কী হবে, তা জানতে এই বক্তব্যের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা।

সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার (স্পট সিলভার) দাম ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৮৭ ডলারে নেমে এসেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬২২ দশমিক ৭২ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৬৭ দশমিক ৪৬ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাড়ল ডলারের দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত?

অনলাইন ডেস্ক
বাড়ল ডলারের দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত?
ছবি : রয়টার্স

বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগত বিস্তৃত হচ্ছে। এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে ওঠানামা করছে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার।

বাজারে চাহিদামতো বৈদেশিক মুদ্রার জোগান থাকার পরও সম্প্রতি আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়ন করতে পর্যায়ক্রমে ডলারের দাম বাড়ানো ও টাকার মান কমানো হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল রবিবার দেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের দাম গড় হিসেবে ১৩ পয়সা ও সর্বোচ্চ হিসেবে ১৫ পয়সা বেড়েছে। 

আন্তঃব্যাংকে দাম বাড়ার কারণে গ্রাহকদের কাছে বিক্রির ক্ষেত্রেও ব্যাংকগুলো এর দাম বাড়িয়েছে। ফলে ব্যাংকগুলোতে সর্বোচ্চ ১২৩ টাকা ৯০ পয়সা দরে আমদানি খাতে ডলার বিক্রি হয়েছে। আগে সর্বোচ্চ দাম ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা। 

কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম ১২২ টাকা ৮৫ পয়সায় স্থিতিশীল ছিল। 

দেশীয় বাজারে মার্কিন ডলারসহ আন্তর্জাতিক প্রধান মুদ্রাগুলোর বিপরীতে বাংলাদেশি টাকার মান সাম্প্রতিক সময়ে কিছুটা ওঠানামা করছে। বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী আজকের (১৩ জুলাই ২০২৬) সর্বনিম্ন মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২৩ টাকা ০০ পয়সা
ইউরো : ১৪০ টাকা ৩৭ পয়সা
পাউন্ড : ১৬৪ টাকা ৮৮ পয়সা
কানাডিয়ান ডলার : ৮৬ টাকা ৮৬ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার : ৮৫ টাকা ৪৮ পয়সা
চাইনিজ ইয়েন : ১৮ টাকা ১৩ পয়সা
সিঙ্গাপুরি ডলার : ৯৫ টাকা ১৯ পয়সা
ভারতীয় রুপি : ১ টাকা ২৯ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ৩২ পয়সা
সৌদি রিয়াল : ৩২ টাকা ৮৯ পয়সা
কাতারি রিয়াল : ৩৩ টাকা ৮১ পয়সা
কুয়েতি দিনার : ৩৯৯ টাকা ২৪ পয়সা
আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৬৮ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিশিয়াল রেটের মধ্যকার ব্যবধান অনেকটাই কমে এসেছে। তবে আইএমএফের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে গত কয়েকদিনে ডলারের দাম কিছুটা বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে, গত কয়েকদিন ডলারের সর্বনিম্ন দাম ১২২ টাকা ৮৫ পয়সা থাকলেও সেটি ১২৩ টাকায় পৌঁছেছে। এ ছাড়া সর্বোচ্চ ১২৩ টাকা ৮৫ পয়সায়ও বিনিময় হচ্ছে। আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য কিছুটা অস্বস্তিদায়ক।

দেশীয় বস্ত্র রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
দেশীয় বস্ত্র রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ

দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক খাতের রপ্তানি বাড়াতে নগদ সহায়তার হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। উৎপাদিত কাঁচামালের ব্যবহার উৎসাহিত করা এবং রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এ খাতের জন্য ২০২৬-২৭ অর্থবছরে নগদ সহায়তার হার আগের ১ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) গতকাল রবিবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে। এর মাধ্যমে গত ৫ জুলাই জারি করা এফইপিডি প্রজ্ঞাপন সংশোধন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ১.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের (এফইপিডি-১) সার্কুলার নম্বর ১৭-এর পরিপ্রেক্ষিতে এই সংশোধনী আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে প্রদত্ত নগদ সহায়তা বাড়ানো হয়েছে, যা বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি) খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এ সুবিধা পেতে রপ্তানিকারকদের কিছু শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে বিজিএমইএ, বিকেএমইএ বা অন্যান্য সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্য রপ্তানিকারকদের দেশীয় উৎস থেকে কাঁচামাল—যেমন সুতা ও কাপড় সংগ্রহের প্রমাণপত্র দাখিল করতে হবে।

এ ক্ষেত্রে পূর্বের প্রযোজ্য নির্দেশনা ২০০১ ও ২০০৩ সালের সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা সার্কুলারের বিধানসমূহ বহাল থাকবে।

ফের কমল সোনার দাম, ভরি কত?

অনলাইন ডেস্ক
ফের কমল সোনার দাম, ভরি কত?
সংগৃহীত ছবি

দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিন মাসে বাড়িভাড়া বেড়েছে ৫.৮৯ শতাংশ : বিবিএস | কালের কণ্ঠ