• ই-পেপার

আজ বায়তুল মোকাররমে জুমার প্রাক-খুতবায় বক্তব্য দেবেন আল্লামা সাজ্জাদ নোমানী

সমাজে ইমামের মর্যাদা ও সামাজিক আচরণবিধি

শায়খ আতাউর রহমান নদভী
সমাজে ইমামের মর্যাদা ও সামাজিক আচরণবিধি
সংগৃহীত ছবি

সমাজে মসজিদের ইমামদের বর্তমান অবস্থান এবং তাঁদের মানসিক সংকটের একটি বাস্তবচিত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে একজন ইমাম সাহেবের সঙ্গে কথোপকথনে ফুটে উঠেছে। তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে আমাকে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করলেন এবং এক পর্যায়ে আক্ষেপ করে বললেন, ‘আজকাল সমাজের মসজিদের ইমামরা মুকতাদিদের গোলামি ছাড়া আর কী করছে? তারা (মুকতাদিরা) যা চায়, ইমামরা তা-ই করছে; খতিবও তার আলোচনায় তাদের সন্তুষ্টির কথা মাথায় রেখে আলোচনা করছেন।

কোরআন-সুন্নাহ যা চায়, তা করছে না। কারণ সত্য কথা বললে চাকরি থাকবে না। তাই অনেক সময় ভাবি, সামান্য একটু রুটি-রোজীর জন্য কোরআন-সুন্নাহ বাদ দিয়ে মুসল্লিদের সন্তুষ্টি নিয়ে ব্যস্ত সময় পার করছি! আখিরাতে আল্লাহর কাছে কী জবাব দেব—এটি নিয়ে সব সময় ভাবনায় থাকি।’
একজন ইমামের মুখে এমন বাস্তব ও বেদনাদায়ক কথা শোনার পর বাসায় ফিরে অবসর সময়ে গভীরভাবে চিন্তা করে এই আত্মিক ও সামাজিক রোগ দূর করার জন্য যে সমাধানগুলো সামনে আসে, তা নিচে বিন্যস্ত করা হলো—

১. আত্মমর্যাদা রক্ষা এবং মুকতাদিদের সঙ্গে দূরত্ব বজায় রাখা

* ইমামের নিজস্ব মর্যাদা ও দূরত্ব : ইমামকে সব সময় মুসল্লিদের থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিজের দ্বিনি মর্যাদা ও ব্যক্তিত্ব ধরে রাখতে হবে। অতিরিক্ত সস্তা বা সহজলভ্য হয়ে গেলে হকের দাওয়াত ও ইমামতির প্রভাব ক্ষুণ্ন হয়। মসল্লিদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে গালগপ্প প্রথমেই ছাড়তে হবে। তাদের সঙ্গে চা-দোকানে আর পান দোকানে বসা পরিহার করতে হবে। নিজের প্রয়োজনে বাজারে গেলে দ্রুত ফিরে আসতে হবে।

কেউ কোনো প্রশ্ন করে কিছু জানতে চাইলে তাকে নামাজের পর মসজিদে দেখা করতে অথবা নিজের রুমে এসে জানতে বলতে হবে।
* অতিরিক্ত ফ্রি না হওয়া : মুকতাদিদের সঙ্গে অনাবশ্যক ফ্রিনেস বা বেতাকল্লুফ (লৌকিকতাহীন ঘনিষ্ঠতা) রাখা যাবে না। এই ধরনের খোলামেলা ঘনিষ্ঠতা শুদু নিজের স্ত্রী ও সন্তানদের সঙ্গেই মানায়।

২. মুকতাদিদের বাড়িতে অতিরিক্ত খাওয়াদাওয়া পরিহার করা

* মুকতাদিদের বাড়িতে ঘন ঘন দাওয়াত বা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। একটা সময় ছিল যখন মানুষ অত্যন্ত ভালোবাসা ও ভক্তি-শ্রদ্ধা নিয়ে ইমামদের আপ্যায়ন করত। কিন্তু বর্তমানের বস্তুবাদী মানসিকতা বা যে কারণেই হোক না কেন—পরিস্থিতি এখন বদলে গেছে। ইমামদের খাওয়াদাওয়ার ওপর অনেক সময় তাদের হকের বয়ান নির্ভর করে ফেলে। তাই চেষ্টা করুন, যেখানে উপযুক্ত দ্বিনি পরিবেশ নেই, সেখানে মুকতাদিদের ঘরে গিয়ে খাওয়াদাওয়া না করতে।

৩. বিভিন্ন মতাদর্শের মুকতাদিদের প্রতি আচরণ

* সমালোচনা বর্জন : নিজের বক্তৃতা ও বয়ানে প্রজ্ঞা এবং দূরদর্শিতার সঙ্গে সত্য তুলে ধরুন, কিন্তু অন্য কোনো ঘরানার মানুষকে উপহাস বা ঠাট্টা করবেন না। এতে মানুষের মধ্যে দূরত্ব ও ক্ষোভ তৈরি হবে। পরিশেষে আপনার ব্যাপারেও বিরূপ মন্তব্য শুরু হবে।

* মসজিদের উদার পরিবেশ : চেষ্টা করুন আপনার মাসজিদের পরিবেশ এমন রাখতে, যেন প্রতিটি মতাদর্শ ও ঘরানার মানুষ সেখানে দ্বিন শেখার জন্য স্বাচ্ছন্দ্যে আসতে পারে।

৪. বিদআত ও কুসংস্কার থেকে বেঁচে থাকা

* যাবতীয় বিদআত, অনৈসলামিক রীতিনীতি ও সামাজিক কুসংস্কার থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন।

* শুধু দাওয়াত খাওয়া এবং কিছু অর্থ কামানোর ধান্ধায় কোরআন-সুন্নাহর বাইরে বা সমাজের লোকদের কথায় নতুন কোনো ইবাদতের সিস্টেম চালু করবেন না।

* মানুষকে যা বলবেন তা আগে নিজে করে দেখাবেন।

* রাস্তায় দাঁড়িয়ে কোনো কিছু খাবেন না।

* সমাজের ছোট-বড় সবাইকে সালাম দেবেন, এখানে তিক্ত একটি কথা না বলে পারছি না। এই যুগের মাদরাসাপড়ুয়া ছাত্ররা এবং আলেমদের বড় একটি সংখ্যা মনে করেন তাঁরা শুধু সালাম পাওয়ার জন্য দুনিয়াতে এসেছেন। তাই তাঁরা অন্যকে সালাম দেন না। এ প্রসঙ্গে আমার একজন শিক্ষকের কথা মনে পড়ছে। আমরা তাঁকে সালাম দেওয়ার জন্য অপেক্ষায় থাকি যে তিনি আরেকটু কাছে এলে সালাম দেব; কিন্তু না, তার আগেই তিনি সালাম দিয়ে দিতেন। তাঁকে কেউ আগে সালাম দিতে পারেনি।

৫. মাজহাব ও অন্যান্য ওলামাদের প্রতি সহনশীলতা

* মতান্তরের প্রতি উদারতা : ভিন্ন ভিন্ন মাজহাব ও মতামতের প্রতি উদারতা এবং সহনশীলতা বজায় রাখুন। যে বিষয়ের পেছনে কোরআন ও সুন্নাহর কোনো না কোনো দলিল বা গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে, তা নিয়ে সাধারণ মানুষকে জোরজবরদস্তি বা পাকড়াও করবেন না।

* মাশায়েখদের সম্মান : আপনার সমসাময়িক বা অন্যান্য দ্বিনি নেতা, আলেম এবং মাশায়েখদের সম্মান ও মর্যাদা রক্ষা করে চলুন। চাই তিনি যে মাজহাবেরই হোন না কেন? যে দলের সঙ্গে যুক্ত থাকুন না কেন? এসব কথা মানতে পারলে সমাজে আপনার মর্যাদা বাড়বে।

* অবসর সময়ে জিকির-আজকার করতে থাকুন। বিশেষ করে ইস্তিগফার করতে থাকুন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন।

৬. রাজনীতি ও বিতর্কিত বিষয় পরিহার

* রাষ্ট্রীয় ও রাজনৈতিক বিষয়ের জটিল চোরাবালি এবং অনাবশ্যক বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন। মসজিদের মিম্বারকে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির ঊর্ধ্বে রাখুন।

৭. নামাজের পর মুসাল্লায় (জায়নামাজে) অবস্থান ও সুন্নত আদায়

* প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর তাড়াহুড়া না করে কিছুক্ষণ জায়নামাজে জিকির ও দোয়ায় অবস্থান করুন। তবে এটি আপনার নিজস্ব ইবাদত। তাই এটি কোনোভাবেই জোরে করা যাবে না। কারণ আপনার জোরে জোরে দোয়া কত মানুষ সুরাতুল ফাতেহা ভুলে তা কি আপনি জানেন? তাই আপনার দোয়া জান্নাতে না নিয়ে জাহান্নামেও নিতে পারে—এটি ভুলে যাবেন না। মেহরাবের পেছনের দরজাগুলো মূলত (মানুষের মুখোমুখি হওয়া থেকে) পালিয়ে যাওয়ার রাস্তা। মসজিদে এমন দরজা রাখবেন না।

* সব সময় মেহরাবের ভেতর থেকেই সরাসরি জায়নামাজে আসা এবং সালাম ফিরিয়েই সেখান দিয়ে বের হয়ে যাওয়ার স্থায়ী অভ্যাস করবেন না। কোনো বিশেষ বাধ্যবাধকতা বা জরুরি প্রয়োজন থাকলে তা ভিন্ন কথা।

* ফরজের আগের ও পরের সুন্নাত নামাজগুলো মসজিদেই আদায় করুন। যদিও সাধারণ মানুষের জন্য সুন্নত ও নফল নামাজ ঘরে পড়া উত্তম, কিন্তু একজন ইমাম হওয়ার খাতিরে আপনি তা করবেন না; বরং মুসল্লিদের শিক্ষা দেওয়া এবং ভুল-বোঝাবুঝি এড়াতে মসজিদেই তা আদায় করুন।

আজকের নামাজের সময়সূচি, ১৭ ‍জুলাই, ২০২৬

অনলাইন ডেস্ক
আজকের নামাজের সময়সূচি, ১৭ ‍জুলাই, ২০২৬

আজ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ, ১৪৩৩, ২ সফর, ১৪৪৮।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জুমার সময় শুরু ১২টা ৮ মিনিটে।

আসরের সময় শুরু ৪টা ৪৩ মিনিটে।

মাগরিব ৬টা ৫২ মিনিটে।

এশার সময় শুরু ৮টা ১৬ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৩টা ৫৮ মিনিটে 

আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১৯ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

সাপ-বিচ্ছুর দংশন থেকে বাঁচার দোয়া

ইসলামী জীবন ডেস্ক
সাপ-বিচ্ছুর দংশন থেকে বাঁচার দোয়া

প্রিয় নবী (সা.) ছিলেন সাপ-বিচ্ছুসহ বিষাক্ত প্রাণীর দংশন থেকে বাঁচতে বিভিন্ন দোয়া শিখিয়েছেন। এর মধ্যে একটি দোয়া হলো-

اِنَّا نَسْئَلُكَ بِعَهْدِ نُوْحٍ وَبِعَهْدِ سُلَيْمَانَ بْنِ دَاؤُدَ اَنْ لَا تُؤْذِيْنَا

উচ্চারণ : ইন্না নাসআলুকা বিআহদি নুহ, ওয়া বিআহদি সুলাইমানাবনি দাউদা আল্লা তুযিনা।

অর্থ : ও হে সাপ! আমরা নূহ্ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের অঙ্গীকারের কথা তোদের স্মরণ করিয়ে দিচ্ছি। তোরা আমাদের কোন ক্ষতি করিস না এবং আমাদের কষ্ট দিস না।

হাদিস শরিফে এসেছে,

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِيهِ : " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، سُئِلَ عَنْ حَيَّاتِ الْبُيُوتِ ، فَقَالَ:( إِذَا رَأَيْتُمْ مِنْهُنَّ شَيْئًا فِي مَسَاكِنِكُمْ ، فَقُولُوا: أَنْشُدُكُنَّ الْعَهْدَ الَّذِي أَخَذَ عَلَيْكُنَّ نُوحٌ ، أَنْشُدُكُنَّ الْعَهْدَ الَّذِي أَخَذَ عَلَيْكُنَّ سُلَيْمَانُ ، أَنْ لَا تُؤْذُونَا !! فَإِنْ عُدْنَ ، فَاقْتُلُوهُنَّ ، أخرجه أبو داود في "سننه"

আবদুর রহমান বিন আবু লায়লা তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন, রাসুল (সা.)-কে ঘরের সাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন তিনি বলেছেন, ‘তোমরা তোমাদের ঘরে এমন কিছু দেখলে পড়বে, আমি তোমাদের সেই অঙ্গীকারের শপথ করে বলছি যা নুহ (আ.) তোমাদের থেকে গ্রহণ করেছিলেন। আমি তোমাদের সেই অঙ্গীকারের শপথ করে বলছি যা সুলায়মান (আ.) তোমাদের কাছ থেকে নিয়েছিলেন, তোমরা আমাদের ক্ষতি করবে না। এরপর তারা আবার আসলে তাদের হত্যা করবে।’ (আবু দাউদ, হাদিস : ৫২৬০)

অন্য হাদিসে বিষাক্ত প্রাণীসহ সব ধরনের ক্ষতিকর বস্তু থেকে সুরক্ষিত থাকার দোয়া বর্ণিত হয়েছে। দোয়াটি হলো- 

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ 

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে সৃষ্টিজগতের সব ধরনের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি।

হাদিস : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে ক্ষতিকর প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি : ৩৬০৪)

ভালো ছেলে-মেয়ে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত

ইসলামী জীবন ডেস্ক
ভালো ছেলে-মেয়ে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত
সংগৃহীত ছবি

আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো কোনো বান্দাকে নেককার ও সৎ সন্তান দান করা। এটি এমন এক মহামূল্যবান অনুগ্রহ, যার মাধ্যমে চোখ শীতল হয়, হৃদয় প্রশান্তি লাভ করে, বক্ষ প্রশস্ত হয় এবং মন প্রশান্তিতে ভরে ওঠে। সৎ ও নেক সন্তান দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই কল্যাণের কারণ হয়। তারা পিতা-মাতার আনুগত্য করে, তাদের সম্মান করে, তাদের সেবা করে, একাকিত্ব দূর করে, প্রয়োজনের সময় সাহায্য করে, তাদের জন্য দোয়া করে এবং তাদের কারণে মানুষও পিতা-মাতার জন্য দোয়া করে।

এমন সন্তান হলো সেই মিষ্টি ফল, যা একজন মানুষ বহু ত্যাগ ও পরিশ্রমের পর লাভ করতে চায়। সে একজন দ্বিনদার স্ত্রী নির্বাচন করে, মোহর প্রদান করে, সংসার গড়ে তোলে, বিবাহের ওয়ালিমা করে।

এরপর প্রথম সন্তানের জন্মে আনন্দিত হয়, তার আকিকা করে। পরবর্তী সময়ে অন্য সন্তানদের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করে। নিজের অর্থ, সময়, শ্রম, চিন্তা ও ভালোবাসা অকাতরে ব্যয় করে এই আশায় যে তার ছেলেরা হবে সৎ, নেক ও দ্বিনের পথে অটল; মেয়েরা হবে লজ্জাশীলা, মার্জিত ও সচ্চরিত্রা। সে একটি শান্ত, স্থিতিশীল ও আদর্শ পরিবার গড়ে তুলতে চায়, যা হবে একটি শক্তিশালী সমাজের দৃঢ় ভিত্তি—যে সমাজকে পরিবর্তনের ঝড় টলাতে পারবে না এবং ফিতনা-ফ্যাসাদের ভূমিকম্পও ধ্বংস করতে পারবে না।

নিঃসন্তান থাকা নিঃসন্দেহে মানুষের একটি বাহ্যিক দুঃখের বিষয়। কিন্তু এর চেয়েও বড় ও অধিক বেদনাদায়ক বিষয় হলো সন্তান থাকার পরও যদি দেখা যায় তারা পিতা-মাতার আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে ওঠেনি, তখন তাদের অস্তিত্বই হয়ে ওঠে দুশ্চিন্তার কারণ, এমনকি কখনো কখনো তারা কষ্ট ও ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায়। এ কারণেই সন্তান প্রতিপালন একটি বিরাট আমানত ও গুরুদায়িত্ব। এটি শুধু ভালোবাসা দিয়ে সম্পন্ন হয় না; বরং এর জন্য প্রয়োজন সচেতনতা ও দূরদৃষ্টি, সৎ নিয়ত ও আল্লাহর সন্তুষ্টির আশা, নিরলস প্রচেষ্টা ও আন্তরিক শ্রম, ধারাবাহিক শিক্ষা ও সঠিক দিকনির্দেশনা, নিয়মিত উপদেশ ও তদারকি এবং এমন জ্ঞান, যার মাধ্যমে সন্তানদের দুনিয়া ও আখিরাত উভয়ের কল্যাণ নিশ্চিত হয়।

সন্তানদের ঈমান-আকিদা রক্ষা করা, তাদের চরিত্র ও নৈতিকতা সংরক্ষণ করা—এ এক মহান দায়িত্ব, ভারী আমানত এবং দীর্ঘমেয়াদি অব্যাহত একটি দায়িত্ব, যা আল্লাহ তাআলা পিতা-মাতার কাঁধে অর্পণ করেছেন।

এ দায়িত্ব পালনে পিতা ও মাতাকে একে অপরের সহযোগী হতে হবে। ধৈর্য, অধ্যবসায় ও অবিরাম তদারকির মাধ্যমে এই দায়িত্ব পালন করতে হবে। এর ফলাফল আল্লাহর অনুগ্রহে শুধু পিতা-মাতার জন্য নয়; সন্তান, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবার জন্য কল্যাণকর।

পক্ষান্তরে সন্তানদের অবহেলা করা, তাদের সঠিকভাবে লালন-পালন না করা—দুনিয়া ও আখিরাতে ক্ষতি, লাঞ্ছনা, অনুশোচনা ও দুর্ভাগ্যের কারণ। মহান আল্লাহ প্রত্যেক অভিভাবককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। তিনি প্রত্যেক আমানতদারকে তার অর্পিত আমানতের হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদাররা! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর।’ (সুরা : আত-তাহরিম, আয়াত : ৬)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (সহিহ বুখারি ও মুসলিম)

সন্তানদের প্রতি পিতা-মাতার সবচেয়ে বড় অধিকারগুলোর একটি হলো তাদের বিশুদ্ধ আকিদার ওপর গড়ে তোলা। তাদের অন্তরে আল্লাহর মহত্ত্ব, ভালোবাসা ও সর্বদা তাঁর উপস্থিতির অনুভূতি সৃষ্টি করা। ছোটবেলা থেকেই তাদের অন্তরে তাওহিদের বীজ বপন করা এবং এ ক্ষেত্রে নবী-রাসুল ও নেককারদের অনুসরণ করা।

আল্লাহ তাআলা বলেন, ‘ইবরাহিম ও ইয়াকুব তাদের সন্তানদের এ মর্মে উপদেশ দিয়েছিলেন—হে আমার সন্তানরা! আল্লাহ তোমাদের জন্য এই দ্বিনকে মনোনীত করেছেন। অতএব, তোমরা মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ কোরো না।’ (সুরা : আল-বাকারাহ, আয়াত : ১৩২)

লুকমান (আ.) তাঁর পুত্রকে উপদেশ দিয়ে বলেন, ‘হে আমার প্রিয় পুত্র! আল্লাহর সঙ্গে কাউকে শরিক কোরো না। নিশ্চয়ই শিরক এক মহা জুলুম।’ (সুরা : লুকমান, আয়াত : ১৩)

ঈমান, তাকওয়া, আল্লাহর দ্বিনের ওপর অবিচল থাকা, ফরজ ইবাদত যথাযথভাবে পালন করা, ইসলামী বিধানসমূহের সম্মান রক্ষা করা এবং উত্তম চরিত্রে ভূষিত হওয়া—এগুলোই হলো পিতা-মাতা তাঁদের সন্তানদের জন্য রেখে যেতে পারেন এমন সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার। এর চেয়ে মূল্যবান সম্পদ তাঁরা সন্তানদের আর কিছুই দিতে পারেন না।

সন্তানদের খোঁজখবর না রাখা, তাদের বিভ্রান্তিকর চিন্তাধারা ও ভ্রান্ত মতাদর্শের হাতে ছেড়ে দেওয়া, তাদের বিচ্যুতি দেখে নীরব থাকা, তাদের বন্ধুবান্ধব ও চলাফেরার সঙ্গীদের না চেনা, তাদের সামাজিক বিষয় সম্পর্কে অজ্ঞ থাকা এবং সব সময় তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর ছেড়ে দেওয়া, যাতে সেগুলোই তাদের ধর্মীয় চেতনা, নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলে—এ সবই বর্তমান যুগে বহু পরিবারের সবচেয়ে বড় অবহেলার দৃষ্টান্ত।

এ ছাড়া সন্তানদের অসৎ সঙ্গী থেকে সতর্ক না করা, ধ্বংসের পথ থেকে রক্ষা না করা, এমন পরিবেশ থেকে দূরে না রাখা, যা তাদের চরিত্র নষ্ট করে, পাপকে সহজ ও আকর্ষণীয় করে তোলে—এসবও মারাত্মক দায়িত্বহীনতা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হলো সুগন্ধি বিক্রেতা এবং কামারের হাপরের মতো। সুগন্ধি বিক্রেতার কাছ থেকে হয় তুমি উপহার পাবে, নয়তো কিছু কিনবে, অথবা অন্তত সুন্দর সুগন্ধ পাবে। আর কামারের হাপর হয় তোমার কাপড় পুড়িয়ে দেবে, না হয় দুর্গন্ধ তোমার নাকে আসবে।’ (সহিহ বুখারি ও মুসলিম)

পিতা-মাতা যতই চেষ্টা করুন না কেন, মানুষের অন্তরকে সৎপথে পরিচালিত করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না; বরং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। আর তিনিই ভালো জানেন কে হেদায়েতপ্রাপ্ত।’ (সুরা : আল-কাসাস, আয়াত : ৫৬)

তাই সন্তানদের জন্য নিয়মিত দোয়া করা, তাদের হেদায়েত ও নেককার হওয়ার জন্য আল্লাহর কাছে কাকুতি-মিনতি করা—তাদের সৎ হওয়ার অন্যতম বড় কারণ। এটাই ছিল নবী-রাসুল ও নেককার বান্দাদের পদ্ধতি।