মানুষের জীবনে নামাজ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং একজন মুসলমানের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তাই নামাজের বিধান, পদ্ধতি ও আদব সম্পর্কে জানার আগ্রহ স্বাভাবিক। দীর্ঘদিন ধরে একটি প্রশ্ন মুসলিম সমাজে আলোচিত হয়ে আসছে—পুরুষ ও মহিলার নামাজ কি সম্পূর্ণ একই, নাকি কিছু ক্ষেত্রে ভিন্নতা রয়েছে?
এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের কোরআন, হাদিস, সাহাবায়ে কেরামের বক্তব্য, তাবেয়িদের আমল এবং ফুকাহায়ে কেরামের ব্যাখ্যার দিকে দৃষ্টি দিতে হবে। কারণ ইসলামের বিধান শুধু একটি দলিলের উপর নির্ভরশীল নয়; বরং কোরআন, সুন্নাহ, সাহাবিদের ব্যাখ্যা ও উম্মাহর গ্রহণযোগ্য ইজতিহাদের সমন্বয়ে শরিয়তের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ পায়।
নামাজের মৌলিক কাঠামো সবার জন্য এক : রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,‘তোমরা নামাজ আদায় কর, যেমন আমাকে নামাজ আদায় করতে দেখ।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৩১)
এই হাদিসের আলোকে সকল আলেম একমত যে নামাজের ফরজ, ওয়াজিব, রুকন এবং মৌলিক কাঠামো নারী-পুরুষ উভয়ের জন্য একই। তাকবিরে তাহরিমা, কিয়াম, কিরাত, রুকু, সিজদা, দুই সিজদার মাঝখানে বসা এবং সালাম—এসব মৌলিক বিষয়ের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তবে নামাজের ভঙ্গি বা সিফাতের কিছু সূক্ষ্ম বিষয়ে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে।
নারীর জন্য সংযম ও পর্দার নীতি : মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘তোমরা তোমাদের ঘরে অবস্থান কর।’ (সুরা : আহজাব, আয়াত : ৩৩)
মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে এ আয়াত নারীর জন্য লজ্জাশীলতা, সংযম, পর্দা ও আত্মগোপনের একটি মৌলিক নীতি শিক্ষা দেয়। (তাফসিরে ইবনে কাসির)
ফুকাহায়ে কেরামের মতে, এই নীতির প্রভাব নামাজের ভঙ্গিতেও প্রতিফলিত হয়েছে। অর্থাৎ নারীর নামাজ এমনভাবে আদায় করা উত্তম, যাতে তার শরীর অধিক সঙ্কুচিত ও আচ্ছাদিত থাকে এবং সতর রক্ষার বিষয়টি আরও সুদৃঢ় হয়। নারীর নামাজে সঙ্কুচিত থাকার বিষয়ে সাহাবায়ে কেরাম থেকে একাধিক বর্ণনা পাওয়া যায়। হজরত আলী (রা.) বলেন, ‘মহিলা যখন সিজদা করবে, তখন নিজেকে গুটিয়ে রাখবে এবং উরু একত্রে মিলিয়ে রাখবে।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ২৭৯৪)
হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘মহিলা যখন নামাজে বসবে, তখন এক উরুকে অপর উরুর সঙ্গে মিলিয়ে বসবে এবং সিজদায় নিজের পেট উরুর সঙ্গে মিলিয়ে রাখবে।’ (সুনানে বায়হাকি)
এসব বক্তব্য থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম নারীদের জন্য নামাজে অধিক সংযত ও সঙ্কুচিত ভঙ্গিকে পছন্দ করতেন।
সাহাবীদের পরবর্তী প্রজন্ম তথা তাবেয়িরাও একই মত পোষণ করেছেন। প্রখ্যাত তাবেয়ি ইবরাহিম নাখাঈ (রহ.) বলেন, মহিলা রুকু ও সিজদায় নিজেকে গুটিয়ে রাখবে।’(মুসান্নাফে ইবনে আবি শাইবা)
ইমাম হাসান বসরী (রহ.) বলেন, নারী নামাজে সঙ্কুচিত থাকবে।’ (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস : ৫০৭৮) এ থেকে স্পষ্ট হয় যে তাবেয়িদের যুগেও নারীর নামাজে সংযম ও আত্মগোপনের নীতি সুপরিচিত ও প্রচলিত ছিল।
সাহাবি ও তাবেয়িদের এসব বর্ণনার আলোকে হানাফি মাজহাবের ফুকাহায়ে কেরাম নারীর নামাজের কিছু বিশেষ ভঙ্গি নির্ধারণ করেছেন। তা হলো- ‘নারীর সিজদা পুরুষের সিজদা থেকে ভিন্ন হবে।’ আরো আছে, ‘নারীর জন্য নামাজে সঙ্কুচিত হওয়া উত্তম; কারণ এতে অধিক সতর রক্ষা হয়।’ (বাদায়েউস সানায়ে, খণ্ড : ১, পৃষ্ঠা : ৫০৪, হিদায়া, খণ্ড : ১, পৃষ্ঠা : ৫৩, আল-মাবসুত, খণ্ড : ১, পৃষ্ঠা : ২৩)
অর্থাৎ হানাফী ফিকহে এ পার্থক্যের মূল ভিত্তি হলো সতর সংরক্ষণ, লজ্জাশীলতা এবং অধিক পর্দা নিশ্চিত করা।
হানাফি মাজহাব অনুযায়ী নারীর নামাজের প্রধান ভিন্নতাসমূহ
১. তাকবিরে তাহরিমার সময় মহিলা কাঁধ পর্যন্ত হাত তোলবে।
২. দাঁড়ানো অবস্থায় মহিলা বুকের উপর হাত বাঁধবে।
৩. রুকুর সময় পুরুষের মতো শরীর বেশি প্রসারিত না করে নিজেকে গুটিয়ে রেখে রুকু করবে।
৪. সিজদার সময় পেট উরুর সঙ্গে এবং বাহু শরীরের সঙ্গে মিলিয়ে রাখবে।
৫. বসা অবস্থায় দুই পা ডান দিকে বের করে (তাওয়াররুক সদৃশ ভঙ্গি) বসবে। (আল-ফাতাওয়াল হিন্দিয়া, খণ্ড : ১, পৃষ্ঠা : ৭৩, রদ্দুল মুহতার, খণ্ড : ১, পৃষ্ঠা : ৫০৪)
এখানে দু্ইটি বিষয় লক্ষ্যনীয়
এক. ইসলামী ফিকহের বহু মাসআলা সরাসরি মারফু হাদিসে উল্লেখ না থাকলেও সাহাবিদের ফতোয়া ও আমলের মাধ্যমে সেগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রসজ্ঞে ইমাম তিরমিজি (রহ.) উল্লেখ করেন, ‘আহলে ইলম অনেক সময় সাহাবীদের আমল ও বক্তব্য গ্রহণ করেন।’ অতএব সাহাবায়ে কেরামের ব্যাখ্যা ও আমল ইসলামী ফিকহে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত।
দুই. রাসুলুল্লাহ (সা.) যে বলেছেন, ‘তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখ, সেভাবেই নামাজ পড়ো’ এই হাদিসের ব্যাখ্যা হলো, এই হাদিস নামাজের মৌলিক পদ্ধতি ও কাঠামোর নির্দেশনা প্রদান করে। তবে শরিয়তে এমন বহু বিধান রয়েছে যেখানে মূল ইবাদত এক হলেও নারী-পুরুষের বাস্তব প্রয়োগে কিছু পার্থক্য রাখা হয়েছে। যেমন— সতরের বিধান, জামাতে দাঁড়ানোর স্থান, জুমার নামাজের হুকুম ও ঈদের জামাতে অংশগ্রহণের বিধান ইত্যাদি। এসব ক্ষেত্রে মূল ইবাদত এক হলেও নারী-পুরুষের জন্য কিছু পৃথক নির্দেশনা রয়েছে।
ইসলামের দৃষ্টিতে নামাজের মূল কাঠামো, ফরজ, রুকন ও মৌলিক বিধান নারী-পুরুষ উভয়ের জন্য অভিন্ন। তবে হানাফি মাজহাবের বিশ্লেষণ অনুযায়ী নারীর জন্য অধিক পর্দা, লজ্জাশীলতা ও সতর সংরক্ষণের উদ্দেশ্যে নামাজের কিছু ভঙ্গিতে বিশেষত্ব নির্ধারণ করা হয়েছে। এই মতামতের ভিত্তি শুধু পরবর্তী ফকিহদের ব্যক্তিগত অভিমত নয়; বরং সাহাবায়ে কেরামের বক্তব্য, তাবেয়িদের আমল এবং যুগে যুগে স্বীকৃত ফুকাহায়ে কেরামের ইজতিহাদের উপর প্রতিষ্ঠিত। তাই এ বিষয়ে প্রাজ্ঞ উলামায়ে কেরামের গ্রহণযোগ্য ব্যাখ্যাকে মানা জরুরি ।
লেখক : ফাযেল, জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা।