সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা বাংলাদেশি গ্র্যাজুয়েটদের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সদ্য পিএইচডি ডিগ্রি সম্পন্নকারী ড. মাওলানা আবদুস সালাম রিয়াদিকে সম্মাননা পদক দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর এসকেএস টাওয়ারে এ প্রীতি সম্মেলনের আয়োজন করে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, বাংলাদেশ।
সমিতির সভাপতি ড. মুহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে প্রীতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত খালেদ বিন সাঈদ আলে হাদাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সৌদি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সেক্রেটারি ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সৌদি আরব থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা ব্যক্তিবর্গ, ইসলামী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছর এ সংগঠনের পক্ষ থেকে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা ৩৪ জনকে সম্মাননা পদক দেওয়া হয়েছে। এ সময় শায়খ ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-কে মরণোত্তর সম্মাননা পদক দেওয়া হয়েছে। তিনি সৌদি আরবের ১৯৯৮ সালে ইমাম মুহাম্মাদ বিন সাউদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর পক্ষ থেকে সম্মাননা পদক গ্রহণ করেন তাঁর ছেলে শায়খ উসামা খন্দকার।
উল্লেখ্য, সৌদি ইউনিভার্সিটিস অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (এসইউএএবি) বা সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, বাংলাদেশ হলো সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা বাংলাদেশি গ্র্যাজুয়েটদের একটি সংগঠন। এর মূল উদ্দেশ্য হলো, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, নেটওয়ার্কিং ও সৌহার্দ্যবোধ তৈরি করা। এই সমিতির উদ্যোগে প্রতিবছর সেমিনার, আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ড. মাওলানা আব্দুস সালাম রিয়াদি ১৯৯৬ সালে দেশের অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার উদ্দেশে সৌদি আরব গিয়ে বিশ্বখ্যাত কিং সাউদ ইউনিভার্সিটি থেকে ২০০২ সালে আরবি ভাষার ওপর উচ্চতর ডিপ্লোমা এবং ২০০৭ সালে অনার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে দেশে ফিরে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে স্বর্ণপদক পেয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
অতঃপর দীর্ঘ গবেষণার পর ২০২৫ সালে ড. মাওলানা আব্দুস সালাম কিং সাউদ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর পিএইচডি গবেষণার শিরোনাম ছিল- ‘বাংলাদেশে হাদিস চর্চা ও মুহাদ্দিসগণ : একটি অন্বেষণ ও বিশ্লেষণধর্মী গবেষণা’।
দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ড. মাওলানা আবদুস সালাম রিয়াদি বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি আল-জামিয়া আল-ইমদাদিয়া আযিযুল উলুম পোকখালি কক্সবাজার মাদরাসায় কয়েক বছর শিক্ষকতা করেন। পরে সৌদি আরব যাওয়ার পর তিনি রিয়াদের দাওয়াহ ও গাইডনেস সেন্টারে শিক্ষক ও দাঈ হিসেবে দায়িত্ব পালন করেন।
দেশে ফিরে তিনি চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি এবং দারুল ইহসান ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়াতে তিনি মুফতি ও মুহাদ্দিস হিসেবে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি জামিয়াতুশ শায়খ জমির উদ্দীন আল-ইসলামিয়ার শরিয়াহ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. মাওলানা আবদুস সালাম রিয়াদি আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনারে অতিথি হিসেবে তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেছেন। তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। বাংলা ও আরবিতে তার কয়েকটি বইও প্রকাশিত হয়েছে।




